কলকাতা ফুটবল লিগ ট্রফি
অলস্পোর্ট ডেস্ক শতাব্দী প্রাচীন কলকাতা ফুটবল লিগ-এ এই প্রথমবার রানিং ট্রফি চালু হল। যে কোনও টুর্নামেন্টের ট্রফি তার পরিচয় বহন করে। এ বছর থেকে কলকাতা ফুটবল লিগের পরিচয় বহন করবে সুদৃশ্য এই ট্রফিটি। শনিবার আইএফএ অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করা হয়। সাত কেজি ওজনের এই রুপোর ট্রফিটি রাজ্য ফুটবল সংস্থা আইএফএ-কে উপহার দিয়েছে জনপ্রিয় সংস্থা সত্যেন্দ্র ফুড প্রোডাক্টস।
এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি সৌরভ পাল ও স্বরূপ বিশ্বাস-সহ সচিব সুফল রঞ্জন গিরি, রাকেশ ঝাঁ, নজরুল ইসলাম, সত্যেন্দ্র ফুড প্রোডাক্টস এর ডিরেক্টর সিমরান সাহু, ম্যানেজার অর্ণব চক্রবর্তী।
সচিব জানান, যে কোনও টুর্নামেন্টের পরিচয় বহন করে তার ট্রফি। ডুরান্ড, আইএফএ শিল্ডের মতো টুর্নামেন্টের ট্রফি তার ঐতিহ্য বহন করে। কিন্তু এত দিন কলকাতা লিগের কোনও রানিং ট্রফি ছিল না। তিনি আশা প্রকাশ করেন, এই সুদৃশ্য ট্রফিটি কলকাতা লিগের ঐতিহ্য বহন করবে। সত্যেন্দ্র ফুড প্রোডাক্টস এর ডিরেক্টর সিমরান সাহু জানান, কলকাতা ফুটবলের উন্মাদনার সঙ্গে তাঁরা পরিচিত। এই আবেগ, উন্মাদনার সঙ্গে কোনও ভাবে যুক্ত হতে পেরে তাঁরা গর্বিত।
(ছবি ও তথ্য আইএফএ)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
