অলস্পোর্ট ডেস্ক: এর আগে একবারই মাত্র ফিফা বিশ্বকাপ ফুটবলে খেলার সুযোগ পেয়েছিল ভারতের ছেলেরা। সেটা ঘরের মাঠে ২০১৭য়ে ফিফা অনূর্ধ্ব১৭ বিশ্বকাপে। তবে সেই বিশ্বকাপের একটি ম্যাচ জেতা দূরে থাক, হার বাঁচাতে পারেননি ভারতীয় ফুটবলাররা। সেখানে এবার প্রথম কোনও বিশ্বকাপ ফুটবলের খেলায় জয় পেল ভারতের ছেলেরা। আজারবাইজানের বাকুতে হভসন কম্পিটিশন কমপ্লেক্সের মাঠে শনিবার ফিফা অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ ও ফেস্টিভাল আজারবাইজান ২০২৬য়ের গ্রুপ কে-র প্রথম ম্যাচে লাওসকে ৪-২ গোলে হারিয়ে নজির গড়েছে ভারতীয় ফুটবলাররা।
ভারতীয় দলের অধিনায়ক ম্যাকডোনিস এনগাইরানবাম ৭ ও আর লালরেমরুয়াতফেলা ১১ মিনিটে গোল করে ভারতীয় দলকে এগিয়ে দিয়েছিল। তবে ১২ মিনিটে আনাভিন জায়াসোন গোল করে ব্যবধান কমায় লাওসের পক্ষে। বিরতির পর ২৪ মিনিটে সমতা ফেরায় সুখসাভান সিসিসেঙ্গ। গোল হজমের পর তেড়েফুঁড়ে খেলে ৩১ মিনিটে লালরেনরুয়াতফেলা ও ৩৩ মিনিটে সৌম্যজিত সরকারের করা গোলে জয় ছিনিয়ে নিয়ে ৩ পয়েন্ট পকেটে পোরে ভারত।
এই টুর্নামেন্টে ১৮৯ টা দেশ খেলছে। ৩২টি গ্রুপে ভাগ করে। প্রতি দলে ৮ জন করে ফুটবলার খেলার সুযোগ পাচ্ছে ২০ মিনিটের দুটি অর্ধের ম্যাচে। পরিবর্তন যত খুশি করা যেতে পারে।
বিবিয়ানো ফার্নান্ডেজের কোচিংয়ে ভারত শুরুটা ভালই করল। প্রথম ৪ মিনিটের মধ্যে ২টি ওপেন চান্স পেয়েছিল ভারত। দীপক সিং আব্রাহামের জোরালো শট লাওস গোলকিপার আনুসিথ সুকসাভান তিন মিনিটের মাথায় বাঁচিয়ে দেয়। এক মিনিট বাদে ম্যাকডোনিসের প্রচেষ্টা রোখে লাওস গোলকিপার। তবে ৭ মিনিটে দীপকের দুরন্ত স্কিলের কাছে হার মানে লাওস। তার বাড়ানো বল গোলে ঠেলে ম্যাকডোনিস ভারতকে এগিয়ে দেয়। ১১ মিনিটে দীপকের শট লাওসের ডিফেন্ডার আংশিক প্রতিহত করলে আলগা বল লালরমরুয়াতফেলার কাছে এলে, সে বাঁপায়ের টাচে ভারতের দ্বিতীয় গোল করে।
লাওস এরপর খেলায় ফেরে ২ গোল করে। তবে ভারতের ফুটবলাররা দ্রুত নিজেদের ছন্দ ফিরে পায়। ৩১ মিনিটে সৌম্যজিত সরকারের পাস থেকে লালরেমরুয়াতফেলা গোল করে ভারতকে আবার এগিয়ে দেয়(৩-২)। ৩৩ মিনিটে মাঝমাঠের জায়গা থেকে দুরন্ত শটে লাওস গোলকিপারকে হার মানিয়ে ভারতের জয় নিশ্চিত করে সৌম্যজিত সরকার।
ভারতের পরের ম্যাচে প্রতিপক্ষ ক্যামেরুন। রবিবার ভারতীয় সময় সকাল সাড়ে ১০টায়। রবিবারই গ্রেনাডার মুখোমুখি হবে বিকেল ৫টা ১৫ মিনিটে। সোমবার গ্রুপের শেষ ২টি ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাহরিন ও সেনেগাল। এই ৫ ম্যাচের ফলের ওপর নির্ভর করছে পরের কোন ধাপে খেলার যোগ্যতার্জন করবে ভারত।
ভারত অনূর্ধ্ব দলে শুরু করা প্রথম ৮ ফুটবলার: জেনিথ নিংথৌজাম, প্রথম কুমার, নারা মিতেই লুসামবাম, সৌম্যজিত সরকার, আর লালরেমরুয়াতফেলা, ম্যাতডোনিস এনগাইরাংবাম, সি লালমিনগ্রুপুইয়া, দীপক সিং আব্রাহাম।
পরিবর্ত ফুটবলার: ধন্য দেশাই, মহম্মদ সোহিল খান, বিরজিত সিং আমন, নিবাস মিতেই ওয়াহেনবাম, ভিক্টর লালমপুইয়া, রোনাদেভ আহেইবাম।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
