Cart Total Items (0)

Cart

All Sports India
এআইএফএফ

অলস্পোর্ট ডেস্ক:‌ সুর পাল্টে ফেলে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর পাশে দাঁড়িয়ে পড়ল এএফসি। এর আগে বিশ্বকাপ সহ বিভিন্ন ফিফা টুর্নামেন্টের বানিজ্যিক স্বত্ত্ব বিক্রির পরিকল্পনার ঘোর বিরোধ করা উয়েফা ও অন্যান্য ফুটবল সংস্থার সঙ্গে একযোগে সমর্থন জানিয়েছিল এএফসি। এএফসিও ইনফান্তিনোর পুনরায় সভাপতি পদে নির্বাচনের বিরোধিতা করেছিল। কিন্তু শুক্রবার এএফসির প্রধান শেখ সলমন বিন ইব্রাহিম আল খলিফা জানান, তাঁরা ফিফা সভাপতি পদে ইনফান্তিনোরর পুনর্নিবার্চনের পক্ষে সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

এই নতুন পরিস্থিতি তৈরি হয়েছে ইনফান্তিনো চলতি মাসে ফিফা কাউন্সিল মিটিংয়ে তাঁর বানিজ্যিক স্বত্ত্ব বিক্রির পরিকল্পনা ও পদ্ধতিতে ত্রুটি থাকার জন্য ভুল স্বীকার করে ফিফা অন্তর্ভুক্ত সদস্য সংস্থার কাছে ক্ষমা চাওয়ায়। ইনফান্তিনো আগেই ঝামেলা এড়াতে বানিজ্যিক স্বত্ত্ব বিক্রির পরিকল্পনা বাতিল করে দেন। ফিফা কাউন্সিলে নিজের ভুল স্বীকার করে নিয়ে ইনফান্তিনো বলেন, তাঁর প্রশাসনিক পদ্ধতি নিয়ে কারও কিছু বলার থাকলে, তা লিখিতভাব দিতে পারেন। তিনি সেই প্রশ্নের উত্তর দিতে তৈরি।

টোকিওতে এএফসির এক্সট্রাঅর্ডিনারি কংগ্রেসে উপস্থিত ইনফান্তিনোর উদ্দেশ্যে শেখ সলসন বলেন, ‘‌ আমরা আপনার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি, যাতে চতুর্থবারের জন্য আপনি ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচিত হন। আপনি এশিয়ার অনেক দেশে ঘুরেছেন। আমি নিজেও এই মহাদেশের অনেক সদস্য সংস্থার প্রধানদের সঙ্গে কথা বলেছি। আমি আপনার অনুভূতি বুঝি। আপনার কমিটমেন্ট খুব পরিষ্কার। তাই আপনাকে সমর্থন না করার কোনও কারণ দেখছি না। আপনার সঙ্গে কাজ করলে এএফসি অন্তভুক্ত সদস্য দেশের উপকারই হবে।’‌

মার্চে ফিফা সভাপতি পদের নির্বাচন হবে। সবকিছু ঠিকঠাক থাকলে জিয়ানি ইনফান্তিনোর চতুর্থবার নির্বাচিত হয়ে ২০৩১ পর্যন্ত পদে থাকা পাকা। ফিফা কার্যকরী কমিটির বর্তমান সদস্যরা নির্বাচিত হয়েছিলেন ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত সময়ের জন্য। তাঁদের সেই মেয়াদ ২০২৭য়ের শেষপর্যন্তই থাকছে।

ফিফা সভাপতি ইনফান্তনোর পাশে এএফসি দাঁড়িয়ে গেলেও, ভারতীয় ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কল্যান চৌবের সমর্থনে ভারতের বিভিন্ন রাজ্য ফুটবল সংস্থার কতজন আছে, সেটা স্পষ্ট নয়। যতই কল্যান চৌবে ভারতে ব্রাজিল, উরুগুয়ে , পানামা ম্যাচ করিয়ে নিজের ইমেজ পুনরুদ্ধার করার উদ্যোগ নিন না কেন, ও রাজনৈতিক সমর্থনের ভরসা করুন, তাঁর পক্ষে আরও একটা টার্ম এআইএফএফ সভাপতি পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ কল্যানের কাজে একবারেই সন্তুষ্ট নন এদেশের ফুটবলপ্রেমীরা।মাঝে একবার কল্যানের গদি টলমল হয়েছিল। ফিফার হস্তক্ষেপে সেই মুহূর্তে নিজের আসন বাঁচিয়ে ফেলেন কল্যান। নিয়মমাফিক চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত কল্যান চৌবে ও বর্তমান কমিটির মেয়াদ ছিল। তারমধ্যে নির্বাচন করতেই হত। কিন্তু কেন্দ্রীয় সরকার ও ক্রীড়ামন্ত্রকের নতুন জাতীয় ক্রীড়ানীতি বলবত হতে দেরি হওয়ায় কল্যান বাড়তি কিছুটা সময় পেয়েছেন সভাপতি পদে থাকার। তিনি ফিফার কাছ থেকে অনুমতি আদায় করে নিয়েছেন চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত এআইএফএফ সভাপতি সহ অন্যান্য পদে নির্বাচনের জন্য। এখন দেখার কল্যান তাঁর গদি বাঁচাতে পারেন কিনা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...