Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ সঞ্জু স্যামসনের ঝোড়ো অর্ধশতরান, শ্রেয়স আইয়ার ও নমন ধীরের ততোধিক দ্রুত রান তোলার সুবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওভালের মাঠে প্রথম টি২০ ক্রিকেট ম্যাচে ৪ উইকেটের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে ভারত। এই জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে ১-‌০ এগিয়ে গেল ভারত। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ২২৫ রান তোলে। ভারতের সামনে জয়ের জন্য রেকর্ড রান ২২৬ তাড়া করার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল তারা। ২ বল বাকি থাকতে ভারতীয় ব্যাটাররা ৬ উইকেট খুইয়ে ২৩০ রান তুলে ম্যাচ জিতে নেয়।

নিউজিল্যান্ড শুরুতে ব্যাট করে ৪ উইকেটে ২২৫ রান তোলে। ভারতীয় অধিনায়ক শ্রেয়স আইয়ার টসে জিতে ফিল্ডিং নেন। টিম শেফার্টের(‌২৪)‌ সঙ্গে জুটি বেঁধে ফিন অ্যালেন ২৪ বলে ৪৫ রান করে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের শুরুর ছন্দটা বাড়িয়ে দেন। মায়াঙ্ক যাদব ও অক্ষর প্যাটেল উইকেট নিয়ে মাঝের ওভারে নিউজিল্যান্ডের রান ওঠার গতিতে সাময়িক রাশ টেনেছিলেন। কিন্তু গ্লেন ফিলিপসের বিধ্বংসী ব্যাটিং নিউজিল্যান্ড ইনিংসকে ভাল জায়গায় পোঁছে দেয়। গ্লেন ৪০ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন। যাতে ছিল ৩ টি ওভার বাউন্ডারি ও ৮ টি বাউন্ডারি। ড্যারেল মিচেলের (‌ ১৯ বলে ২৮ রান)‌ সঙ্গে গ্লেন জুটি বেঁধে ২২০ রানের গন্ডি পেরিয়ে যান। উল্লেখযোগ্য রান পান জ্যাকবসও (‌ ১৬ বলে ৩১)‌।

২২৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরু থেকেই চালিয়ে রান তোলার গতি ঠিক রাখেন সঞ্জু স্যামসন। ৩৩ বলে ৬৭ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। স্যামসন ও অভিষেক শর্মা প্রথম ৪ ওভারে ৬৮ রান যোগ করে জয়ের ভিতটা গড়ে দেন। তবে নিউজিল্যান্ড স্পিনার মাইকেল ব্রেসওয়েল অভিষেক শর্মাকে(২৯)‌ আউট করার পর নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারের বলে সঞ্জু ও ইশান কিষাণ প্যাভিলিয়ানে ফিরে গেলে ভারত কিছুটা সমস্যায় পড়েছিল। তিলক ভার্মাও ৬ রান করে আউট হন। একটা সময় বিনা উইকেটে ৯৩ রান তোলার পর ভারতের রান হঠাৎই দাঁড়িয়ে যায় ১২২-‌৪।

যখন মনে হচ্ছিল, রান রেট আয়ত্তের বাইরে চলে যাচ্ছে ভারতের, ঠিক তখনই শ্রেয়স আইয়ার (‌২৮ বলে ৪২)‌ ও অক্ষর প্যাটেল (‌ ১৪ বলে ২৪)‌ ব্যাটে ঝড় তুলে ভারতকে জয়ের রাস্তায় ফিরিয়ে আনেন। ম্যাট হেনরির ১৪তম ওভারে ২০ রান তুলে। ১৯তম ওভারের প্রথম বলে শ্রেয়স আইয়ার আউট হলে পাল্লাটা আবার নিউজিল্যান্ডের দিকে ঝুঁকেছিল। নমন ধীর ক্রিজে এসে ১৫ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলে ২ বল বাকি থাকতেই ভারতকে ঐতিহাসিক জয় এনে দেন। শেষ ৪ বলে ৩ রান দরকার ছিল। নিউজিল্যান্ড বোলার হেনরিকে ডিপ ফাইন লেগের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে ২৩০ রানে ভারতকে পৌঁছে দিয়ে সিরিজে ১-‌০ এগিয়ে দেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...