Cart Total Items (0)

Cart

All Sports India

 

অলস্পোর্ট ডেস্ক:‌ হরমনপ্রীত সিংয়ের হ্যাটট্রিকের সুবাদে জলন্ধরের মাঠে ২০২৬ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মালয়েশিয়াকে ৪-‌২ গোলে হারিয়েছে ভারতীয় হকি দল। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৪ ম্যাচে শুধু অপরাজিতই নয়, সবকটি ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে শেষ করেছে ভারত। পরপর তিন ম্যাচ জিতে আগেই সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করে ফেলেছিলেন হরমনপ্রীতরা।

গত মাসে আইচি-‌নাগোয়া এশিয়ান গেমসের ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। মালয়েশিয়াকে ৫-‌১ গোলে হারিয়ে সোনা জিতেছিলেন হরমনপ্রীত, জার্মানপ্রীতরা। রবিবার জলন্ধরের টার্ফে এশিয়ান গেমসের ছন্দ ধরে রেখে মালয়েশিয়ার বিরুদ্ধে তিন মিনিটের মাথায় পাওয়ারফুল ড্র‌্যাগফ্লিকে হরমনপ্রীত গোল করে ভারতকে এগিয়ে দেন।

দ্বিতীয় কোয়ার্টারে মালয়েশিয়া আক্রমণের ঝাঁজ বাড়িয়ে অনেকগুলি পেনাল্টি কর্নার আদায় করেছিল। তবে ভারতের কিষাণ বাহাদুর পাঠকের দুরন্ত সেভের কারণে তারা গোল পায়নি। হরমনপ্রীত ভারতের ও নিজের দ্বিতীয় গোল পেয়ে যেতেন দ্বিতীয় কোয়ার্টারের মাঝামাঝি, তাঁর ড্র‌্যাগফ্লিক ক্রশবারে না লাগলে। ২৫ মিনিটে মালয়েশিয়া সমতা ফেরানোর গোল পায়। ফৈয়াজ জলি জোরালো শট পাঠিয়েছিলেন ভারতীয় দলের ডি বক্সে। সেই বল ধরেন ফৈজাল সারি। তাঁর পাস থেকে গোল করেন আকিমুল্লা আনাউর।

দু’‌মিনিট বাদেই ভারত এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। হার্দিক বল দিয়েছিলেন ফাঁকায় দাঁড়ানো মনদীপকে লক্ষ্য করে। কিন্তু গোলের একগজ দূর থেকেও সেই বল ধরতে পারেননি তিনি। বল তাঁর পায়ের তলা দিয়ে বেরিয়ে যায়। ভারত আবার এগিয়ে যায় দ্বিতীয়ার্ধের শুরুতে। হরমনপ্রীতের ড্র‌্যাগফ্লিক মালয়েশিয়ার মারহান জলিলের স্টিক ছুঁয়ে গড়িয়ে গোলে ঢোকে।

মনদীপকে বিশ্রিভাবে ট্যাকল করায় মালয়েশিয়ার ফৈয়জ জলিকে হলুদ দেখে মাঠের বাইরে যেতে হয়েছিল। বাড়তি একজন নিয়ে খেলার সুবিধা কাজে লাগিয়ে ভারত তৃতীয় গোল করে ৩-‌১ গোলের লিড গড়ে নেয়। মুভ শুরু হয়েছিল হার্দিক থেকে। মাঝমাঠে বল ধরে সুখজিত সিংকে বাড়িয়েছিলেন তিনি। সুখজিত সেই বল নিয়ে দ্রুত গতিতে ডি বক্সে ঢুকে তীব্র গতির রিভার্স ফ্লিক নিলে, তা মালয়েশিয়া গোলকিপার হাফিজুদ্দিন ওথম্যানকে নড়ার সুযোগ না দিয়ে নেটের ভেতরে ওপর দিকে লাগে।

খেলা শেষ হওয়ার ২ মিনিট আগে ভারত চতুর্থ গোল পায়। হরমনপ্রীত পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে নিজের হ্যাটট্রিক সারেন। এটা প্রতিযোগিতায় হরমনপ্রীতের আট নম্বর গোল। ম্যাচে শেষের হুটার বাজতে ১ মিনিট বাকি থাকতে মালয়েশিয়া একটি সান্ত্বনা গোল করে হারের ব্যবধান কমায়। মারহান ও আইম্যানের স্টিক ঘুরে আসা বল গোলে পাঠিয়ে ৪-‌২ করন শেলো।

সোমবার ভারত গ্রুপের শেষ ম্যাচ খেলবে কোরিয়ার বিরুদ্ধে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...