Cart Total Items (0)

Cart

All Sports India
এআইএফএফ

‌অলস্পোর্ট ডেস্ক:‌ ফেডারশনের ভিতরে অনেকদিন ধরেই কোনঠাসা এআইএফএফ সভাপতি কল্যান চৌবে। তাঁর প্রশাসনিক কাজকর্মে অখুশি কার্যকরী কমিটির অধিকাংশ সদস্যই। ২০ ডিসেম্বর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন। তাতে ফেডারেশন সভাপতি পদে কল্যানের পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনা ক্ষীণ। যদি না কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক হাতের আশীর্বাদ তাঁর মাথায় ঝরে পড়ে।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ইলেক্টোরাল অফিসারের তরফে ২০ ডিসেম্বরের কার্যকরী কমিটির নির্বাচনের একটি ড্রাফ্ট ইলেক্টোরাল কলেজ বা তালিকা প্রকাশ করা হয়েছে, যাতে ফেডারেশনের অনুমোদিত রাজ্য সংস্থার প্রতিনিধিদের নাম রয়েছে। এঁরা ফেডারশনর নির্বাচনে অংশ নিতে পারবেন। এই তালিকায় কোনও রাজ্য সংস্থার থেকেই কল্যান চৌবের নাম পাঠানো হয়নি প্রথমে। অন্তত প্রাথমিক তালিকায় নেই কল্যানর নাম। তাতে একটা বার্তাই যায়, কল্যান ফেডারেশন নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাঁর আর পুনর্বার সভাপতি নির্বাচিত হওয়া সম্ভব নয়।

কিন্তু একটা নতুন ডেভেলপমেন্টের কথা জানা গেছে। কল্যান সহজে গদি ছাড়তে নারাজ। তিনি বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী মনোভাব নিয়ে লড়াইয়ের ময়দান ত্যাগ করছেন না বলেই খবর। ড্রাফ্ট ইলেকটোরালে দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে দুটি নাম দেওয়া হয়েছিল ১৪ নভেম্বর সংস্থার নির্বাচনের আগে। সেই দুটি নাম হল, আলতামাশ শেখ ও ওয়াল্টার এডুয়ার্ড পেরিরা। নতুন যে ডেভেলপমেন্ট হয়েছে বলে শোনা যাচ্ছে, সেটা হল ওপরের ফুটবল সংস্থার নির্বাচন ১৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার পর নতুন নাম পাঠানো হয়েছে। সেই নতুন নামের মধ্যে কল্যান চৌবের নাম রয়েছে বলেই খবর। আর সেটা যদি হয়, তাহলে ওই ফুটবল সংস্থার একজন প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিতে কল্যানের বাধা নেই। অবশ্য ওই ফুটবল সংস্থার নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠলে ও ফেডারেশনের ইলেক্টোরালের স্ক্রুটিনির বাধা টপকাতে না পারলে কল্যানের নাম কাটা পড়বে তালিকা থেকে।

তবে নির্বাচনে অংশ নিলেও কল্যান বাকি রাজ্য সংস্থার প্রতিনিধিদের সমর্থন কতটা পাবেন বলা শক্ত। প্রাক্তন ফেডারেশন সভাপতি প্রফুল প্যাটেল ও অরবিন্দ মেনন জোট বেঁধেছেন কল্যানের অপসারণ ঘটাতে। প্রফুল তো ভোলেননি কীভাবে অপদস্থ হয়ে তাঁকে সরতে হয়েছিল।

অথচ ৪ বছর আগে রাজ্য ফুটবল সংস্থার প্রতিনিধিদের ভোটে জিতেই সভাপতি পদে বসেছিলেন কল্যান, আর এক হেভিওয়েট প্রার্থী বাইচুং ভুটিয়াকে হারিয়ে। দীর্ঘদিন সভাপতির পদ আঁকড়ে বসে থাকার কারণে প্রফুল প্যাটেল ফেডারেশনের অন্দরমহলে জনপ্রিয়তা হারিয়েছিলেন। বিষয়টি আদালতে গড়িয়েছিল। তা নিয়ে অনেক জলঘোলা হয়। ফিফার সাময়িক নির্বাসনের মুখে পড়েছিল ভারত। শেষপর্যন্ত অবশ্য কাঠখড় পুড়িয়ে সেই নির্বাসন তুলতে সক্ষম হয়েছিল ফেডারেশন। সেইসময়ের ডামাডোলের সুযোগটা কাজে লাগিয়ে কল্যান নতুন সভাপতি হ‌ন সকলের সর্বসম্মতিক্রমে। কিন্তু যত দিন গেছে কল্যান নানা কারণে নিজের জায়গাটা নড়বড়ে করে ফেলেন ফেডারেশনে। রিলায়েন্স ও এফএসডিএলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার জন্য কল্যানের ভূমিকা তীব্র সমালোচনার মুখে পড়ে। আইএসএল আয়োজন ঘিরে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেটা মিটলেও কল্যানের ওপর অসন্তোষ কারও কমেনি।

বরং সম্প্রতি আরও সেটা বেড়ে যায়, ফেডারেশনের তহবিল ভাঁড়ে মা ভবানী হওয়া সত্ত্বেও পানামা, ব্রাজিল ও উরুগুয়ের সঙ্গে ভারতীয় ফুটবল দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন করে ৪০ কোটি টাকার ওপর দেনার দায় এআইএফএফের ঘাড়ে চাপিয়ে। আর সেই দেনা চোকাতে কার্যকরী কমিটির কাছে ফেডারেশনের ফিক্সড ডিপোজিট ভাঙার অনুমতি চেয়েছিলেন কল্যান। কিন্তু তাঁর সেই প্রচেষ্টা সফল হয়নি। প্রফুল প্যাটেল সহ অধিকাংশ সদস্য কল্যানের ফিক্সড ডিপোজিট ভাঙার প্রস্তাবে সায় না দেওয়ায়। তাঁরা বেশি বিরক্ত হন কল্যান তিনটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পেছনে পুরো খরচের খতিয়ান দিতে না চাওয়ায়। এই দেনা মেটানোর জন্য কিছুটা সময় পাবে ফেডারেশন, তারপর না পারলে ফিফার শাস্তির কবলে পড়বে। কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য কার্যকরী কমিটির সদস্যরা কল্যানকেই মূলত দায়ি করেছেন। তাই বলতে দ্বিধা নেই, যদি কল্যান শেষপর্যন্ত দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেনও, কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক আনুকূল্য ছাড়া কল্যানের পক্ষে নির্বাচন জেতা অসম্ভব।

ড্রাফ্ট ইলেকটোরালে প্রতিটি রাজ্য ফুটবল সংস্থার থেকে দু’‌জন করে প্রতিনিধির নাম যুক্ত হয়েছে। যাদের ইতিমধ্যে রাজ্য সংস্থার নির্বাচন হয়ে গেছে তাদের নাম যেমন আছে, আবার যাদের নির্বাচন এখনও বাকি আছে তাদেরও নাম আছে তালিকায়। ওয়েস্টার্ন ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে সভাপতি পদের অন্যতম প্রার্থী প্রফুল প্যাটেলের নাম আছে। আর আইএফএ থেকে নাম গেছে বর্তমান সচিব অনির্বান দত্ত ও চেয়ারম্যান সুব্রত দত্তর। প্রফুল প্যাটেলের অন্যতম ঘনিষ্ঠ সুব্রত দত্ত, এটা সকলেরই জানা। গত ফেডারেশন নির্বাচনে সুব্রত দত্ত কোনও ভূমিকাই পালন করতে পারেননি প্রফুল নিজেই বেকায়দায় পড়ায়। এবার অবশ্য তিনি প্রফুলের হয়ে কোমর বেঁধে নামবেন, এটা বলাই বাহুল্য, অন্য রাজ্য সংস্থার প্রতিনিধিদের একজোট করে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...