নিউজিল্যান্ড ৩(সুরমান,ম্যাকগারি, উড) ভারত ০
মুনাল চট্টোপাধ্যায়: স্বপ্ন দেখা ভাল, তবে অলীক স্বপ্ন না দেখাই উচিত। কারণ সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয় না। ভারতীয় ফুটবল দলের চিফ কোচ খালিদ জামিল অকল্যান্ডের মাঠে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৫ গোলে হেরেছিলেন। তারপরও খালিদ ক্রাইস্টচার্চের মাঠে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তিনি ভালই জানতেন, নড়বড়ে রক্ষণ নিয়ে ঘুরে দাঁড়ানো দূরে থাক, সম্মান বাঁচানোই কঠিন হয়ে যাবে খেলায় উন্নতি ঘটাতে না পারলে। উন্নতি এটুকুই, প্রথম ম্যাচে ভারত হজম করেছিল ৫ গোল। ক্রাইস্টচার্চের মাঠে ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে খালিদের ফুটবলাররা কম গোল খেলেন, মানে হারলেন ০-৩ গোলে। দু’অর্ধে গোলকিপার বিশাল কাইথ ও ঋত্বিক তিওয়ারি একাধিক দুরন্ত সেভ না করলে হারের লজ্জা আরও বাড়তো। প্রথমার্ধেই ৩ গোল খেয়েছিল ভারত। দ্বিতীয়ার্ধে গোল না খাওয়াটাই একটা বড় প্রাপ্তি ভেবে সন্তুষ্টি বোধ করতে পারে ভারতীয় শিবির।
২২ মিনিটে প্রথম গোল পায় নিউজিল্যান্ড। ম্যাককাওয়াতের কর্নার বক্সের মাঝে পড়ার মুখে গোলকিপার বিশাল কাইথ ফ্লাইট মিস করেন বল দখলের চেষ্টায়। উড়ে আসা বলে সুরমান হেড করলে তা আকাশ মিশ্রর পায়ে লেগে গোলে ঢোকে। নিউজিল্যান্ডের আক্রমণের ঝাঁজ বজায় ছিল। আর তাতেই ৪০ মিনিটে র্যান্ডালের থেকে বল পেয়ে গড়ানো প্লেসিং শটে গোলকিপার বিশাল কাইথকে হার মানান ম্যাকগ্যারি। বিরতির ঠিক আগে ৪৪ মিনিটে গারবেটের থ্রু ধরে ডানপ্রান্ত দিয়ে গতি বাড়িয়ে গোলের ঠিকানা লেখা মাইনাল বক্সে রাখেন র্যান্ডাল। বিনা বাধায় সেই বল ভারতের জালে জড়িয়ে ৩-০ নিউজিল্যান্ডের লেজেন্ডারি স্ট্রাইকার ক্রিস উড। দ্বিতীয়ার্ধে দু’দলই অনেকগুলি বদল করে। আধিপত্য বজায় ছিল নিউজিল্যান্ডেরই। ভাগ্য ভাল ভারত আর গোল খায়নি।
ভারতের কিংবদন্তী ফুটবল কোচ পিকে ব্যানার্জি বলতেন, চচ্চড়ির মশলা দিয়ে বিরিয়ানি রাঁধা সম্ভব নয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা ভারতীয় দল সম্পর্কে পিকে ব্যানার্জির কথাটা পুরোপুরি খেটে গেছে। ভারতীয় দলটা যেন সেই শীর্ণকায় মানুষ, যার শরীরের ওপরটা খানিকটা ঠিকঠাক থাকলেও, পা দুটো লিকলিকে সরু। শরীরের ভার নিতে অক্ষম। আমি এই উপমাটা টেনেছি, ভারতীয় দলের দুর্বল রক্ষণভাগের কথা মাথায় রেখেই। দ্বিতীয় ম্যাচের আগেই ম্যাচ প্রিভিউতে লিখেছিলাম, আনোয়ার, সন্দেশ, বেকে বিহীন নড়বড়ে রক্ষণ নিয়ে ভারতীয় দলের পক্ষে দারুন কিছু করা সম্ভব নয়। পারেওনি ভারত।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ করে। পানামা, ব্রাজিল,উরুগুয়ে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২টি সাক্ষাত মিলিয়ে শেষ ৫ আন্তর্জাতিক ম্যাচে ১৯ গোল হজমের পর ভারতের কোচ খালিদ জামিলের ভাবা দরকার, তাঁর আর জাতীয় দলের দায়িত্বে থাকা উচিত কিনা। কারণ এই ৫ ম্যাচে ও তার আগে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে খালিদের কোচিং পারফরমেন্স অত্যন্ত হতাশাজনক। আইএসএলে ক্লাব কোচিং আর জাতীয় দলের কোচ হিসেবে আন্তর্জাতিক মঞ্চে কাজ করা এক নয়। আর যখন হাতে লড়াই করার মতো রসদ নেই। মিসাইলের যুগে গাদা বন্দুক নিয়ে যুদ্ধের ময়দানে নামলে তো মাথা কাটা পড়বেই।
এটা ছিল নিউজিল্যান্ডের কোচ ড্যারেন বেজলির শেষ ম্যাচ। তিনি ক্রাইস্টচার্চের মাঠে ভারতকে অনায়াস ভঙ্গির ফুটবলে কাবু করে ৩ গোলে জিতে নিউজিল্যান্ড জাতীয় দলের কোচের পদ থেকে স্মরণীয় বিদায় নিলেন। ম্যাচ শেষে বলেও দিলেন, ‘ নিউজিল্যান্ড ফুটবল সঠিক পথেই চলছে। ভারতের বিরুদ্ধে ২টি ম্যাচে দল ৮ গোল করেছে। সবচেয়ে খুশির জায়গা দল গোল হজম করেনি এই দুই ম্যাচে। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশে ৬টি বদল এনেছিলাম নতুনদের সুযোগ দিতে। পরে আরও অনেককেই নামাই তাদের দেখে নিতে, আন্তর্জাতিক ম্যাচের অনুভূতি পাওয়াতে। প্রত্যেকেই নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। ভারতীয় দল দ্বিতীয় ম্যাচে অতিরক্ষণাত্মক ফুটবল খেলায় ও ওদের দুই গোলকিপার অনেকগুলো সেভ করায় গোল সংখ্যা ৩য়ের বেশি বাড়েনি। ভাল লাগছে জিতে নিউজিল্যান্ডের কোচের দায়িত্ব ছাড়তে পেরে। একইসঙ্গে খারাপ লাগছে, এই ফুটবলারদের সঙ্গে দীর্ঘসময় কাটানোর পর সরে যাচ্ছি বলে।’
এই হারের পর খালিদ জামিল কী সাফাই দেন সেটাই এখন জানার অপেক্ষায় আছি। অকল্যান্ডের মাঠে আনোয়ার,আপুইয়ার অভাব মেটাতে পারেননি তিনি, রক্ষণে বিজয় ভার্গিস,পরমবীরদের খেলিয়ে। প্রথম ম্যাচে ৫ গোল হজম করে খালিদ আর তাঁদের ওপর ভরসা রাখতে পারেননি শুরু থেকে খেলানোর। শুধু তাই দ্বিতীয় ম্যাচে মূলত ৫-৪-১ এর অতিরক্ষণাত্মক ছকের ওপর নির্ভর করেন, শুধুমাত্র রায়ান উইলিয়ামসকে সামনে রেখে, গোল খাওয়ার হাত থেকে বাঁচতে। প্রথম একাদশে ৫টি বদল আনেন। কিন্তু পরিবর্ত হিসেবে যাঁদের নামান, তাঁরা এখনও এই ধরনের আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য তৈরি নন শারীরিক, মানসিক ও স্কিলের দিক দিয়ে। ফলে গোল খাওয়া বা হার বাঁচেনি ভারতের। দুই গোলকিপার বিশাল ও ঋত্বিকের কাছে কৃতজ্ঞ থাকবেন কোচ খালিদ আরও বেশি গোল না হজম করায়। ম্যাচের শেষদিকে বদলি হিসেবে নামা বিজয় ভার্গিসের গোললাইন সেভ নিউজিল্যান্ডের গোল বাড়তে দেয়নি। ভাবা যায়, গোটা ম্যাচে নিউজিল্যান্ড গোলকিপারকে একবারও অস্বস্তিতে ফেলতে পারেননি ভারতীয় ফুটবলাররা। পেছন থেকে বল সরবরাহ না থাকায় রায়ানের ভূমিকা ছিল ম্যাচে দর্শকের মতো। পুরো ম্যাচে মেহতাব ও জয় গুপ্তা ছাড়া বাকি পজিশনে ৯টি বদল করে দলের খেলাটাই জগাখিচুড়ি বানিয়ে দেন খালিদ। বোঝাপড়া বলে কিছু ছিল না।
কোচ খালিদ নতুনদের বেশি করে তুলে আনার কথা বলছেন। সুযোগ দেওয়ার যুক্তি দেখাচ্ছেন। কিন্তু তাঁর এটা বোঝা উচিত, এই নতুনদের দেখে নেওয়া বা তৈরি করার প্রাথমিক মঞ্চটা হওয়া উচিত ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, থাইল্যান্ডের মতো দলের বিরুদ্ধে, ব্রাজিল, উরুগুয়ে বা নিউজিল্যান্ডের মতো বিশ্বকাপের প্রথম সারির দলের বিরুদ্ধে পরীক্ষা নিরীক্ষা চলে না। সেটা করলে হারিকিরি হবেই, যেটা ঘটেছে ভারতীয় দলের সঙ্গে শেষ ৪ ম্যাচে। পানামার বিরুদ্ধে ১-১ গোলের লড়াকু ড্র ছাড়া বাকি ম্যাচের প্রাপ্তির নিট ফল শূণ্য।
আগেই বলেছিলাম ইগর স্টিমাচের বিদায়ে ভারতীয় ফুটবলের অন্তর্জলি যাত্রা শুরু হয়ে গিয়েছিল, আর এখন খালিদ জামিল জমানায় ভারতীয় ফুটবলের সলিল সমাধি সম্পূর্ণ। এখান থেকে ডুবে যাওয়া দলটাকে টেনে তোলা কোনও ম্যাজিসিয়ান ছাড়া আর কারও কম্ম নয়।
ভারত: বিশাল(ঋত্বিক), অভিষেক(বিজয়), মেহতাব, আকাশ(পরমবীর), জয়, রোশন(ডেভিড), সানান(সুহেল), অনিরুদ্ধ(তোমবা), আশিক(লিস্টন), মনবীর(নামতে), রায়ান(ফানাই)।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
