Cart Total Items (0)

Cart

All Sports India

মুনাল চট্টোপাধ্যায়:‌ অকল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ০-‌৫ গোলে হেরেছে ভারতীয় ফুটবল দল। ওই ম্যাচে গোলকিপার বিশাল কাইথ পেনাল্টি সহ একাধিক গোল না বাঁচালে, ভারতীয় দলের হারের লজ্জা আরও বাড়ত। রবিবার সকালে ভারতীয় সময় ৮টা ৪০ মিনিটে ক্রাইস্টচার্চের ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়ামে দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ভারতীয় দল অনিরুদ্ধ থাপার নেতৃত্বে। ভারতীয় দলের চিফ কোচ খালিদ জামিল ও অধিনায়ক অনিরুদ্ধ থাপা চান প্রথম ম্যাচের হার ভুলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে।

ক্রাইস্টচার্চের এই মাঠে প্রথমবার কোনও আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলা হবে। ২৫ হাজার দর্শকাসন বিশিষ্ট এই স্টেডিয়ামটির ছাদ পুরো ঢাকা। মাল্টিপারপাস এই স্টেডিয়ামটির উদ্বোধন হয়েছে চলতি বছরের মার্চে। সেখানে ভারতীয় ফুটবল দল প্রথম ম্যাচের হারের হ্যাংওভার কাটিয়ে কতটা ভাল ফুটবল খেলতে পারে সেটাই এখন দেখার।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৮৮ নম্বরে থাকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলের খেলায় ভারতীয় কোচ খালিদ জামিল এমন কিছু দেখাতে পারেননি, যাতে খুব আশাবাদী হওয়া চলে দ্বিতীয় ম্যাচের আগে। একটা সময় আইএসএলে ক্লাব কোচের ভূমিকায় খালিদের রক্ষণ জমাট করা ফুটবল আলোচনার বিষয় ছিল। প্রশংসাও কুড়োতেন তিনি। কিন্তু এশিয়ান কাপ কোয়ালিফায়ারের শেষদিককার, পানামা, ব্রাজিল, উরুগুয়ে ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খালিদের হঠাৎই আগাগোড়া আক্রমণাত্মক খেলার কৌশল নেওয়ার কারণটা ঠিক বোঝা যায়নি। এটা ঠিক, আধুনিক ফুটবলে অতিরক্ষণাত্মক ফুটবল খেলে ম্যাচে হার বাঁচানো যায় না। কিন্তু অতিরক্ষণাত্মক না হয়েও, আক্রমণ ও রক্ষণে ভারসাম্য বজায় রেখে প্রবলতর প্রতিপক্ষকে ঠেকিয়ে রাখা যায়। ভারতীয় কোচ খালিদ জামিল সেই ভারসাম্যমূলক ফুটবল খেলার চেষ্টা করলে শেষ ৪ ম্যাচে ১৫ গোল হজম করতেন বলে মনে হয় না।

বিশেষ করে ভারতীয় দলে আনোয়ারের মতো একজন অভিজ্ঞ ডিফেন্ডার ও মাঝমাঠে মস্তানি করার মতো মিডফিল্ডার আপুইয়া যেখানে নেই, সেখানে কাছাখোলা আক্রমণে গিয়ে খেলার তো কোনও মানেই হয় না। একজন সাধারন ফুটবলপ্রেমীও জানেন বিজয় ভার্গিস, পরমবীররা এইমুহূর্তে আনোয়ার, সন্দেশ ঝিঙ্গান, রাহুল বেকেদের বিকল্প হতে পারেন না। ধরে নিলাম, খালিদ নতুনদের দেখে নিতে চাইছেন বিজয়, পরমবীরদের আন্তর্জাতিক মঞ্চে খেলিয়ে। এটা ভাল দিক, কিন্তু খারাপ দিকটা হল, ভারতীয় দল ভুরি ভুরি গোল খেয়ে হেরে নিজেদের সুনাম নষ্ট করছে। ভারতীয় ফুটবলের মান নিয়ে আরও প্রশ্ন উঠছে। একইসঙ্গে পরবর্তী আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার ক্ষেত্রে ভারতীয় ফুটবলারদের আত্মবিশ্বাস তলানিতে ঠেকছে।

নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে ৫ গোলে হারার পর খানিকটা সাফাই দেওয়ার ঢঙে কোচ খালিদ জামিল বলেছেন,‌‘‌ বাইরের মাঠে সুদূর নিউজল্যান্ডে খেলতে এসে দীর্ঘ বিমানযাত্রার ঢকল ও সাড়ে সাত ঘন্টার সময়ের পার্থক্য ফুটবলারদের শরীরে ও মনে প্রভাব ফেলাটা অস্বাভাবিক নয়। নতুন মাঠ, আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া সুযোগ মেলেনি। মাত্র ২ দিনের প্রস্তুতিতে খেলতে হয়েছে। খেলায় তার রেশ থেকে গিয়েছিল। তবে এখন ফুটবলাররা অনেকটাই মানিয়ে নিয়েছে। তারা দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে তৈরি। মানছি, আমার কিছু ভুল ছিল কোচিংয়ে। ফুটবলাররাও ব্যক্তিগত ভুল করেছে। ভারতীয় ফুটবলপ্রেমী, সমর্থকদের জানাতে চাই, ফুটবলাররা ভাল খেলার জন্য মুখিয়ে রয়েছে প্রথম ম্যাচে হারের গ্লানি ঝেড়ে ফেলে। ওদের মধ্যে একটা ইতিবাচক ভাইব লক্ষ্য করছি। এই ধরনের সুযোগ খুব কম আসে। বিশেষ করে নতুন মুখদের কাছে। তাদের যোগ্যতা প্রমাণের সবচেয়ে বড় মঞ্চ এই ম্যাচগুলো। ফুটবলারদের সেটাই স্মরণ করিয়েছি নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয়বার মুখোমুখি হওয়ার আগে।’‌

ভারতীয় দলের হয়ে প্রথম ম্যাচে নেতৃত্ব দেওয়া অনিরুদ্ধ থাপার গলাতে প্রত্যয়ের সুর। বলেন, ‘‌ প্রথম ম্যাচে ০-‌৫ গোলে হারটা রীতিমতো হতাশাজনক ফল। দলের সবাই ভেঙে পড়েছিল এমন বিশ্রি হারে। নিউজিল্যান্ড খেলতে এসেছি আমরা ভারতীয় ফুটবলের সুনাম বজায় রেখে ভাল খেলা উপহার দিতে। সেখানে আমরা নিজেদের ভুলে খেসরাত দিয়ে বাজেভাবে ম্যাচ হেরেছি। এই ধরনের পর্যায়ে এইসব ভুলের কোনও ক্ষমা নেই। করলে ভুগতেই হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে আমাদের অনেক বেশি সংঘবদ্ধ হয়ে খেলতে হবে শেপ ও শৃঙ্খলা ঠিক রেখে। একটা দল হিসেবে প্রত্যেককে বাড়তি দায়িত্ব নিতে হবে। আমি যদি দ্বিতীয় ম্যাচেও নেতৃত্ব পাই, তাহলে আমাকেও এমন খেলতে হবে, যাতে গোটা দলটা প্রেরণা পায় সেরা দিতে। প্রথম ম্যাচের ফলটা অতীত। ওটা আর উল্টে দিতে পারব না। কিন্তু দ্বিতীয় ম্যাচে উজ্জীবিত ফুটবল খেলে নিজেদের ও দেশের সম্মান পুনরুদ্ধারের চেষ্টা করতে তো পারি।’‌

অনিরুদ্ধ থাপার মতো দলের অন্য ফুটবলারদের মধ্যে এই জোস ও চেতনাবোধ থাকলে আশা করা যায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ফুটবল দল অন্তত লড়াকু ফুটবল উপহার দেবে। তবে খালিদ জামিলের রক্ষণের যা হাল, তাতে দ্বিতীয় ম্যাচে হার বাঁচাতে পারলে, সেটা হবে অনেক বড় ব্যাপার। প্রথম ম্যাচে নিউজিল্যান্ড বড় ব্যবধানে জেতার পর প্রথম সারির দল নাও নামাতে পারে, দ্বিতীয় সারির ফুটবলারদের খেলার সুযোগ করে দিতে। আর তা যদি করে, ভারতীয় দলের পক্ষে সেটা ভাল। ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে জেতার একটা সুযোগ এসে যেতে পারে ভারতের সামনে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...