Cart Total Items (0)

Cart

All Sports India

‌অলস্পোর্ট ডেস্ক:‌ কলকাতা ফুটবলের জন্য খারাপ খবর। সাদা কালো সমর্থকদের জন্য দুঃসংবাদ। আর্থিক সংকটে পড়ে ইন্ডিয়ান ফুটবল লিগ থেকে নাম তুলে নিল মহমেডান। চার ম্যাচ খেলে চারটিতেই হেরেছিল দল। পঞ্চম ম্যাচ খেলার আগেই নাম তুলে নিল ১৩৫ বছরের ক্লাব। কর্তারা সরকারিভাবে চিঠি দিয়ে তাঁদের এই সিদ্ধান্ত ভারতীয় ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিচ্ছেন। মহমেডান তৃতীয় প্রধানের মর্যাদা আগেই হারিয়েছিল নানা কারণে। একদা টানা ৫বার কলকাতা ফুটবল লিগ, ভারতের প্রথম দল হিসেবে ডুরান্ড কাপ, রোভার্স কাপ, আগা খান গোল্ড কাপ জয়ী ঐতিহ্যশালী মহমেডান এবার ইন্ডিয়ান ফুটবল লিগে খেলার মাঝে নাম তুলে নিয়ে নিজেদের অস্তিত্ব বিপন্ন করে তুলল।

একমরশুম আগে দেনায় ডুবে থেকে আইএসএল চলাকালীন কোচ ও ফুটবলারদের চুক্তি অনুযায়ী টাকা দিতে না পারেনি। এতে তৎকালীন কোচ চেরনিশভ দায়িত্ব থেকে সরে দাঁড়ান। ফুটবলাররাও মাইনে না পেয়ে ম্যাচ খেলতে মাঠে নামতে চাননি। পরে সহকারী কোচ মেহরাজউদ্দিনের চেষ্টায় ফুটবলাররা খেলেন ঠিকই, তবে লিগ টেবিলের নীচে শেষ করে। সেই বছর আইএসএলে অবনমন না থাকায়, মহমেডান গত মরশুমেও মূল পর্বে ছিল। কিন্তু মহমেডানের সবচেয়ে বড় সমস্যা ছিল, কোচ ও ফুটবলারদের বকেয়া মাইনে সময়মতো মেটাতে না পারায় ফিফা ও জাতীয় পর্যায়ে ঘরোয়া ও আন্তর্জাতিক ব্যানের মুখে পড়ে। তারফলে মহমেডানের পক্ষে নতুন ফুটবলার সই করানো সম্ভব হয়নি। পরে কিছু টাকা জোগান করে কোচ ও ফুটলারদের একাংশের টাকা মেটালেও, পুরোপুরি ব্যান ওঠেনি নতুন অভিযোগের ভিত্তিতে নিয়মের বেড়াজালে আটকে থেকে। এতে ভারতীয় ফুটবলারদের নিয়ে লড়াই করে গত মরশুমের কোচ মেহরাজ আইএসএলে মহমেডানের অবনমন বাঁচাতে পারেননি।

চলতি মরশুমে মহমেডান ঘরোয়া প্রতিযোগিতায় খেলা শুরু করলেও আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে পারেনি। মহমেডানের প্রশাসনিক দায়িত্বে থাকা কর্তারা নানা দিক থেকে চাপে পড়ে দায়িত্ব ছেড়ে দেন। ক্লাবেরই একাংশ, যাঁরা নিজেদের শুভানুধ্যায়ী বলে দাবি করেন, তাঁরা রাজনৈতিক ব্যক্তিত্ব হুমায়ুন কবীরকে সভাপতি করেছিলেন। এটা ভেবে তিনি মহমডানকে দেনার দায় থেকে মুক্তি দেবেন আর্থিক সাহায্য করে। হুমায়ুন কবীর জেনেশুনেই সভাপতি পদে বসেছিলেন, ক্লাবের ২৯ কোটি টাকার ওপর দেন আছে। তিনি প্রতিশ্রুতি দেন প্রাথমিক সাহায্য হিসেবে ৫ কোটি টাকা দেবেন। কিন্তু ঘটা করে ফুল মালায় বরণ করে নেওয়া হুমায়ুন কবীরের দেওয়া প্রথম চেকটাই বাউন্ড করে।

সেসময় ক্লাবের হাল ধরতে এগিয়ে আসেন ওয়াসিম আক্রাম ও গজল জাফর। ওয়াসিম সচিব ও গজল সভাপতি পদের দায়িত্ব নিয়ে ক্লাবকে আর্থিক সংকট থেকে মুক্ত করার উদ্যোগ নেবেন বলে জানিয়েছিলেন সদস্য ও সমর্থকদের সঙ্গে আলোচনায়। কিন্তু সেকথা তাঁরা রাখতে পারলেন না। পারার কথাও নয়। কী ভেবে তাঁরা বিশাল দেনার দায় ঘাড়ে নিয়ে ক্লাবকে অসম্মানের হাত থেকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন, সেটা তাঁরাই ভাল বলতে পারবেন। এর আগে যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁদের তুলনায় নতুন কী করতে পারলেন ওয়াসিম ও গজল। ইন্ডিয়ান ফুটবল লিগ থেকে নাম তুলে নিয়ে সরাসরি অবনমনের মুখে পড়ে আইএফএলের দ্বিতীয় ডিভিশনে নেমে গেল মহমডান।

সাফাই দেওয়ার ভঙ্গিতে সচিব ওয়াসিমের বক্তব্য,‌ ২০ কোটি টাকার ওপর দেনা রয়েছে ক্লাবের। তিনি ও গজল আড়াই কোটি টাকার মতো দিয়েছেন ক্লাবের ফুটবল খেলা চালিয়ে যেতে। এমনকি ক্রাউড ফাইনান্সিং ও লাইফ মেম্বারশিপের মাধ্যমে ১০ লাখ টাকার মতো তোলা সম্ভব হয়েছিল। কিন্তু তাতে সমস্যা মেটা সম্ভব ছিল না। একইসঙ্গে ট্রান্সফার ব্যান না ওঠায় নতুন করে ফুটবলার নেওয়ার সুযোগ হয়নি। এতে পারফরমেন্সের ওপর প্রভাব পড়েছে। এই অবস্থায় খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই নাম তুলে নিতে হচ্ছে আপাতত। ফুটবলারদের যাতে ক্ষতি না হয়, তার জন্য জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দেওয়া হবে অন্য ক্লাবে যাওয়ার সুযোগ দিতে। টাকাও মেটানো হবে। যতদিন না ব্যান উঠছে পুরোপুরি ও ইনভেস্টার মিলছে আর্থিক সংকট থেকে মুক্ত হতে, ততদিন ইন্ডিয়ান ফুটবল লিগ, আইএসএল খেলার ভাবনা থেকে সরে থাকবে দল। এখন শুধু ঘরোয়া ফুটবল লিগ, শিল্ড ও ফুটবলার তুলে আনার কাজেই মন দেবে মহমেডান।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...