Cart Total Items (0)

Cart

All Sports India

ইস্টবেঙ্গল ১(‌জিকসন)‌     আল হুসেইন ০

মুনাল চট্টোপাধ্যায়:‌ রাখে পোস্ট তো মারে কে?‌ ময়দানের প্রবাদ পোস্টে বল লাগলে, সেই দল জেতে না। সেটা সত্যি হয়ে গেল মঙ্গলবার যুবভারতীতে। আল হুসেইনের শট চারবার পোস্টে লাগল। আর ইস্টবেঙ্গলের একবার। পোস্টে লাগার সংখ্যাতত্ত্বের দিক থেকে আল হুসেইনের পক্ষে বেশি। আর তাই বলতেই হয় ময়দানি প্রবাদে ভর করে ঘরের মাঠে যুবভারতীতে ৮৭ মিনিটে করা জিকসনের গোলে আল হুসেইনের বিরুদ্ধে এসিএল টু-‌তে প্রথম ভারতীয় দল হিসেবে জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল। এর আগে জর্ডনের মাঠে আল হুসেইনের সঙ্গে ২-‌২ ড্র করেছিল লাল হলুদ। মঙ্গলবারের ম্যাচের আগে ইস্টবেঙ্গলের সংগ্রহে ছিল ৪ ম্যাচে মাত্র ২ পয়েন্ট। জয় পেয়ে ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়ালো ৫ ম্যাচে ৫ পয়েন্ট। আল হুসেইন আটকে থাকলো ৫ ম্যাচ ৫ পয়েন্ট নিয়ে। এতে এসিএল টু-‌র নকআউটে যাওয়ার আশা জিইয়ে থাকলো লাল হলুদ ব্রিগেডের। এসিএল টু-‌র গ্রুপে ইরাকের আল শোরতার সঙ্গে ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ ৮ ডিসেম্বর। তাই নকআউটে যাওযার আশা টিকে থাকলেও, অঙ্কটা এখনও বেশ কঠিন লাল হলুদের জন্য। তবে এটুকু বলা যেতেই পারে, আল হুসেইনের বিরুদ্ধে জয় রবিবারের আইএসএল ডার্বির আগে ইস্টবেঙ্গল ফুটবলারদের মনোবল অটুট রাখলো। সেই লড়াই ভিন্ন মেজাজের ও মর্যাদার।

আল হুসেইনের মুখোমুখি হওয়ার আগে ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস বলেই দেন, এসিএল টু-‌তে নকআউটে যাওয়ার আশা জিইয়ে রাখতে ও আইএসএল ডার্বির আগে দলের মনোবল ঠিক রাখতে মঙ্গলবারের ম্যাচ জেতা জরুরি। কিন্তু এটাও তিনি বিলক্ষণ বুঝেছিলেন, ডার্বির কথা মাথায় রেখে তাঁকে আল হুসেইন ম্যাচে ফুটবলারদের ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে। ইস্টবেঙ্গলের এখন সবচেয়ে বড় ব্যথার জায়গা রক্ষণ আনোয়ার চোটের জন্য না থাকায়। গত ম্যাচে ঢাকায় গোল করে ভারতকে সাফ জেতানো সন্দীপ মান্ডিকে তরতাজা হয়ে ওঠার সুযোগ দিতে খেলাননি হাবাস। কিন্তু আল হুসেইন ম্যাচে সন্দীপকে ব্যবহার না করা ছাড়া কোনও উপায় ছিল না রক্ষণের জমাট ভাব আনতে। অন্যদিকে, এডমুন্ডও চোটের জন্য না থাকায়, হাবাস আক্রমণের ধার বজায় রাখতে লোবার সঙ্গে সামনে জুড়ে দেন ডেভিড ও ইকোনোমিডিসকে।

শুরুতে ইস্টবেঙ্গল আক্রমণের ঝাঁজ নজরে এসেছিল। ৮ মিনিটে রামিরেজের তোলা বলে ক্রিস ইকোনোমিডিস জোরালো শট নিলে আল হুসেইন গোলকিপার মামুদ তা রোখেন তৎপরতার সঙ্গে। তার এক মিনিট আগে ইকোনোমিডিসের ক্রশে বক্সের মাঝে ডেভিড পা ছোঁয়াতে পারেননি। ছোঁয়াতে পারলে গোল আসতেও পারত।

এরপরই খেলা থেকে হারিয়ে যাওয়া শুরু লাল হলুদ ব্রিগেডের। ১৩ মিনিটে নিশ্চিত গোল খাওয়ার হাত থেকে বাঁচে ইস্টবেঙ্গল। পেছন থেকে আসা বল লাল হলুদ বক্সের সামনে ধরেন আল হুসেইনের আরিফ হাইতাম। লালচুংনুঙ্গাকে পিছনে ফেলে গতি বাড়িয়ে বক্সে সামনে বল নিয়ে আরিফ পৌঁছে গেলে, গোল ছেড়ে সামনে এগিয়ে আসেন লাল হলুদ গোলকিপার লাচেনপা। আরিফ তাঁকে কাটিয়ে নিতে ফাঁকা গোল পেয়ে যান তিনি। কিন্তু অবিশ্বাস্যভাবে সেই বল ফাঁকা গোলে পাঠাতে পারেননি। তাঁর উঁচু শট পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়।

খেলার গতির বিরুদ্ধে ২৭ ও ২৮ মিনিটে দু’‌টি গোলের সুযোগ পেয়েছিলেন ডেভিড ও জয়। নিজেদের নেওয়া শটে কোনও নিয়ন্ত্রণ না থাকায় বল গোলের সামনে দিয়ে বেরিয়ে যায়।

প্রথমার্ধের মাঝমাঝি সময় থেকে খেলার ওপর দখল পুরো হারিয়ে ফেলে ইস্টবেঙ্গল। তাতে আল হুসেইন ঘাড়ে চেপে বসার সুযোগ পায়। দুটো উইং দিয়ে আক্রমণের সুনামি তুলে এনে লাল হলুদ রক্ষণকে নিয়ে ছেলেখেলা শুরু করে। ৩৩ মিনিটে মহম্মদ রাহির জোরালো শট গোলকিপার লাচেনপা ঝাঁপিয়ে বাঁচালে কর্নার হয়। পরের মিনিটে আলকুরেশির কর্নার পোস্টে লেগে বেরিয়ে না গেলে অলিম্পক গোল হয়ে যেত আল হুসেইনের পক্ষে। ৩৮ মিনিটে দলকে গোল খাইয়েই দিয়েছিলেন গোলকিপার লাচেনপাকে। জিবুলিচের ব্যাকপাস লাচেনপার কাছে এলে, তিনি তড়িঘড়ি ক্লিয়ার করতে গিয়ে মামুদ আলমারদির গায়ে মেরে বসেন। ভাগ্য ভাল বল গোলে যায়নি, পোস্টের গা ঘেঁষে বেরিয়ে যায়। প্রথমার্ধের শেষমুহূর্তে আলমারদির শট ব্লক করে সন্দীপ মান্ডি ইস্টবেঙ্গলকে প্রথমার্ধ গোলশূণ্য রাখতে সক্ষম হন। এই সময়ে আল হুসেইন যা সুযোগ পেয়েছিল, তা কাজে লাগাতে পারলে অন্তত ৩ থেকে ৪ গোলে এগিয়ে থাকতে পারত।

দ্বিতীয়ার্ধে ইকোনোমিডিসের বদলে বিপিনকে নামান ইস্টবেঙ্গল কোচ বিপিন। নিজেদের গুছিয়ে নেওয়ার আগে আল হুসেইন গোলের সুযোগ পেয়ে যায়। ৪৯ মিনিটে বক্সের বাইরে থেকে আরিফ হাইতামের শট ক্রশপিসে লেগে ফেরে। তবে পরের মিনিটেই ইস্টবেঙ্গল গোলের সুযোগ হারায়। পেছন থেকে আসা বল ধরে লোবা বক্সে ঢুকে গোললাইনের সামনে পৌঁছে রামিরেজকে দিলে, তাঁর নেওয়া শট পোস্টের ভেতরে লেগে বেরিয়ে এলে বাঁচে জর্ডনের দল। ৫৩ মিনিটে আবার আক্রমণ তুলে এনে হাইতাম শট নিলে, তা ইস্টবেঙ্গল গোলকিপার লাচেনপার হাতের নাগাল এড়িয়ে ক্রশপিসে লেগে ফেরে।

পোস্ট যেন এদিন ইস্টবেঙ্গলের পরিত্রাতার ভূমিকা নিয়েছিল। ৬৫ মিনিটে চতুর্থবার আল হুসেইনের ইউসুফ হুসেন কাশির শট পোস্টে লেগে ফেরে। ভুরি ভুরি গোলের সুয়োগ নষ্টের খেসারত দিয়ে গোল হজম করে ম্যাচ হারলো আল হুসেইন। ৮৭ মিনিটে রশিদের নীচু কর্নার বক্সে ডেভিড ব্যাক হিল করলে, তা চলে যায় জিকসনের পায়ে। জিকসন সেই বল আল হুসেইনের জালের ভেতর পাঠান। এসিএল টু আর আইএসএল মিলিয়ে ৪ ম্যাচে জয়হীন থাকার পর জয় পেল ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গল:‌ লাচেনপা, লালচুংনুঙ্গা, সন্দীপ, জিবুলিচ, জয়, ইকোনোমিডিস(‌বিপিন)‌, জিকসন, রশিদ, রামিরেজ(‌বিষ্ণু)‌, ডেভিড(‌আসিফ)‌, লোবা(‌লুকাস)‌।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...