অলস্পোর্ট ডেস্ক: রবিবার ভোরে কলকাতাবাসী এক অভিনব ম্যারাথন দৌড় প্রতক্ষ করবে। জয় বালাজি গ্রুপ আয়োজিত জেবিজি কলকাতা ম্যারাথন ২০২৬য়ে অন্য অনেক দেশি ও বিদেশি এলিট রানারদের সঙ্গে এই দৌড়ে অংশ নিতে দেখবে বাংলার অ্যাথলিট শ্যামলী সিংকে। রাণীগঞ্জের শ্যামলীর জেবিজি কলকাতা ম্যারাথনে অংশ নেওয়ার মধ্যে একটি বিশেষত্ব আছে। ২০২০ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে জীবনের দৌড় শেষ হওয়ার মুখে এসে দাঁড়িয়েছিল। কিন্তু স্বামী কাম কোচ সন্তোষ সিংয়ের পাশে থাকা ও চিকিৎসকদের সফল অস্ত্রোপচারে শ্যামলী লম্বা সময়ে মাঠে বাইরে থাকার পর ফের দৌড়ে ফেরেন। সম্প্রতি কলকাতা, মুম্বই সহ বিভিন্ন ম্যারথনে অংশ নিয়ে সাফল্য পেয়েছেন। রবিবারের জেবিজি কলকাতা ম্যারাথনে পদক জেতার ব্যাপারে বদ্ধপরিকর। শুক্রবার বাইপাসের ধারে মিলন মেলা গ্রাউন্ডে জেবিজি ম্যারাথনের প্রচারে এসে শ্যামলীর এই নিষ্ঠা ও একাগ্রতার প্রশংসা করেন এইমুহূর্তে ভারতের দ্রুততম মানব গুরিন্দারবীর সিং। তিনি এই ইভেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। ম্যারাথন দৌড়ের সূচনা করবেন ও দৌড়ে কিছুটা দূরত্ব পর্যন্ত অংশ নেবেন।
জেবিজি কলকাতা ম্যারাথন ২০২৬ ‘চলো দৌড়ই’ শীর্ষক এই দৌড় পূর্ব ভারতের একমাত্র ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ব্রোঞ্জ লেবেলড ফুল ম্যারথনের মর্যাদা পেয়েছে। এই ম্যারাথন দৌড় হবে ২৯ নভেম্বর কলকাতায়। এটা ১১তম বছর এই দৌড়ের। বিভিন্ন বয়স ও প্রতিযোগীর কথা মাথায় রেখে ৪২.২ কিলোমিটার ফুল ম্যারাথন ছাড়াও ২১.১ কিলোমিটারের হাফ ম্যারাথন, ১০ ও ৫ কিলোমিটার দৌড় থাকছে। এছাড়া কস্টিউম রান স্পেশাল হিরোজ ক্যাটিগরিও রাখা হয়েছে দৌড়ের আকর্ষণ বাড়াতে। সঙ্গে নতুন সংযোজন কসপ্লে রান।
ম্যারাথন দৌড়ের প্রধান উদ্যোক্তা জয় বালাজি গ্রুপের পক্ষে রেস ডিরেক্টার-স্পোর্টিজের ফাউন্ডার ও সিইও নিশান্ত মহেশ্বরী জানিয়েছেন, এবার ১৫ হাজার প্রতিযোগীর এই দৌড়ে অংশগ্রহণ করছেন। মোট আর্থিক পুরস্কার মূল্য রেকর্ড ১ কোটি টাকা। প্রতিযোগিতার বিশেষ দূত হিসেবে প্যারালিম্পক্সে ও বিশ্বচ্যাম্পিয়নশিপে পদকজয়ী জ্যাভেলিন থ্রোয়ার সুমিত আন্টিল, ভারতের দ্রুততম মানব গুরিন্দারবীর সিং, বলিউড তারকা-ম্যারাথন রানার-ট্রায়াথলিট সাইয়ামি খের, মডেল-অভিনেতা মিলিন্দ সোমান, রানার কার্তিক কারকেরা, ট্রায়াথলিট অঙ্কিতা কানওয়ার, এশিয়াডে বাংলার দুই পদকজয়ী অ্যাথলিট জ্যোতিমর্য়ী সিকদার ও সোমা বিশ্বাস আগেই জেবিজি কলকাতা ম্যারাথনের সাফল্য কামনা করেছেন। এঁদের মধ্যে কেউ কেউ দৌড়েও অংশ নেবেন।
এলিট বিদেশি রানারদের তালিকায় আছেন কেনিয়ার এলিজা কিবোর কিরওয়া, রোটিচ মিতেই জন, কোসমাস কিপকোরির বিওফ, বারনাবাস কিপইয়েগো ও ফ্লোরেন্স জেপকোসগেই চেপসোই। ভারতীয় নামী রানারদের মধ্যে থাকছেন থোনাকাই গোপী, মান সিং, রঞ্জিত সিং, কুলবীর সিং, তীর্থ পান ও ভাগীরথী।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
