ছবি সৌজন্যে ট্যুইটার
অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং-এর নাম উঠলেই সকলের চোখের সামনে ভেসে ওঠে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩-এর ম্যাচে গুজরাট টাইটানসের বিরুদ্ধে টানা পাঁচটি ছক্কা। কলকাতা নাইট রাইডার্সের এই ক্রিকেটার ম্যাচের শেষ ওভারে যশ দয়ালের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করে হারতে থাকা দলকে জয় এনে দিয়েছিলেন। মিরাটের হয়ে খেলতে গিয়েও তিনি একই কাজ করলেন। সুপার ওভারের নির্ধারক ম্যাচে তিনি পরপর তিনটি ছয় মেরে নিজের দলকে জিতিয়ে দিলেন।
ইউপি টি২০ লিগে মিরাট ম্যাভেরিক্স বনাম কাশী রুদ্রাসের ম্যাচে রিঙ্কুই তাঁর দলের জন্য জয় এনে দেন। এক ওভারে এলিমিনেটর থেকে বাঁচতে ১৭ রানের প্রয়োজন হলে বাঁ হাতি স্পিনার শিবা সিংয়ের বলে রিঙ্কু তিনটি ছক্কা হাঁকান। প্রথম বলে রান না পেলেও পরে তিনি তিনটি পরপর ছক্কা মেরে মিরাটকে লক্ষ্যে পৌঁছে দেন।
ইতিমধ্যে তাঁর ভারতের হয়ে আন্তর্জাতিক অভিষেকও হয়ে গিয়েছে। সদ্য ফিরেছেন আন্তর্জাতিক ম্যাচ খেলে। তার পরই নেমে পড়েছেন রাজ্যের হয়ে খেলতে। ওভারের দ্বিতীয় বলে তাঁর প্রথম ছক্কা লং অফ দিয়ে বাইরে চলে যায়। তারপর তিনি ডিপ মিড উইকেটের উপর দিয়ে আর একটি ছক্কা হাঁকান। এরপর শেষ ছক্কাটি মারেন লং অফ দিয়ে।
এর আগে,উ ভয় দলের স্কোর ২০ ওভারে আটকে যায় এবং উভয় দলই ১৮১ রান করে। এই ম্যাচে রিঙ্কু ২২ বলে ১৫ রান করেন। তবুও মিরাট ফ্র্যাঞ্চাইজি থেকে রিঙ্কুকে সুপার ওভারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এবং তিনি ম্যাচ জিতিয়ে বুঝিয়ে দেন তিনি হলেন আসল ফিনিশার।
টি২০ ফর্ম্যাটে ভারতের হয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় রিঙ্কুর। এই মাসের শেষে আবার জাতীয় দলের রঙ গায়ে পড়তে দেখা যাবে তাঁকে। এশিয়ান গেমস দলেও রয়েছেন তিনি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
