অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপে ভারত-পাকিস্তানের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। সেই ঘটনার আবার পুনরাবৃত্তি হতে পারে সুপার চার পর্বেও। রবিরার সুপার চারে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। কিন্তু এদিনও বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। গ্রুপ পর্বের ভারত-পাকিস্তান ম্যাচে ভারত ব্যাট করার সুযোগ পেলেও পাকিস্তান সেই সুযোগ পায়নি। ভারত, পাকিস্তানকে ২৬৭ রান টার্গেট দিয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে পাকিস্তান একটা বলও খেলতে পারেনি।
সুপার চারে ভারত-পাকিস্তান ম্যাচের স্থান পরিবর্তন না করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান নাজাম শেঠি বিসিসিআই এবং এসিসি-কে একহাত নিয়েছেন। খারাপ আবহাওয়ার কারণে ভারত-পাকিস্তান ম্যাচ কলম্বো থেকে হাম্বানটোটায় নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু স্থান পরিবর্তন করতে নারাজ এসিসি।
শ্রীলঙ্কায় খারাপ আবহাওয়ার কারণে গ্রুপ পর্বের ম্যাচগুলো ভেস্তে গিয়েছিল। এই কারণে ভারত-পাকিস্তানের ম্যাচকে কলম্বো থেকে হাম্বানটোটাতে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। শ্রীলঙ্কার খারাপ আবহাওয়ার রিপোর্টও তিনি তাঁর টুইটারে শেয়ার করেছেন। রবিবার কলম্বোতে ৮৯ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। যেখানে হ্যাম্বনটোটাতে বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে মাত্র ১২ শতাংশ। কলম্বোতে বৃষ্টির সম্ভবনা বেশি হওয়া সত্ত্বেও বিসিসিআই এবং এসিসি কলম্বো থেকে ম্যচ সরাতে নারাজ। হাই প্রোফাইল ম্যাচের স্থান কলম্বোতেই রাখতে চাইছে এসিসি এবং বিসিসিআই।
নাজাম শেঠি নিজের টুইটারে লিখেছেন, ‘‘বিসিসিআই এবং এসিসি আজ পিসিবিকে জানিয়েছে খারাপ আবহাওয়ার জন্য ভারত-পাকিস্তান ম্যাচের স্থান কলম্বো থেকে হাম্বানটোটাতে পরিবর্তন করা হবে। কিন্তু এক ঘন্টার মধ্যেই তাঁরা তাঁদের সিদ্ধান্ত বদলে ফেলে এবং ঘোষণা করে কলম্বোতেই খেলা হবে ভারত এবং পাকিস্তনের। কী ঘটছে এটা? ভারত কী পাকিস্তানের কাছে হেরে যাওয়ার ভয় পাচ্ছে? আবহাওয়ার পূর্বাভাস দেখো।’’
এশিয়া কাপ ২০২৩-এর সুপার চার পর্বের পাকিস্তান এবং বাংলাদেশের ম্যাচ খেলা হবে পাকিস্তানের লাহৌরে। বাকি সবকটি ম্যাচই খেলা হবে শ্রীলঙ্কায়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
