অলস্পোর্ট ডেস্ক: ৭২ বছর পর শটপাট-এ ভারতকে পদক এনে দিলেন কিরণ বালিয়ান। এশিয়ান গেমস ২০২৩-এ শুক্রবার হ্যাংঝৌতে ব্রোঞ্জ জিতে নিল ২৪ বছরের এই মেয়ে। তৃতীয় বারের চেষ্টায় তাঁর লোহার বলটি ১৭.৩৬ মিটার দূরে পৌঁছয়। শটপাটে ভারতের পদকের খাতা খুলতে এটাই ছিল তাঁর সেরা থ্রো। ১৯৫১-তে এই বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন বারবারা ওয়েবস্টার। তাঁর পর কিরণই দ্বিতীয় ভারতীয় মহিলা যিনি ভারতকে পদক এনে দিলেন।
এই মরসুমে বলিয়ানের সেরা থ্রো ছিল ১৭.৯২ মিটার। ১০ সেপ্টেম্বর চন্ডীগড়ে ইন্ডিয়ান গ্রাঁ প্রি ৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন তিনি। ম্যাচের পর তিনি বলেন, ‘‘আমি ইতিহাস জানতাম না (১৯৫১-এ এশিয়ান গেমসে প্রথম পদক) । আমার লক্ষ্য ছিল আমার সেরাটা দেওয়া। আমি তা করতে পারিনি এবং আমি আমার পারফর্ম্যান্সে খুশি নই। কিন্তু আমি পদক জিততে পেরেছি। তাঁর জন্য আমি খুশি।’’
বালিয়ান, মিরাটের একজন ট্রাফিক পুলিশ হেড কনস্টেবলের মেয়ে। এই খেলায় আসাটা তাঁর একটা দুর্ঘটনাই বটে। নয় বছর আগে ভুল করে একটি জুনিয়র টুর্নামেন্টে তাঁর নাম নেওয়া হয়। সেখান থেকেই তিনি এখন একজন শটপাটার হয়ে উঠেছেন।
অন্য ভারতীয়দের মধ্যে মনপ্রীত কৌর ১৬.২৫ মিটার থ্রো করে পঞ্চম স্থানে ছিলেন। মহিলাদের ৪০০ মিটারের দৌঁড়ে হিমাংশী মালিক তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার দৌড়লেন। পাঁচ নম্বরে দৌড় শেষ করায় তিনি ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হন।
২১ বছরের মালিক ১০ সেপ্টেম্বর চন্ডীগড়ে ইন্ডিয়ান গ্রাঁ প্রি ৫-এ তিনি মোট সময় নিয়েছিলেন ৫৭.৫৯ সেকেন্ড। কিন্তু এদিন হিটে তিনি ৫৭.৮২ সেকেন্ড সময় নেন। ইন্ডিয়ান গ্রাঁ প্রি ৫-এর থেকেও খারাপ পারফর্ম্যান্সের কারণে তাঁকে পঞ্চম স্থানেই খেলা শেষ করতে হয়।
টুর্নামেন্টের আগের দিন অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া (এএফআই) একটি ভিডিও আপলোড করে। সেখানে মালিক বলেছিলেন যে তিনি রেসের জন্য প্রস্তুত ছিলেন। তিনি বলেন, “আমি আজ এশিয়ান গেমসে আমার ৪০০ মিটার দৌঁড়ে নামছি এবং আশা করি আমি ভাল করব।” অন্যদিকে ঐশ্বর্য্য মিশ্র হিটে ৫২.৭৩ সেকেন্ডে শেষ করে দ্বিতীয় হন এবং তিনি ফাইনালে পৌঁছে গিয়েছেন।
মহম্মদ আজমল ৪০০ মিটার দৌঁড়ের হিটে ৪৫.৭৬ সেকেন্ডে শেষ করে দ্বিতীয় হন এবং ফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করেন। অন্যদিকে মহম্মদ আনাস ইয়াহিয়া হিটে তৃতীয় স্থানে শেষ করলেও গ্রেড তৈরী করতে ব্যর্থ হন।
মহিলাদের হ্যামার থ্রো ফাইনালে, তানিয়া চৌধুরী এবং রচনা কুমারী যথাক্রমে ৬০.৫০ মিটার এবং ৫৮.১৩ মিটার থ্রো করে সপ্তম এবং নবম স্থানে ছিলেন। সকালে, জাতীয় রেকর্ড জয়ী প্রিয়াঙ্কা গোস্বামী মহিলাদের ২০ কিমি রেস ওয়াক ইভেন্টে ১ ঘন্টা ৪৩ মিনিট ৭ সেকেন্ড সময় নিয়ে পঞ্চম স্থান অর্জন করেন। তাঁর মরসুমের সেরা সময় ১ ঘন্টা ২৮ মিনিট ৫০ সেকেন্ড এবং ব্যক্তিগত সেরা ১ ঘন্টা ২৮ মিনিট ৪৫ সেকেন্ডের বাইরে বেরিয়ে তিনি তাঁর সেরাটা দিয়েছেন এদিন।
পুরুষদের ২০ কিমি ইভেন্টে, বিকাশ সিং, যিনি জাতীয় রেকর্ড জয়ী অক্ষদীপ সিংয়ের চোটের কারণে তাঁর পরিবর্তে খেলছেন। তিনি ১ ঘন্টা ২৭ মিনিট ৩৩ সেকেন্ডে হেঁটে পঞ্চম স্থানে ছিলেন। সন্দীপ সিং-কে প্রতিযোগিতার সময় বাদ দিয়ে দেওয়া হয়।
বাস্কেটবলে চিনের কাছে হারল ভারতীয় পুরুষ দল
শুক্রবার ভারতীয় পুরুষ দল ৩x৩ বাস্কেটবল গ্রুপ পর্বের খেলায় চিনের কাছে ১৫-১৮-তে হেরেছে। অন্যদিকে মহিলা দল এশিয়ান গেমসে ৫x৫ ইভেন্টে মঙ্গোলিয়াকে পরাজিত করেছে। ভারত পুল সি-তে দ্বিতীয় স্থান অর্জন করতে পেরেছে এবং শনিবার কোয়ার্টার ফাইনাল প্লে অফে ইরানের বিরুদ্ধে মুখোমুখি হবে ভারত। প্রতিটি গ্রুপ থেকে শুধুমাত্র শীর্ষ দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে।
শাওক্সিং-এ প্রিলিমিনারি রাউন্ড গ্রুপ এ ৫x৫ ম্যাচে মঙ্গোলিয়ার থেকে ভাল পারফর্ম করে ভারতীয় মহিলা দল। মঙ্গোলিয়ার বিরুদ্ধে জয়ের জন্য ভারতীয় মহিলা দল কঠোর পরিশ্রম করে। এবং এই পরিশ্রমের কারণে তারা ৬৮-৬২-এ জেতে।
এই মরসুমে চিনের কাছে প্রথম হারল ভারত। এর আগে মালয়েশিয়ার বিরুদ্ধে ২০-১৬ এবং ম্যাকাও-এর বিরুদ্ধে ২১-১২-এ জিতেছিল ভারত।
মহিলা দল এর আগে তাদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৬৬-৪৬ জয়ের রেকর্ড করেছিল। ভারতীয় মহিলা দল রবিবার চিনের বিরুদ্ধে চূড়ান্ত গ্রুপ পর্বের খেলা খেলবে, যেখানে ১২ দলের তিনটি গ্রুপের শীর্ষ আটটি দল কোয়ার্টার ফাইনালে উঠবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
