অলস্পোর্ট ডেস্ক: মারডেকা কাপ-এ শুক্রবার মালয়েশিয়ার বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে নামার আগে প্রতিপক্ষকেই এগিয়ে রাখছেন ইগর স্টিমাচ। তাঁর বক্তব্য, “শুনেছি কাল স্টেডিয়ামের গ্যালারি ভরে যাবে। বেশিরভাগই আমাদের প্রতিপক্ষকে সমর্থন করবে। আশা করি, তাদের মধ্যে কিছু ভারতীয় সমর্থকও থাকবেন। আমি জানি সম্প্রতি এ টুর্নামেন্টে আমাদের দল ভাল খেলেনি। তাই এই টুর্নামেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ফোকাস করতে হবে ও ম্যাচটা জিততেই হবে। তার পরে অন্য ভাবনা”।
২০০১-এর পর এই প্রথম ঐতিহাসিক মারডেকা টুর্নামেন্টে অংশ নিতে চলেছে ভারত। ১৯৫৯ ও ১৯৬৪-তে রানার্স আপ হয়েছিল তারা। এই টুর্নামেন্টে ভারত সবচেয়ে ভাল ফল করে এই দু’বারই। শেষবার ভারত মালয়েশিয়ার কাছে ১-২, থাইল্যান্ডের কাছে ০-২ ও উজবেকিস্তানের কাছে ১-২-এ হারে। সেই দলের এক সদস্য এই ভারতীয় দলের সঙ্গে আছেন। অবশ্যই খেলোয়াড় হিসেবে নন, সহকারী কোচ হিসেবে, তিনি মহেশ গাওলি। তিনি বলতে চান, ভারতের সেই দলের চেয়ে এই দল অনেক ভাল ও তৈরি। মহেশের মতে, “এ বার আমাদের দলের ছেলেরা অনেক ভাল প্রস্তুতি নিয়ে এসেছে। দলটাও অনেক ভাল। আশা করি এ বারের মারডেকা কাপে আমারা ভাল খেলব”।
হেড কোচ স্টিমাচ বলেন, “আমাদের সাধ্যে যতটুকু কুলোবে, ততটুকু দিয়ে দুটো ম্যাচ জিতে প্রথমবার এই ট্রফি জেতার চেষ্টা করব আমরা। কিন্তু যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছি আমরা, তাও মাথায় রাখতে হবে। কোনও চোট-আঘাতের ঝুঁকি নেওয়া যাবে না। কারণ, নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বে আমাদের পরপর দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ আছে”।
নিজের দলের প্রশংসা করে স্টিমাচ বলেন, “মালয়েশিয়ার বিরুদ্ধে আমাদের দলের একতা ও শক্তি আমাদের এগিয়ে রাখতে পারে। অনেক গুলো কঠিন টুর্নামেন্ট আমরা খেলেছি ও প্রমাণ করেছি যে আমরা উন্নতি করছি।
এই ম্যাচে জিততে পারলে ১৭ তারিখে ফাইনালে ভারতকে খেলতে হবে তাজিকিস্তানের বিরুদ্ধে। প্যালেস্টাইন এই টুর্নামেন্ট থেকে নাম তুলে নেওয়ায় ফরম্যাটে বদল এসেছে। আগে ঠিক ছিল দুটি সেমিফাইনাল ও ফাইনাল হবে।
ভারতীয় স্কোয়াড: গোলকিপার- গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কয়েথ; ডিফেন্ডার- নিখিল পূডারি, রোশন সিং, সন্দেশ ঝিঙ্গন, আনোয়ার আলি, মেহতাব সিং, লালচুঙনুঙ্গা, আকাশ মিশ্র, শুভাশিস বোস; মিডফিল্ডার- সুরেশ সিং, অনিরুদ্ধ থাপা, রোহিত কুমার, সহাল আব্দুল সামাদ, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, লালিয়ানজুয়ালা ছাঙতে, উদান্ত সিং, মহেশ সিং, লিস্টন কোলাসো, নন্দকুমার শেখর; ফরোয়ার্ড- সুনীল ছেত্রী, মনবীর সিং।
ম্যাচ: মালয়েশিয়া বনাম ভারত, সেমিফাইনাল
টুর্নামেন্ট: মারডেকা কাপ ২০২৩
ভেনু: বুকিত জলিল স্টেডিয়াম, কুয়ালা লামপুর
কিক অফ: সন্ধ্যা ৬.৩০ (ভারতীয় সময়), ১৩ অক্টোবর
লাইভ সম্প্রচার: ইউরোস্পোর্ট
লাইভ স্ট্রিমিং: ইন্ডিয়ান ফুটবল ইউটিউব চ্যানেল
(লেখা আইএসএল ওয়েব সাইট)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
