সুচরিতা সেন চৌধুরী: এক কথায় ঘটনাবহুল ম্যাচ। প্রথমে ম্যাচ সঠিক সময়ে শুরুতে বাধ সাধল বৃষ্টি। যাও ১ ঘণ্টা ৪৫ মিনিট পর শুরু হল ম্যাচ কিন্তু টস হেরে ঘরের মাঠে বৃষ্টি ভেজা ইডেনে প্রথমে ব্যাট করতে নামতে হল কেকেআর-কে। দ্বিতীয় ওভারেই যশপ্রীত বুমরাহ-র ইয়র্কার সুনীল নারিনকে হতবম্ব করে দিয়ে উড়িয়ে দিল উইকেট। আর তার পরই ফিল্ডারের ছোঁড়া বলে আহত হয়ে রীতিমতো যন্ত্রণায় ছটফট করতে দেখা গেল ভেঙ্কটেশ আইয়ারকে। এদিন কলকাতার আবহাওয়ার পাশাপাশি দলের ভাগ্যটাও সঙ্গ দিল না শুরুতে। কিন্তু ইনিংস শেষে মুম্বইকে ১৫৮ রানের টার্গেট দিয়ে একটু হলেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিল কলকাতা।
শনিবার টস জিতে কলকাতাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্যে। এই বৃষ্টি ভেজা ইডেনে প্রথমে ব্যাট করা যে কতটা কঠিন সেটা সকলেরই জানা। যদিও এই মরসুমে শ্রেয়াসের টস ভাগ্যটাও বেশ খারাপই চলছে। প্রথমে ব্যাট করতে নেমে এদিন ব্যর্থ কেকেআর-এর দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারিন। সল্ট মাত্র ৬ রান করে ফিরে গেলেন। অন্যদিকে সুনীল নারিনকে রানের খাতা খুলতে না দিয়েই তাঁর স্টাম্প উড়িয়ে দিলেন বুমরাহ। যে বল নিয়ে পরবর্তীতে আলোচনা হবে নিশ্চিত।
যে দুই ওপেনারের উপর নির্ভর করেই এই পুরো মরসুমে রানের পাহাড় গড়েছিল কলকাতা নাইট রাইডার্স, এদিন তাঁরাই ব্যর্থ। তিন নম্বরে নেমে কিছুটা হাল ধরেছিলেন ভেঙ্কটেশ আইয়ার। মাঝে চোট কিছুটা ধাক্কা দিলেই লড়াই চালান তিনি। ২১ বলে ৪২ রান করে আউট হন ভেঙ্কটেশ। কলকাতার অন্যতম সফল প্লেয়ারদের মধ্যে এই মরসুমে তাঁর নাম থাকবে। অন্যদিকে টস ভাগ্যের মতো ব্যাট ভাগ্যও ভাল যাচ্ছে না কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ারের। চার নম্বরে নেমে আবার ব্যর্থ তিনি। দলের কঠিন সময়েও হাল ধরতে পারলেন না। ৭ রান করে ফিরে গেলেন প্যাভেলিয়নে।
এর পর কেকেআর ব্যাটিংয়ের কিছুটা হাল ধরার চেষ্টা করেন আন্দ্রে রাসেল ও নীতিশ রানা। টুর্নামেন্টের প্রথম ম্যাচের পর আবার মাঠে নামলেন নীতিশ রানা ১২তম ম্যাচে। চোট কাটিয়ে মাঠে নেমেই ব্যাট হাতে নিজের সেরাটা দেওয়ারই চেষ্টা করেছিলেন। ২৩ বলে করলেন ৩৩ রান। শেষ পর্যন্ত রান আউট হলেন। অন্যদিকে রাসেল টিকে থাকলে যখন বদলে দিতে পারেন সব হিসেবে পবলে মনে হচ্ছে তখনই ২৪ রানে তাঁকে ফেরালেন পীযুশ চাওলা। এর পর দলের রানকে কিছুটা হলেও ভদ্রস্থ জায়গায় নিয়ে গেলেন রিঙ্কু সিং ও রমনদীপ সিং। ২০ রানে আউট হলেন রিঙ্কু।১৭ রানে রমনদীপ সিং ও ২ রানে মিচেল স্টার্ক অপরাজিত থাকলেন। ১৬ ওভারে কেকেআর থামল ১৫৭-৭-এ।
এদিন মুম্বইয়ের হয়ে দুটো করে উইকেট নিলেন যশপ্রীত বুমরাহ ও পীযুশ চাওলা। একটি করে উইকেট নয়ান থুসারা ও অনসুল কাম্বোজের।
কেকেআর একাদশ: ফিল সল্ট (উইকেটরক্ষক), সুনীল নারিন, নীতিশ রানা, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্থী, হর্ষিত রানা
কেকেআর ইমপ্যাক্ট প্লেয়ার: সুয়শ শর্মা, অনুকুল রায়, বৈভব অরোরা, অঙ্গকৃশ রঘুবংশী, রহমানুল্লাহ গুরবাজ
মুম্বই ইন্ডিয়ান্স একাদশ: নমন ধীর, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, নেহাল ওয়াধেরা, হার্দিক পাণ্ড্যে (অধিনায়ক), টিম ডেভিড, আনশুল কাম্বোজ, পীযূষ চাওলা, যশপ্রীত বুমরাহ, নুওয়ান থুহারা
এমআই ইমপ্যাক্ট প্লেয়ার: রোহিত শর্মা, শামস মুলানি, শিবালিক শর্মা, মহম্মদ নবী, কার্তিকেয় সিং
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
