রেকর্ড করলেন অশ্বিন
অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচের পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো হ্যান্ডশেক বিতর্ক চড়া সুর বেঁধে দিয়েছে রবিবারের দু’দলের মধ্যে অনুষ্ঠেয় সুপার ফোরের ম্যাচের আগে। মাঠের বাইরেও এনিয়ে উত্তেজনা বা চাপান উতোর কম চলছে না দু’দেশের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে। তারই মাঝে পাকিস্তানের ব্যাটার মহম্মদ ইউসুফের নাম না করেও তাঁকে একহাত নিয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন।
সম্প্রতি একটি টিভি শোতে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব সম্পর্কে পাকিস্তানে প্রাক্তন ব্যাটার মহম্মদ ইউসুফের করা ছাপার অযোগ্য একটি মন্তব্য নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ইউসুফ পরে নিজের করা মন্তব্যকে সমর্থন করতে গিয়ে শাহিদ আফ্রিদি সম্পর্কে ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের মন্তব্যকে ঢাল হিসেবে তুলে ধরার চেষ্টা চালান।
আশ কি বাত ইউটিউব শোতে অশ্বিনের প্রতিক্রিয়া, ‘ আমি একজন ক্রিকেটার। ক্রিকেট মাঠে ভাল খেলা ও ব্যবহারের জন্যই জীবনে অনেক প্রাপ্তি ও সুনাম হয়েছে। কখনও কখনও আমরা সীমা ছাড়িয়ে কথা বলি বিতর্কের খাতিরে, কিন্তু সেটা ভদ্রতার সীমায় থেকেই করা উচিত। কিন্তু অনেকেই সেই সীমা রেখাটা ভুলে যায়। ব্যাপারটা তখনই নোংরামির পর্যায়ে চলে যায়। সম্প্রতি ভারতের অধিনায়ক সূর্যকুমার সম্পর্কে কুরুচিকর কিছু মন্তব্য আমার চোখে পড়েছে, কানে এসেছে। আমি সেগুলো মাথায় রাখব চিরকাল, কিন্তু এনিয়ে কোনও বাক বিতন্ডায় যাব না যাদের আই কিউ লেভেল বা বুদ্ধিমত্তা অনেকটাই কম, তাদের সঙ্গে। কারণ তারা বুদ্ধি বিবেচায় তোমার ধারে কাছেও আসবে না। সাধারন জ্ঞান বলে এসব লোকেদের সঙ্গে মুখ লাগিও না। এদের কথার কোনও গুরুত্ব দিও না। যদি সেটা না কর, তাহলে তোমারই খারাপ হবে। তুমি সহজে হেরে বসে থাকবে।’
অশ্বিনের পরামর্শ রবিবারের সুপার ফোরের ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট দলের জন্য, ‘ আমাদের একমাত্র কাজ ক্রিকেট খেলা। বাইরের বিষয়গুলিতে একবারেই মন না দেওয়া। আমরা দারুন ছন্দে আছি ক্রিকেট পিচে। ব্যাটিং করছি রাজার মতো, বোলিংয়েও সমান সাবলীল। সবমিলিয়ে অসাধারন ক্রিকেট খেলছি। সেই ছন্দ নষ্ট করতে কেউ কেউ চেষ্টা চালাচ্ছে অন্যভাবে। আমদের উচিত কোনওভাবেই প্ররোচনার ফাঁদে পা না দেওয়া। বরং যেভাবে প্রতিপক্ষ দুরমুশ করে ম্যাচ জিতছি, সেটাই বাকি টুর্নামেন্টে চালিয়ে যেতে হবে।’
আর একবার পাকিস্তানকে হারিয়ে সব বিতর্কের মোক্ষম জবাব দিতে মুখিয়ে রয়েছেন সূর্যকুমার যাদবরা রবিবারের সুপার ফোরের ম্যাচে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
