Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ শেষ ল্যাপে এসে বাজিমাত করল কলকাতা। ছিনিয়ে নিল একদিনের ক্রিকেট বিশ্বকাপের একটি সেমিফাইনাল। সবমিলিয়ে ২০২৩ সালের বিশ্বকাপের পাঁচটি ম্যাচের আয়োজনের দায়িত্ব পেয়েছে আইকনিক ইডেন গার্ডেন্স । গ্রুপ লিগে ভারতের একটি ম্যাচ হবে। সেইসঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানের দুটি ম্যাচ খেলবে ইডেনে। যে মাঠেই অধিকাংশ ম্যাচ খেলতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইংল্যান্ডের একটি ম্যাচও হবে কলকাতায়। 

ইডেন গার্ডেন্সে একদিনের বিশ্বকাপের ম্যাচ 

১) ১৯৮৭ সালের বিশ্বকাপ: ১৯৮৭ সালেই প্রথমবার ভারতে বিশ্বকাপের আসর বসেছিল। মোট দুটি ম্যাচ পেয়েছিল ইডেন গার্ডেন্স। গ্রুপ লিগের ম্যাচে ইডেনে খেলেছিল জিম্বাবোয়ে এবং নিউজিল্যান্ড। আর ফাইনাল হয়েছিল কলকাতায়। ইংল্যান্ডকে হারিয়ে প্রথম বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া।

২) ১৯৯৬ সালের বিশ্বকাপ: মাত্র একটিই ম্যাচ পেয়েছিল ইডেন গার্ডেন্স। সেমিফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল ভারত। তবে সেই ম্যাচে ইডেনের অভিজ্ঞতা ভালো হয়নি। ভারতীয় দলকে উড়িয়ে ফাইনালে চলে গিয়েছিল শ্রীলঙ্কা। যে দল শেষপর্যন্ত বিশ্বকাপ জিতেছিল।

৩) ২০১১ সালের বিশ্বকাপ: ২০১১ সালের বিশ্বকাপে চরম মুখ পুড়েছিল ইডেনের। সময়ের মধ্যে মাঠের কাজ শেষ না হওয়ার আশঙ্কায় ইডেন থেকে ভারত-ইংল্যান্ড ম্যাচ সরিয়ে দিয়েছিল আইসিসি। তার ফলে ভারতের কোনও ম্যাচ ইডেনে হয়নি। ইডেনে মোট তিনটি ম্যাচ হয়েছিল – দক্ষিণ আফ্রিকা বনাম আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস বনাম আয়ারল্যান্ড এবং জিম্বাবোয়ে বনাম কেনিয়া।

তবে ২০১১ সালের বিশ্বকাপের পর আমূল পালটে গিয়েছে ইডেন। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হয়েছিল। সেইসঙ্গে কয়েকদিনের নোটিশে ভারত-পাকিস্তান ম্যাচের আয়োজন করেছিল ইডেন। এখন বৃষ্টি হলে পুরো ইডেনকে ঢেকে দেওয়া যায়।

২০২৩ সালের বিশ্বকাপের কোন কোন ম্যাচ পেল ইডেন গার্ডেন্স?

১) প্রথম কোয়ালিফায়ার বনাম বাংলাদেশ, ২৮ অক্টোবর (শনিবার)। 

২) পাকিস্তান বনাম বাংলাদেশ, ৩১ অক্টোবর (মঙ্গলবার)। 

৩) ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর (রবিবার)। 

৪) ইংল্যান্ড বনাম পাকিস্তান, ১২ নভেম্বর (রবিবার)।

৫) দ্বিতীয় সেমিফাইনাল, ১৬ নভেম্বর (বৃহস্পতিবার)।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *