অলস্পোর্ট ডেস্ক: ম্যানচেস্টার টেস্ট যে প্রথম থেকেই ভারতের হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল তা নিয়ে কোনও সংশয় নেই। যদিও হওয়ার কথা ছিল উল্টোটাই। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিন ম্যাচ পর ভারত ১-২-এ পিছিয়ে থেকেই চতুর্থ টেস্ট খেলতে নেমেছিল। যে কারণে সিরিজে টিকে থাকতে এই ম্যাচ ভারতের জন্য ছিল মাস্ট উইন। কিন্তু প্রথম থেকেই যেন হেরে বসল শুভমান গিল অ্যান্ড ব্রিগেড। যার ফল ব্যাটে তাও কিছুটা লড়াই থাকলেও বলে রীতিমতো হতাশ করল ভারত। প্রথম ইনিংসে ভারত ৩৫৮ রানে থামার পর ইংল্যান্ড ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের চাপে ফেলে দেয়। এবং শেষ পর্যন্ত সেই চাপ বজায় রাখল হোম টিমের ব্যাটাররা। যার ফল যখন অলআউট হল তখন দলের নামের পাশে ৬৬৯ রান। ৩১১ রানের লিড নিয়ে চতুর্থ দিন ভালো জায়গায় থেকে প্রথম ইনিংস শেষ করে দ্বিতীয় ইনিংসের শুরুতেই ভারতকে বড় ধাক্কা দেয় ইংল্যান্ড বোলাররা। তার পরটা অবশ্য ভারতের অধিনায়ক, সহঅধিনায়কের। শুভমান গিল ও কেএল রাহুলের। ১৩৭ রানে পিছিয়ে থেকেই দিন শেষ করলেন তাঁরা।
তৃতীয় দিনের খেলা যখন শেষ হয় তখন ইংল্যান্ড ৫৪৪-৭। ৭৭ রানে বেন স্টোকস ও ২১ রানে লিয়াম ডওসন ক্রিজে ছিলেন। চতুর্থ দিন ব্যাট করতে নেমে স্টোকস যখন থামেন তখন তাঁর নামের পাশে ১৪১ রান। ১৯৮ বলে এই রান করতে তিনি ১১টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারিও হাঁকান। জো রুটের ১৫০ রানের পর স্টোকসের ১৪১ ভারতীয় বোলারদের দক্ষতায় বড় ধাক্কা তো বটেই। ডওসন অবশ্য ২১ থেকে ২৬-এই পৌঁছতে পেরেছিলেন। এর পর ক্রিস ওকস ৪ ও ব্রাইডন কার্স ৪৭ রানে আউট হন। ২ রানে জোফরা আর্চার অপরাজিত থাকেন।
প্রথম ইনিংসে ভারতের হয়ে চারটি উইকেট নেন রবীন্দ্র জাডেজা। দুটো করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ ও ওয়াশিংটন সুন্দর। একটি করে উইকেট নেন অনসুল কম্বোজ ও মহম্মদ সিরাজ। প্রথম ইনিংসের ৩১১ রানের ব্যবধান পেরিয়ে ব্যবধান নিজেদের তরফে বাড়িয়ে নেওয়া ভারতীয় দলের জন্য সহজ হবে না। লড়াইটা কিছুটা অসমও বটে। তার মধ্যেই চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ভারত। তবে শুরুটা মোটেও ভালো হল না ভারতের। প্রথম দুই উইকেট পড়ল কোনও রান ছাড়াই। দুই প্লেয়ারের নামের পাশে ও দলের পাশে থাকল শূন্য। আর সেখান থেকেই খেলাটা ধরলেন অধিনায়ক ও সহঅধিনায়ক। ঋষভ পন্থ না থাকায় এই ম্যাচে সহঅধিনায়কের ভূমিকায় রয়েছেন রাহুল।
বড় রানের ব্যবধানের সামনে দাঁড়িয়ে দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল। চার বল খেলে কোনও রান করেই প্যাভেলিয়নে ফিরে গেলেন যশস্বী। তিন নম্বরে ব্যাট করতে নামা সাই সুদর্শন খেললেন মাত্র একটি বল। তারও রান সংগ্রহের ভাড়ার শূন্য দ্বিতীয় ইনিংসে। দু’জনকেই ফেরালেন ক্রিস ওকস। ০-২ নিয়ে এর পর কেএল রাহুলের সঙ্গে ভারতের রানকে এগিয়ে নিয়ে যেতে নামেন স্বয়ং অধিনায়ক শুভমান গিল। প্রথম দুই টেস্টে দুরন্ত পারফর্মেন্সের পর কিছুটা ধাক্কা খেয়েছিল শুভমানের পারফর্মেন্স। অন্যদিকে কেএল রাহুল কিন্তু ধারাবাহিকভাবে নিজের সেরাটা দিয়ে যাচ্ছেন। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে ক্যাপ্টেন্স, ভাইসক্যাপ্টেন্স নক দরকার ছিল সেটাই করে দেখালেন ভারতের দুই ক্রিকেটার। ০-২ থেকে ভারতের রানকে নিয়ে গেলেন ১৭৪-২-এ। তৃতীয় উইকেটের পার্টনারশিপেও এল ১৭৪ রান। ৮৭ রানে রাহুল ও ৭৮ রানে শুভমান দিনের শেষে ক্রিজে রয়েছেন। শেষ দিন তাঁদের সামনে ম্যাচ বাঁচানোর লড়াই।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
