অলস্পোর্ট ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজের জন্য ভারতীয় অধিনায়ক, হার্দিক পাণ্ড্যেকে বার বার সমালোচনার মুখে পড়তে হচ্ছে। সিরিজের প্রথম দুই ম্যাচে দলের খারাপ পারফর্ম্যান্সের জন্য গত কয়েকদিন ধরে প্রচুর সমালোচনার শিকার হয়েছেন তিনি। কিন্তু তৃতীয় ম্যাচ দারুণভাবে জিতেও সমালোচনা পিছু ছাড়ল না তাঁর। এমনকি ছক্কা মেরে দলকে জয় এনে দেওয়ার পরও তাঁকে স্বার্থপরের তকমা পেতে হল। ভারতীয় দলের সামনে ছিল ১৬০ রানের লক্ষ্য। ১৭.৫ ওভারে যখন হার্দিক ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেন তখন ননস্ট্রাইকার এন্ডে ৪৯ রান নিয়ে অপেক্ষা করছিলেন তিলক ভর্মা। এই সিরিজের তাঁর টি২০ অভিষেক হয়েছে। তাঁর কাছে এই হাফসেঞ্চুরি কতটা কাম্য তা নিয়ে কোনও সংশয়ই নেই। কিন্তু হার্দিকের ছক্কা সেই লক্ষ্যে জল ঢেলে দেয়। যা মোটেও ভালভাবে নেননি নেটিজেনরা। সমালোচনার ঝড় ওটে সোশ্যাল মিডিয়ায়। হার্দিকের ভূমিকাকে ‘স্বার্থপর’ বলে চিহ্নিত করেছেন ফ্যানরা।
এই সিরিজেই টি২০ অভিষেক হওয়া ভার্মা দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানদের একজন। তাঁর শেষ তিনটি ম্যাচে, ভার্মা যথাক্রমে ৩৯, ৫১ এবং অপরাজিত ৪৯ রান করেছে। অভিষেকেই এই পারফর্মেন্স ভারতীয় ক্রিকেট দলের জন্য সম্পদ। অভিষেক সিরিজের শুরুতেই দুটো হাফসেঞ্চুরি তাঁর ঝুলিতে থাকলে তিনিই অনেকটাই আত্মবিশ্বাস পেতেন। কিন্তু হার্দিকের ছক্কা সেই সব ভেস্তে দিয়েছে।
স্বাভাবিক ভাবে দেখলে এতে কোনও ভুল নেই। সকলেই চাইবে যত তাড়াতাড়ি সম্ভব দলকে জয় এনে দিতে। যখন প্রথম দুই ম্যাচে হেরে দল সিরিজে ০-২ পিছিয়ে রয়েছে। তার উপর পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচে না জিততে পারলে সিরিজ হাতছাড়া হয়ে যেত দুই ম্যাচ বাকি থাকতেই। এউ পরিস্থিতিতে অধিনায়ক হিসেবে হার্দিক জয় তুলে নিতে মরিয়া ছিলেন। তার উপর অধিনায়কত্ব নিয়েও তাঁকে প্রভূত সমালোচনার মুখে পড়তে হয়েছে। সেই সবকে বুড়ো আঙুল দেখিয়ে দলকে জয় এনে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু সময় খারাপ গেলে যা হয়। ভারতকে জিতিয়েও তাঁকে পেতে হল স্বার্থপরের তকমা।
এই ম্যাচের সব থেকে সফল ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। ১০টি চার ও চারটি ছক্কার সাহায্যে মাত্র ৪৪ বলে ৮৩ রানের ইনিংস খেলেন তিনি। ম্যাচ-পরবর্তী উপস্থাপনা অনুষ্ঠানে সূর্যের প্রভূত প্রশংসা করতে শোনা যায় ক্যাপ্টেন হার্দিককে। তখনও তিনি জানতেন না তাঁর জন্য কী অপেক্ষা করছে নেট দুনিয়ায়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
