Cart Total Items (0)

Cart

All Sports India
টি২০ সিরিজ

অলস্পোর্ট ডেস্ক: পাঁচ ম্যাচের টি২০ সিরিজের প্রথম দুই ম্যাচে হারের মুখ দেখতে হলেও পর পর দুই ম্যাচ জিতে টি২০ সিরিজ-এ সমতায় ফিরল ভারত। যার ফলে শেষ ম্যাচ দুই দলের জন্য কার্যত ফাইনালের রূপ নিল। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে ক্যারিবিয়ানরা। জবাবে ব্যাট করতে নেমে ১৮ বল বাকি থাকতেই মাত্র এক উইকেট হারিয়ে ১৭৯ রান তুলে নেয় ভারত। ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। সিরিজ আপাতত ২-২।

এদিন ওপেন করতে নেমে দুই ওপেনার কেইল মেয়ার্স ১৭ ও ব্রেন্ডন কিং ১৮ রান করে আউট হয়ে যান। মাত্র ১৯ রানে প্রথম উইকেট ও ৫৪ রানে দ্বিতীয় উইকেট পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। তিন নম্বরে নেমে শাই হোপ ৪৫ রানের ইনিংস খেলে দলকে কিছুটা ভরসা দেন। কিন্তু তার পর অআবার নিকোলাস পুরান ও রোভমান পাওয়েল দলকে কোনও ভরসা দিতে পারেননি। দু’জনেই এক রান করে করেন।

শেষ বেলায় শিমরন হেটমেয়ার দলের রান বাড়ানোর চেষ্টা করেন। তাঁর ব্যাট থেকে আসে ৬১ রান। দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান তাঁরই। এর পর রোমারিও শেফার্ড ৯, জেসন হোল্ডার ৩ রান করে আউট হন। ১৫ রানে ওডেন স্মিথ ও ৫ রানে আকিল হোসেন অপরাজিত থাকেন। ২০ ওভারে ১৭৮-৮-এ থামে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে তিন উইকেট নেন অর্শদীপ সিং। দুই উইকেট নেন কুলদীপ যাদব ও একটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল ও মুকেশ কুমার।

জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনারই জয়ের পথে নিয়ে যায় ভারতীয় দলকে। যশস্বী জয়সওয়াল ৫১ বলে ৮৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। তাঁর ইনিংস সাজানো ছিল ১১টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি দিয়ে। ৭৭ রান করে আউট হন আর এক ওপেনার শুবমান গিল। ৪৭ বলে এই রান করতে তিনি তিনটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একমাত্র উইকেটটি নেন রোমারিও শেফার্ড। ম্যাচের সেরা হয়েছিলেন যশস্বী জয়সওয়াল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *