অনুশীলনের ফাঁকে আলোচনায় টিম কেকেআর।—নিজস্ব চিত্র
সুচরিতা সেন চৌধুরী: কলকাতায় আইপিএল ২০২৪-এর শেষ ম্যাচে বৃষ্টির ভ্রুকূটি থাকছেই। শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস ছিল কিন্তু সৌভাগ্যবশত এদিন বৃষ্টি হয়নি। তাই ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নামার আগে অনুশীলনের সুযোগ পেল কেকেআর। এদিন অনুশীলন করল মুম্বই ইন্ডিয়ান্সও। ১২ বছর পর যাদের ঘরের মাঠে গিয়ে হারাতে সক্ষম হয়েছে কলকাতা। এবার মরসুমে তাদের দ্বিতীয়বার হারানোর লক্ষ্য কলকাতার সামনে। যদিও প্লে-অফে যেতে কলকাতার দরকার মাত্র এক পয়েন্ট। যা ঘরের মাঠ থেকেই তুলে নিতে চাইবেন গম্ভীররা।
মাঝে কয়েকটা ম্যাচ খারাপ গেলেও গত দুটো অ্যাওয়ে ম্যাচে সাফল্য এসেছে। যার ফলে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে দল। অন্যদিকে মুম্বইয়ের সামেন আইপিএল ২০২৪-এর আর কোনও মোটিভেশন থাকার কথা নয়। কারণ ইতিমধ্যেই তারা ছিটকে গিয়েছে। এখন লক্ষ্য শুধু সম্মানের সঙ্গে শেষ করা। কারণ শুরু থেকেই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক বদলের খারাপ প্রভাব পড়ে দলের উপর। যার রেশ শেষ পর্যন্ত কাটিয়ে উঠতে পারল না পাঁচবারের চ্যাম্পিয়ন দল। যদিও প্রত্যাশাহীন মুম্বইকে হালকাভাবে নিচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। সাংবাদিক সম্মেলনে এসে তেমনটাই জানিয়ে গিলেন দলের সফলতম বোলার বরুণ চক্রবর্থী।
তিনি বলছিলেন, ‘‘আমাদের কাছে এটা আরও একটা ম্যাচ। মুম্বই ভয়ঙ্কর দল। ওরা পাঁচবারের চ্যাম্পিয়ন। ওরা ছিটকে্ গিয়েছে কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়।আমাদের কাছে মূল লক্ষ্য সেরা দু’য়ে শেষ করা।’’ যদিও এক পয়েন্ট পেলেই দল প্লে-অফে পৌঁছে যাবে কিন্তু এটাকে আত্মতুষ্টির কারণ হতে দিতে নারাজ বরুণ। লিগ পর্বে আরও তিনটি ম্যাচ খেলতে হবে কলকাতাকে। এই মুহূর্তে লিগ টেবলের শীর্ষে রয়েছে দল।
যদিও এই আইপিএল লেখা থাকবে ব্যাটারদের নামে। প্রায় সব ম্যাচেই ২০০-র উপর রান। আবার সেই রান তাড়া করে জয় তুলে নেওয়া দলও রয়েছে। সেঞ্চুরিও এসেছে ব্যাটে। সে দিক থেকে দেখতে গেলে বোলাররা কিছুটা পিছিয়েই। কিন্তুই শুরুটা ভাল না হলেও কলকাতার হয়ে বল হাতে রীতিমতো দাপট দেখাচ্ছেন বরুণ চক্রবর্থী। মেনেও নিলেন সে কথা। বলছিলেন, ‘‘এটা ঠিক আমার শুরুটা ভাল হয়নি। তার পর আমরা লাইন ও লেনথের উপর অনেক কাজ করেছি। বিভিন্ন জায়গায় বল করার চেষ্টা করেছি। ভাল ক্রিকেট খেলার চেষ্টা করেছি। এবং সেটা কাজে লেগেছে। শুরুতে উইকেট পাইনি, পরে পেয়েছি আবার হয়তো কাল পেলাম না, এটাই ক্রিকেট।’’
তবে নিজেদের খেলা নিয়ে আত্মবিশ্বাসী বরুণ। বলছিলেন, ‘‘আমরা যেভাবে খেলছি, খেলার প্রতি আমাদের যে ভূমিকা, আমাদের বোলিং আক্রমণ কি ফ্যাক্টর দলের জন্য। গত ম্যাচে আমরা ১৭০ রান ডিফেন্ড করেছি।’’ সব প্রশ্নেই রীতিমতো আত্মবিশ্বাসী শোনায় বরুণের গলা। এক কথায় শুরুটা যেমনই হোক বল হাতে দলকে রীতিমতো ভরসা দিচ্ছেন তিনিই। তবে আত্মতুষ্ট নন সেটা পরিষ্কার করে দিলেন। জানেন জয় আসছে ঠিকই কিন্তু কোনওটাই খুব সহজে নয়। প্রতি ম্যাচেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। তাই তিনি মেনে নিলেন দলের জন্য আসল হল ধারাবাহিকতা।
বলছিলেন, ‘‘আমাদের এখন যেটা করতে হবে সেটা হল ধারাবাহিকতা ধরে রাখা। যেটা সব কিছুর থেকে কঠিন। আর সব থেকে বড় বিষয় হল লিগ টেবলের শীর্ষে থাকা। কারণ শীর্ষে থাকাটা দায়িত্ব অনেক বাড়িয়ে দেয়।’’
সম্প্রতি আইপিএল-এর মঞ্চ একটা খুবই খারাপ নজির তৈরি করেছে যখন লখনউ অধিনায়ক কেএল রাহুলের সঙ্গে ম্যাচ হারার পর কথা বলছিলেন মালিক সঞ্জীব গোয়েঙ্কা। তবে কেকেআর মালিক শাহরুখ খানের থেকে অন্যরকমই ব্যবহার পায় গোটা দল। লখনউ সুপার জায়ান্টের ঘটনার পর এই বিষয় নিয়ে যেন আরও বেশি করে আলোচনা হচ্ছে। বরুণ বলছিলেন, ‘‘শাহরুখ ভাই খুব বোঝে। আমি প্রথমবার দেখছি। কলকাতার প্রায় সব ম্যাচেই তিনি ছিলেন মাঠে। ম্যাচ শেষেএ ড্রেসিংরুমে আমাদের সঙ্গে অনেকটা সময় দেন। সব সময় সাপোর্ট করেন। আমরা যখন পঞ্জাব ম্যাচ হেরে গিয়েছিলাম তখনও তিনি ড্রেসিংরুমে এসে আমাদের সঙ্গে কথা বলেছিলেন, আমাদের ভরসা দিয়েছিলেন।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
