Cart Total Items (0)

Cart

All Sports

সুচরিতা সেন চৌধুরী: ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের শেষ ম্যাচ। কিন্তু তাঁর আকাশে বৃষ্টির আনাগোনা চলছেই। গত কয়েকদিন ধরেই কলকাতা ও তার আশপাশের এলাকায় প্রবল বৃষ্টি চলছে। শনিবার কলকাতার ঘরের মাঠে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু তার আগে দুপুর থেকেই আবহাওয়া বদলাতে শুরু করে। সকালের দিকে হালকা রোদ উঠলেও দুপুর গড়াতেই আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়। যার পূর্বাভাস ছিলই। বিকেলের দিকে সাময়িক কমলেও সাড়ে পাঁচটা থেকে আবার শুরু হয়। শুক্রবার কেকেআর ও এমআই অনুশীলন করে উঠে যাওয়ার পর থেকেই মাঠ ঢেকে ফেলা হয়েছিল। এদিনও সকাল থেকে মাঠ ঢাকাই ছিল। যা অবস্থা নির্ধারিত সময়ে খেলা শুরু করা এই মুহূর্তে দাঁড়িয়ে কঠিন বলেই মনে হচ্ছে।

আইপিএল-এর নিয়ম অনুযায়ী খেলা যদি পুরোপুরি ভেস্তে যায় তাহলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। কিন্তু যদি ম্যাচ হওয়া কোনও ভাবে সম্ভব হয় তাহলে রয়েছে নানা হিসেব-নিকেশ। আইপিএল ম্যাচ শুরু হওয়ার নির্ধারিত সময় সন্ধে সাড়ে সাতটা। সেই সময় যদি ম্যাচ শুরু করা সম্ভব না হয় তাহলে পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করা হবে। যদি পরবর্তী এক ঘণ্টা মানে সাড়ে আটটার মধ্যে ম্যাচ শুরু করা সম্ভব হয় তাহলে পুরো ২০-২০ ওভারই খেলা হবে।

এবার দেখা গেল ৮.৩০-এর মধ্যে খেলা শুরু করা সম্ভব হল না। সেই অবস্থায় ওভার কমতে শুরু করবে। সময় যত এগোবে তত ওভার কমবে। শেষ টস করার সময় ১০.৪১। যদি ১০.৪১-এর মধ্যে টস করা সম্ভব হয় তাহলে খুব বেশি হলে ১০.৫৬-এর মধ্যে খেলা শুরু করতে হবে। সেই ম্যাচ তখন ৫-৫ ওভারের হবে। হিসেব বলছে ২২ মিনিট করে এক একটি ইনিংস যদি হয় তাহলে খেলা শেষ হতে রাত ১২টার পর হয়ে যাবে।

এবার দেখার বৃষ্টি থেমে কখন খেলা শুরু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। ইতিমধ্যেই ইডেন গার্ডেন্সে পৌঁছে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। দুই দলের ক্রিকেটাররাই মাঝে মাঝে বাইরে গিয়ে বৃষ্টি নেমে নিচ্ছেন। কিন্তু প্রকৃতি হতাশ করছে। যদিও এই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই কলকাতার প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে। কিন্তু ঘরের মাঠে শেষ ম্যাচ জিতেই প্লে-অফ নিশ্চিত করতে চেয়েছিলেন শ্রেয়াসরা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *