Cart Total Items (0)

Cart

All Sports

নিজস্ব সংবাদদাতাঃ সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে কারা জয়ের হ্যাটট্রিক করবে? কোনও একটি দলকে তো ম্যাচ হারতেই হবে। ড্র হলে আলাদা বিষয়। তবে হায়দরাবাদ এবং মুম্বই- এই দুই দলই শুরুটা ভালো না করলেও, শেষ ২টি করে ম্যাচ জিতে বড় অক্সিজেন পেয়েছে তারা। এবং শেষ ম্যাচে দুই দলই কেকেআর-কে হারিয়েছে।

হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামার আগে মুম্বইয়ের সবচেয়ে বড় সমস্যা হল চোট। জোফ্রা আর্চারের দিকে সকলেই তাকিয়ে রয়েছেন। তিনি প্রথম ম্যাচ খেলার পর থেকে কনুইয়ের চোটের কারণে আর খেলতে পারেননি। যদি তিনি ফিট এবং প্রস্তুত হন, তবে তাঁর না খেলার কোনও কারণ নেই। মুম্বইকে বড় স্বস্তি দিয়েছেন সূর্যকুমার যাদবের ফর্মে ফেরা। ছন্দে রয়েছেন তরুণ মিডল অর্ডার ব্যাটার তিলক বর্মাও। তাঁর শহরেই ম্যাচ। মুম্বই ইন্ডিয়ান্স টিম হায়দরাবাদে পৌঁছে তিলকের বাড়িতেও যায়। তাঁর পরিবারের সঙ্গে সময় কাটায়। যে কারণে নিজের শহরে সেরাটা দিতে মরিয়া থাকবেন তিলক। দ্বিতীয় ম্যাচে পেটের সমস্যার কারণে নেতৃত্ব দিতে পারেননি। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে পরে ব্যাট করতে নেমেছিলেন।

সানরাইজার্স হায়দরাবাদ সম্ভবত টিমে কোনও পরিবর্তন করবে না। কেকেআর-এর বিরুদ্ধে হ্যারি ব্রুক আবার ওপেন করতে নেমে সেঞ্চুরি হাঁকান। ১৩ কোটির প্লেয়ার তার আগে ফর্মে ছিলেন না। যা চিন্তায় ফেলেছিল হায়দরাবাদকে। কিন্তু তিনি ফর্মে ফেরায় সানরাইজার্স অক্সিজেন পেয়েছে। শুরুর দুই ম্যাচে ব্রুক মিডল অর্ডারে খেলেন। তৃতীয় ম্যাচে ওপেন করলেও নজর কাড়তে পারেননি। চতুর্থ ম্যাচে তিনি ছন্দে ফেরেন। ওয়াশিংটন সুন্দরকে আরও দক্ষতার সঙ্গে ব্যবহার করা ছাড়া সানরাইজার্সের টিমে পরিবর্তন করার কোন কারণ নেই। তারা যদি প্রথমে ব্যাট করে, তা হলে তারা ওয়াশিংটনকে রেখেই টিম সাজাতে পারে। এবং ইনিংস বিরতিতে ব্রুকের পরিবর্তে টি নটরাজনকে খেলাতে পারে। তারা প্রথমে ফিল্ডিং করলে, ইনিংস বিরতিতে নটরাজনের বদলি হতে পারেন ব্রুক।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *