শাহীন আফ্রিদি
অলস্পোর্ট ডেস্ক: শনিবার এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে পাকিস্তানের বোলিং নজর কাড়ল সবার। ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি এদিন চারটি উইকেট নিয়ে ভারতকে একেবারে কোণঠাসা করে দেন। ভারতের দুই সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা এবং বিরাট কোহলির উইকেট শুরুতেই তুলে নেন শাহিন আফ্রিদি। রোহিত-বিরাটের উইকেট নিয়েই থেমে থাকেননি তিনি। হার্দিক পাণ্ড্যে এবং রবীন্দ্র জাদেজার উইকেট নিয়ে ভারতের ব্যাটিং-এ চাপ বাড়িয়ে দেন তিনি।
ম্যাচ শেষে আফ্রিদিকে তাঁর পছন্দের উইকেটের কথা জিজ্ঞাসা করা হলে তিনি জানান বিরাট এবং রোহিত দু’জনের উইকেট নেওয়াই কঠিন ছিল। যদিও তিনি জানিয়েছেন রোহিতের উইকেটই তাঁর সবচেয়ে বেশি পছন্দের ছিল।
তিনি বলেন, ‘‘নতুন বল নিয়ে আমাদের পরিকল্পনা এটাই ছিল। আমার মনে হয় দু’জনের (রোহিত এবং বিরাট) উইকেটই নেওয়াই খুব কঠিন ছিল। আমার কাছে সব ব্যাটারই সমান। কিন্তু আমার মনে হয় রোহিতের উইকেটটাই আমার সবচেয়ে বেশি ভাল লেগেছে। আমরা ফাস্ট বোলাররা যে পরিকল্পনা করেছিলাম তা সফল হয়েছে। নতুন বল প্রথমে একটু সুইং করছিল পরে তেমন খুব একটা করেনি। বল পুরোনো হয়ে গেলে রান তোলা সহজ হয়ে যায়।’’
পাল্লেকেলেতে ঈশান এবং হার্দিকের পারফর্ম্যান্সই রোহিতদের এই ম্যাচে অনেকটাই আস্বস্ত করেছিল। এশিয়া কাপের প্রথম ম্যাচে ঈশান করেন ৮২ রান। হার্দিক এদিন ৮৭ রান করে পাকিস্তানকে ২৬৭ রানের লক্ষ্যমাত্রা দিতে সাহায্য করেন। আফ্রিদির বলে হার্দিক আউট হয়ে যাওয়ার পর ভারত আর তেমন রান তুলতে পারেনি পাকিস্তানের বিরুদ্ধে।
ভারতের টপ অর্ডার পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করলে ঈশান এবং পাণ্ড্যেই ভারতের ব্যাটিং এগিয়ে নিয়ে যান। পাকিস্তানের পেসারদের আক্রমণে ভারতকে ৪৮.৫ ওভারে ২৬৬ রান করে থামতে হয়।
আফ্রিদির বোলিং ভারতের টপ অর্ডারের ব্যাটারদের ধুলিসাৎ করে দেয়। বিরাট, রোহিত, জাদেজা এবং হার্দিকের উইকেট নিয়ে ভারতকে চাপে রেখেছিলেন তিনি। আফ্রিদি ছাড়াও হ্যারিস রউফ, নাসিম শাহ তিনটি করে উইকেট নিয়েছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
