Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির দ্বিতীয় টেস্টে রেকর্ড ভাঙা পারফর্মেন্সের পর ভারতের অধিনায়ক শুভমান গিল আইসিসি পুরুষদের টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের সেরা ১০-এ জায়গা করে নিয়েছেন। গিল ১৫ ধাপ এগিয়ে ৬ নম্বরে পৌঁছেছেন – টেস্ট ক্রিকেটে তাঁর কেরিয়ারের এখনও পর্যন্ত এটিই সেরা।

এদিকে, ইংল্যান্ডের হ্যারি ব্রুক র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন, প্রাক্তন অধিনায়ক জো রুটকে সরিয়ে নতুন বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১ নম্বরে জায়গা করে নিয়েছেন ।

গিল বার্মিংহামে একই টেস্ট ম্যাচে ডাবল সেঞ্চুরি এবং ১৫০-এর বেশি রান করা প্রথম ব্যাটসম্যান হয়ে ইতিহাস তৈরি করেছেন। তিনি প্রথম ইনিংসে ২৬৯ রান করেন, তারপরে দ্বিতীয় ইনিংসে ফ্ল্যাট পিচে ১৬১ রান করেন। ভারত ম্যাচে ১০০০-এরও বেশি রান করে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে সিরিজ ১-১-এ সমতা আনে।

শুভমান গিলের আগের সেরা টেস্ট র‍্যাঙ্কিং ছিল ১৪, কিন্তু এখন তিনি ৮০৭ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন – যা তার আগের সেরা থেকে ১০৬ পয়েন্ট বেশি।

অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির শুরুতে ভারতের টেস্ট অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর থেকে, গিল তাঁর বিদেশের ফর্ম রীতিমতো বদলে ফেলেছেন, ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং এশিয়ার বাইরে তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলা সমালোচকদের চুপ করিয়ে দিয়েছেন।

ইংল্যান্ডে আসার পর থেকে গিল দু’টি টেস্টে ৫৮৫ রান করেছেন, যার মধ্যে দু’টি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি রয়েছে। তরুণ এই ব্যাটসম্যান অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করার সঙ্গে উভয় টেস্টেই ভারতকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

তাঁকে নিয়ে সেরা ১০-এ তিন জন ভারতীয় রয়েছেন। এদিকে, যশস্বী জয়সওয়াল সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে তাঁর ৪ নম্বর স্থান ধরে রেখেছেন। বাঁ হাতি এই ওপেনার বার্মিংহাম টেস্টের প্রথম ইনিংসে ৮৭ রান করেছিলেন, সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে একটি সেঞ্চুরি করেছিলেন।

এদিকে, অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে ধারাবাহিক রান করা সত্ত্বেও উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ এক ধাপ পিছিয়ে ৭ নম্বরে রয়েছেন। পন্থ প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন এবং তারপরে বার্মিংহামে দ্বিতীয় ইনিংসে দ্রুত ৬৫ রান করেছিলেন। পন্থ প্রথম দু’টি টেস্টে ৩৪২ রান করেন।

আইসিসি টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিং (৯ জুলাই পর্যন্ত)

১) হ্যারি ব্রুক (ইংল্যান্ড) – রেটিং পয়েন্ট: ৮৮৬
২) জো রুট (ইংল্যান্ড) – রেটিং পয়েন্ট: ৮৬৮
৩) কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) – রেটিং পয়েন্ট: ৮৬৭
৪) যশস্বী জয়সওয়াল (ভারত) – রেটিং পয়েন্ট: ৮৫৮
৫) স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া) – রেটিং পয়েন্ট: ৮১৩
৬) শুভমান গিল (ভারত) – রেটিং পয়েন্ট: ৮০৭
৭) টেম্বা বাভুমা (দক্ষিণ আফ্রিকা) – রেটিং পয়েন্ট: ৭৯০
৮) ঋষভ পন্থ (ভারত) – রেটিং পয়েন্ট: ৭৯০
৯) কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা) – রেটিং পয়েন্ট: ৭৮১
১০) জেমি স্মিথ (ইংল্যান্ড) – রেটিং পয়েন্ট: ৭৫৩

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অপরাজিত ১৮৪ এবং ৮৮ রানের ইনিংস খেলার পর টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে ১৬ ধাপ উন্নতি করে দশম স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক জেমি স্মিথ, যিনি ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিংয়ে পৌঁছেছেন। অন্যদিকে বুলাওয়াতে জিম্বাবোয়ের বিরুদ্ধে অপরাজিত ৩৬৭ রানের পর দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার ৩৪ ধাপ উন্নীত হয়ে একই তালিকায় ২২তম স্থানে উঠে এসেছেন।

টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ে, বার্মিংহামে না খেলেও যশপ্রীত বুমরাহ এক নম্বর স্থান ধরে রেখেছেন। এদিকে, বার্মিংহাম টেস্টে ছয় উইকেট শিকারের পর মহম্মদ সিরাজ ছয় ধাপ উন্নতি করে ২২ নম্বরে পৌঁছেছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *