শুবমান গিল
অলস্পোর্ট ডেস্ক: ভারতের ওপেনার শুভমান গিল চলতি এশিয়া কাপে তাঁর পারফর্ম্যান্সের পুরস্কার পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে। সদ্য প্রকাশিত আইসিসি ওডিআই র্যাঙ্কিং-এ ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। এশিয়া কাপে ভারত এখনও পরাজয়ের স্বাদ পায়নি এবং তাদের সাফল্যের অনেকটাই ব্যাটসম্যানদের অবদান। বিশেষ করে অধিনায়ক রোহিত শর্মা, গিল এবং বিরাট কোহলি সমন্বিত টপ অর্ডার তাদের ফর্ম ফিরে পেয়েছেন। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে গিলই একমাত্র ভারতীয় নন, কোহলি দুই ধাপ উঠে অষ্টমস্থানে এবং রোহিত দুই স্থান উঠে নবম স্থানে জায়গা করে নিয়েছেন।
সাড়ে চার বছরেরও বেশি সময় পরে প্রথমবারের মতো, ব্যাটসম্যানদের জন্য সর্বশেষ র্যাঙ্কিংয়ের সেরা ১০-এর মধ্যে তিনজন ভারতীয় রয়েছেন। টুর্নামেন্টে গিল ইতিমধ্যেই দু’টি হাফ সেঞ্চুরি করেছেন, এখনও পর্যন্ত মোট ১৫৪ রান রয়েছে তাঁর ঝুলিতে।
চলমান টুর্নামেন্টে তাঁর অসাধারণ প্রত্যাবর্তন তাঁকে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে কেরিয়ারের সেরা দ্বিতীয় স্থানে পৌঁছে দিয়েছে। তিনি পাকিস্তান অধিনায়ক বাবর আজমের ঘারে নিঃশ্বাস ফেলছেন, যিনি বর্তমানে তালিকার শীর্ষে রয়েছে।
আইসিসি র্যাঙ্কিং অনুসারে, গিল বাবরের সঙ্গে ব্যবধানটি যথেষ্ট পরিমাণে কমিয়ে এনেছেন, ব্যবধান এখন মাত্র ১০৩ রেটিং পয়েন্টে নেমে এসেছে। পাকিস্তান অধিনায়ক ৮৬৩ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটিং তালিকার শীর্ষে এবং গিল বর্তমানে ৭৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।
ব্যাটসম্যানদের জন্য সেরা ১০ র্যাঙ্কিংয়ের মধ্যে শেষবার ভারতের তিনজন খেলোয়াড় ছিল কিনা তা খুঁজে বের করতে ২০১৯-এর শুরুতে ফিরে যেতে হবে। ২০১৯-এর জানুয়ারিতে ওপেনার শিখর ধাওয়ানের সঙ্গে সেরা ১০-এ ছিলেন রোহিত এবং কোহলি।
ওডিআই দলগত র্যাঙ্কিং তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ভারত রয়েছে তার পরেই। ব্যাটিং তালিকার শীর্ষে তাদের তিনজন করে ক্রিকেটার রয়েছে। তবে ইমাম-উল-হক এক ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে এবং সতীর্থ ওপেনার ফখর জামান তিন ধাপ পিছিয়ে দশম স্থানে রয়েছেন।
বর্তমানে তাঁর কেরিয়ারের সেরা ফর্মে থাকা, ভারতের স্পিনার কুলদীপ যাদব এশিয়া কাপে তাঁর নয় উইকেটের সৌজন্য বোলিং তালিকায় সপ্তম স্থানে জায়গা করে নিয়েছেন। ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যে অলরাউন্ডার তালিকায় চার ধাপ এগিয়ে ষষ্ঠস্থানে রয়েছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
