বিরাট কোহলি
অলস্পোর্ট ডেস্ক: ৯৪ বলে ১২২ রান করে বিরাট কোহলি প্লেয়ার অফ দ্য ম্যাচ হন ভারত বনাম পাকিস্তান ম্যাচে। ভারত-পাকিস্তান ম্যাচ রবিবার শুরু হয়েছিল। বৃষ্টির কারণে তা সোমবার পর্যন্ত গড়িয়েছে। মঙ্গলবার ভারত মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। পরপর ম্যাচ খেলার ফলে স্বভাবতই ভারতীয় ক্রিকেটারদের ক্লান্তি থাকবেই। কিন্তু বিরাট স্পষ্টই জানিয়ে দিলেন মঙ্গলবার পিচে ফিরে আসার জন্য তিনি প্রস্তুত। তিনি জানিয়েছেন টেস্ট ক্রিকেট খেলার জন্যই পরপর তিনদিন খেলা থাকলেও তাঁর কোনও সমস্যাই হবে না।
এশিয়া কাপে সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে কোহলি প্রথমে ৫৫ বলে ৫০ রান থেকে তিনি ৯৪ বলে ১২২ রান করে অপরাজিত থাকেন। শেষ ৩৯ বলে তিনি ৭২ রান করেছিলেন। কোহলির পাশাপাশি লোকেশ রাহুলেরও ভাল ফর্ম ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে জিততে সাহায্য করেছে।
ম্যাচের পর কোহলি বলেন, ‘‘আমি সেই রান তোলার জন্য চাপ দিচ্ছিলাম এবং এর জন্য আমি খুশি, কিন্তু আমি ভাবছিলাম আগামীকাল বিকাল ৩টায় খেলতে হবে। ১৫ বছরের ক্রিকেটে আমি এই প্রথম এমন কিছু করেছি। ভাগ্যক্রমে আমরা টেস্ট ক্রিকেটার, তাই আমরা জানি কীভাবে পরের দিন ফিরে এসে খেলতে হয়।’’
কোহলির অসাধারণ পারফর্ম্যান্স এবং রাহুলের শতরান ভারতকে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে জিততে সাহায্য করেছে। চোটের কারণে এতদিন মাঠের বাইরে ছিলেন কেএল রাহুল। চোট কাটিয়ে খেলায় ফিরে এসেই তিনি আন্তর্জাতিক ম্যাচে ১১১ রান করেছেন। এর সঙ্গে তিনি জিতে নিয়েছেন বিরাটের প্রশংসা।
কোহলি আরও বলেন, ‘‘আমি এবং রাহুল দু’জনেই ভাল খেলেছি। আমাদের মধ্যে সুন্দর পার্টনারশিপ তৈরি হয়ে গিয়েছিল যা ভাঙা খুবই কঠিন হয়ে গিয়েছিল বিরোধি বোলারদের পক্ষে। এই পার্টনারশিপ আমার কাছে স্মরণীয়। শুধু আমার কাছেই নয় ভারতীয় ক্রিকেট দলের কাছেই এই পার্টনারশিপ গুরুত্বপূর্ণ ছিল।’’
সুপার ফোরে পাকিস্তানকে হারানোর পর ভারত এশিয়া কাপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থনে পৌঁছে গিয়েছে। মঙ্গলবার ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হতে চলেছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
