অলস্পোর্ট ডেস্ক: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ পাঁচ ম্যাচের টি২০ সিরিজ এমন একটা জায়গায় এসে পৌঁছেছিল যাতে শেষ ম্যাচ ছিল দুই দলের জন্য ফাইনাল ম্যাচ। ২-২ অবস্থায় এদিন খেলতে নেমেছিল দুই দেশ। ভারতের দীর্ঘ ওয়েস্ট ইন্ডিজ সফরের এটিই ছিল শেষ ম্যাচ। টেস্ট সিরিজের পর ওডিআই এবং টি২০ খেলে দেশে ফিরবে দল। লক্ষ্য ছিল সিরিজ জিতেই দেশে ফেরার। কিন্তু তেমনটা হল না। শেষ ম্যাচে ভারতকে সহজেই হারিয়ে টি২০ সিরিজ নিজেদের দেশেই রেখে দিল ক্যারিবিয়ানরা।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। তবে আগের ম্যাচের মতো সাফল্য আসেনি দুই ওপেনারের ব্যাটে। এদিন দু’জনেই ব্যর্থ। যশস্বী জয়সওয়াল ৫ ও শুবমান গিল ৯ রান করে আউট হয়ে যান। যার ফলে ভিতটাই নড়বড়ে হয়ে যায় ভারতের। বড় রানের লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। তবে তিন নম্বরে নেমে কিছুটা চেষ্টা করেছিলেন সূর্যকুমার যাদব। ৪৫ বলে ৬১ রানের ইনিংস করেন তিনি। তবে তা যথেষ্ট ছিল না বড় রানের জন্য।
এছাড়া তিলক ভর্মা ২৭, সঞ্জু স্যামসন ১৩, হার্দিক পাণ্ড্যে ১৪, অক্ষর প্যাটেল ১৩, অর্শদীপ সিং ৮, কুলদীপ যাদব ০ রান করে আউট হয়ে যান। যুবেন্দ্র চাহাল রানের খাতা খুলতে পারেননি। ৪ রানে অপরাজিত থাকেন মুকেশ কুমার। ২০ ওভারে ভারত থামে ১৬৫-৯-এ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে চার উইকেট নেন রোমারিও শেফার্ড। দুটো উইকেট নেন আকিল হোসেন ও জেসন হোল্ডার। এক উইকেট নেন রোস্টন চেস। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৮ ওভারেই লক্ষ্যকে ছাপিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
ভারতীয় ব্যাটারদের মতো এদিন ব্যর্থ ভারতীয় বোলাররাও। পুরো ১৮ ওভার বল করে ভারতীয় বোলারদের সংগ্রহ মাত্র দুই উইকেট। যার ফল নিশ্চিন্তে লক্ষ্যের জন্য রান তোলেন তাঁরা। এদিন ওপেনার ব্রেন্ডন কিং ৫৫ বলে ৮৫ রান করে অপরাজিত থাকেন। আর এক ওপেনার কেইল মেয়ার্স ১০ রান করে আউট হয়ে যান। ৪৭ রান করে আউট হন নিকোলাস পুরান। ২২ রানে অপরাজিত থাকেন শাই হোপ। ছক্কা হাঁকিয়ে জয়ের রান তুলে নেন শাই হোপ। ১২ বল বাকি থাকতে দুই উইকেট হারিয় ১৭১ রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে একটি করে উইকেট নেন অর্শদীপ সিং ও তিলক ভর্মা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
