Cart Total Items (0)

Cart

All Sports

ঘোষণা করা হল এ বছরের সুপার কাপের সূচী। হিরো আইএসএলের ১১টি দলের সঙ্গে এই টুর্নামেন্টে খেলবে আরও পাঁচটি দল, যারা আসবে হিরো আই লিগ থেকে। মোট ১৬টি দলকে নিয়ে এই টুর্নামেন্ট হবে কোরালায়। যা শুরু হবে এপ্রিলের ৮ তারিখে ও শেষ হবে ২৫ তারিখে। কোচি, কোঝিকোড়ে ও তিরুবনন্তপুরমের মধ্যে যে কোনও দুটি শহরে হবে সুপার কাপের ম্যাচগুলি। 

হিরো আইএসএলে অংশগ্রহনকারী ১১টি দলের সঙ্গে হিরো আই লিগের চ্যাম্পিয়ন দল এই টুর্নামেন্টে সরাসরি খেলার অধিকার পাচ্ছে। হিরো আই লিগের ২ থেকে ১০ নম্বর দল অংশ নেবে সুপার কাপের বাছাই পর্বে। নিজেদের মধ্যে বাছাই পর্বে খেলার পরে সেই পর্বের সেরা চারটি দল সুপার কাপে অংশ নেওয়ার ছাড়পত্র পাবে। বাছাই পর্ব শুরু হবে ৩ এপ্রিল থেকে।

বাছাই পর্বে হিরো আই লিগের নয় ও দশ নম্বর দল পরষ্পরের বিরুদ্ধে খেলবে কোয়ালিফায়ার ১-এ। সেই ম্যাচে যারা জিতবে, তারা কোয়ালিফায়ার ২-এ খেলবে হিরো আই লিগের দ্বিতীয় স্থানাধিকারী দলের বিরুদ্ধে। এ ছাড়াও তিন থেকে আট নম্বর দলও নিজেদের মধ্যে নক আউট ফরম্যাটে খেলে সুপার কাপে খেলার ছাড়পত্র পাবে। 

বাছাই পর্বের সূচী এ রকম

৩ এপ্রিল – হিরো আই লিগ ৯ নম্বর দল বনাম ১০ নম্বর দল

৫ এপ্রিল – হিরো আই লিগ ২ নম্বর দল বনাম ৯ বা ১০ নম্বর দল

৫ এপ্রিল – আই লিগ ৩ নম্বর দল বনাম ৮ নম্বর দল 

৬ এপ্রিল – আই লিগ ৪ নম্বর দল বনাম ৭ নম্বর দল

৬ এপ্রিল – আই লিগ ৫ নম্বর দল বনাম ৬ নম্বর দল

চার বছর পরে হিরো সুপার কাপের আসর ফের বসতে চলেছে। ২০১৯-এ এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল এফসি গোয়া। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ফাইনালে চেন্নাইন এফসি-কে ২-১-এ হারিয়ে সেরার খেতাব পায় তারা। তার আগের বছর, ২০১৮-য় চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গালুরু এফসি। সে বার ইস্টবেঙ্গলকে ৪-১-এ হারিয়ে খেতাব জয় করে তারা। 

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব শাজি প্রভাকরণ সুপার কাপের প্রত্যাবর্তন নিয়ে বলেছেন, চার বছর পরে সুপার কাপের প্রত্যাবর্তন দারুন ব্যাপার। অতিমারির জন্য গত চার বছর আমরা এই টুর্নামেন্ট করতে পারিনি। তাই এই টুর্নামেন্টের ফিরে আসা ভারতীয় ফুটবলে এক ইতিবাচক খবর। আমাদের ফুটবলারদের আরও সুযোগ এনে দেবে এই টুর্নামেন্ট। কেরালার অসাধারণ পরিবেশে হতে চলেছে সুপার কাপ। আশা করি, এই প্রতিযোগিতা নিয়ে প্রচুর আগ্রহ থাকবে। প্রতিটি অংশগ্রহনকারী দলের প্রতি রইল শুভেচ্ছা

মূলপর্বে ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপে থাকবে চারটি করে দল। সিঙ্গল রাউন্ড রবিন ফরম্যাটে গ্রুপের খেলাগুলি হবে। চারটি গ্রুপের জয়ীরা সেমিফাইনালে উঠবে। গ্রুপ পর্বের খেলাগুলি হবে ৮ থেকে ১৯ এপ্রিল। সেমিফাইনাল হবে ২১ ও ২২ এপ্রিল। ফাইনাল ২৫ এপ্রিল। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়নরা ২০২১-২২-এর হিরো আই লিগ চ্যাম্পিয়ন গোকুলম কেরালা এফসি-র বিরুদ্ধে। এই দ্বৈরথে যারা জয়ী হবে, তারা খেলবে ২০২৩-২৪-এর এএফসি কাপের গ্রুপ পর্বে। তবে সুপার কাপে যদি গোকুলম-ই চ্যাম্পিয়ন হয়, তা হলে তারা সরাসরি এএফসি কাপে খেলার ছাড়পত্র পেয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *