অলস্পোর্ট ডেস্ক: অনেকের থেকে তিনি যে আলাদা, সেটা বুঝিয়ে দিলেন রিয়েল মাদ্রিদ লেজেন্ড ও স্পেনের বিশ্বকাপার রাউল। সান্টিয়াগো বারনাবুর সঙ্গে জড়িত অধিকাংশ ফুটবলার যখন সিআর সেভেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোয় মজে, কে বড় এই প্রশ্নে, তখন উল্টোপথে হেঁটে লিওনেল মেসিকেই সেরা আখ্যা দিলেন রাউল। তাঁর মতে, আর্জেন্টিনার মেগাস্টার মেসি সার্বিকভাবে পর্তুগালের বিশ্বকাপার রোনাল্ডোর থেকে এগিয়ে পারফরমেন্সের বিচারে।
গত দু’দশক ধরে দুই মেসি ও রোনাল্ডো সুপারস্টার ফুটবলার ১৩টি ব্যালন ডি’ওর খেতাব ভাগ করে নিয়েছেন। রিয়েল মাদ্রিদের ত্রাস হিসেবে মেসি যেমন পরিচিত, তেমন রোলান্ডোর সঙ্গে মাঠে লড়াই বারবার আলাদা মাত্রা পেয়েছে। ২০২৬য়ের শুরুতেও দুই ফুটবলার দারুন ফর্মে রয়েছেন। এমএলএস কাপ বিজয়ী ইন্টার মিয়মির সঙ্গে মেসির চুক্তি রয়েছে ২০২৮ পর্যন্ত। সেখানে আরও ২ বছর সৌদির ক্লাব আল নাসেরের হয়ে খেলবেন রোনাল্ডো। তাঁর বয়স তখন ৪২ ছোঁবে। আর রোনাল্ডো তো বলেই দিয়েছেন ১০০০ গোল না করে তিনি থামবেন না।
রিয়েল মাদ্রিদের জার্সিতে ৭১৪ ম্যাচে ৩২৩ গোল করেছেন রাউল। জীবনে অনেক বড় বড় ফুটবলারের পাশে ও বিরুদ্ধে খেলেছেন রাউল। তার মধ্যে মেসিকেই সকলের ওপরে রাখছেন তিনি। রাউলের ভাষায়, ‘ আমি জিদান, ব্রাজিলিয়ান রোনাল্ডো, ফিগো, ক্রিশ্চিয়ানোর সঙ্গে খেলেছি। তবু মনে করি, মেসি সকলের সেরা। কারণ মেসি সকলের থেকে আলাদা। ওর খেলার মধ্যে একটা সহজ ব্যাপার আছে। যেটা অন্যদের কাছে অসম্ভব মনে হয়ে, সেটাই সম্ভব করে তোলে মেসি ওর দক্ষতায়, স্কিলে। দেখলে মনে হবে ও রাস্তায় বন্ধুদের সঙ্গে মজা করে ফুটবল খেলছে। সবটাই সাবলীল।’
মেসিকে সর্বকালের সেরা ফুটবলার মানলেও রাউল মনে করেন লা মাসিয়া অ্যাকাদেমির আর এক ফুটবলার লামিনে ইয়ামাল ভবিষ্যতে ফুটবলবিশ্বকে শাসন করবে। তাঁর মতে, মাত্র ১৫ বছর বয়স থেকে যেভাবে একের পর এক রেকর্ড ভেঙে নিজের আধিপত্য বিস্তার করেছে ক্লাব ও জাতীয় দলের হয়ে, তাতে ইয়ামালকে ঘিরে বড় স্বপ্ন দেখাই যায়। ১৮ বছর বয়সেই ইয়ামালের দখলে লা লিগে খেতাব ও ইওরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি। তবে রাউলের সতর্কভরা বক্তব্য, ‘ ইয়ামাল যদিও একটা বিরল প্রতিভা। তবে ওর ওপর বাড়তি চাপ দিতে হিতে বিপরীত হবে। স্পেন জাতীয় দলে আরও অনেক ভাল ভাল ফুটবলার আছে। অভিজ্ঞ সেই ফুটবলারদের বাড়তি দায়িত্ব নিতে হবে ও সহযোগীর ভূমিকায় থাকতে হবে ইয়ামালের পাশে যাতে ও স্বাভাবিক ফুটবল খেলতে পারে।’ বাঁপায়ের স্কিলের জন্য মেসির সঙ্গে ইয়ামালের তুলনা টানা শুরু হয়েছে ঠিকই। তবে রাউল মনে করেন, ইয়ামালের মেসির উচ্চতায় পৌঁছতে এখনও অনেকটা পথে যেতে হবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
