Cart Total Items (0)

Cart

All Sports
লিওনেল মেসি

অলস্পোর্ট ডেস্ক:‌ ভাবতে পারেন, ফুটবলের রাজপুত্র লিউনেল মেসির বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ এনে মামলা করেছে মিয়ামির এক ক্রীড়াসংগঠক কোম্পানি। শুধু মেসি নয়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকেই সেই মামলায় পার্টি করা হয়েছে। ওই কোম্পানির দাবি গতবছর একটি প্রদর্শনী ম্যাচে অংশ না নিয়ে ৭০ লাখ ডলারের চুক্তিভঙ্গ করে কোম্পানির ক্ষতি করেছেন।

এই মামলাকারী কোম্পানির নাম ভিআইডি মিউজিক গ্রুপ। তারা মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে প্রতারণা ও চুক্তিভঙ্গের মামলা দায়ের করেছে মিয়ামি-‌দাদে সার্কিট কোর্টে। মামলার মূল বিষয়বস্তু হল, গতবছর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি বিশেষ চুক্তি করে ভিআইডি মিউজিক গ্রুপ। তাদের দাবি, গতবছর অক্টোবরে অনুষ্ঠিত ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিরুদ্ধে দুটি ম্যাচ সংগঠনের দায়িত্ব পাবে ও একান্ত স্বত্ত্বের অধিকারী হবে এই প্রোমোটিং বা ক্রীড়াসংগঠক কোম্পানি। টিকিট বিক্রি, ব্রডকাস্টিং ও স্পনসরশিপ রেভনিউ অর্জনের পরিবর্তে। তার জন্য ভিআইডি ৭০ লাখ ডলার দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়শনকে। এই চুক্তির অন্যতম শর্ত ছিল দুটি ম্যাচেই মেসিকে অন্তত ৩০ মিনিট মাঠে ম্যাচ খেলতে হবে।

কিন্তু সাউথ ফ্লোরিডা হার্ডরক স্টেডিয়ামে অনুষ্ঠিত ভেনেজুয়েলার বিরুদ্ধে ১০ অক্টোবর ম্যাচে মেসি মাঠে নামা দূরে থাক, তিনি স্কোয়াডেই ছিলেন না। খেলা দেখেন গ্যালারিতে দর্শকাসনে বসে। ম্যাচটা ১‌-‌০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। কেন মেসি সেদিন মাঠে নামেননি তার কোনও জুতসই ব্যাখা দিতে পারেনি আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট। চোট সমস্যা ছিল না। কারণ এরপর দিনই মেসি ইন্টার মিয়ামির জার্সিতে আটলান্টার বিরুদ্ধে এমএলএসের ম্যাচে খেলেন ও দলের ৪-‌০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ২টি গোল করে। এতে ভিআইডি মিউজিক কোম্পানি ক্ষুব্ধ হয়।

তবে ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিরুদ্ধে আর্জেন্টিনার হয়ে ফ্রেন্ডলি ম্যাচে খেলেন মেসি। আর্জেন্টিনা ম্যাচটা জেতে ৬-‌০ গোলে। কিন্তু এখানে সংঘাতটা অন্যজায়গায়। এই ম্যাচটা প্রথমে হওয়ার কথা ছিল শিকাগোতে। কিন্তু ওই শহরে ইমিগ্রেশন ও কাস্টমস এজেন্টের হেনস্থা ও ধরপাকড়ের কারণে টিকিট বিক্রির পরিমান খুব কম হওয়ায়,ম্যাচটা শিকাগো থেকে ফ্লোরিডায় সরিয়ে আনতে বাধ্য হয় সংগঠকরা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও ক্ষোভ প্রকাশ করেছি ইমিগ্রেশন ও কাস্টমস বিভাগের আচরণে। বলেছিল, ইমিগ্রেশনের নামে বাড়াবাড়ির জন্য ফোর্ট লডারেলের মতো ছোট স্টেডিয়ামের পুরো টিকিট বিক্রি হয়নি, টিকিটের দাম ২৫ ডলার থাকা সত্ত্বেও।

তবে ভিআইডি আদালতকে বলেছে, এই ম্যাচের স্থান বদলের জন্য তাদের আরও ১০ লাখ ডলার ক্ষতি হয়েছে। একইসঙ্গে এও দাবি করেছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কথা দিয়েছিল ভবিষ্যতে অন্য ম্যাচের মাধ্যমে, যার মধ্যে চীনের মাঠে ২০২৬ সালের ম্যাচ থেকে ক্ষতিপূরণ করে দেবে। কিন্তু আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সেকথা এখনও পর্যন্ত রাখেনি। এই মামলার ফলে এখন থেকে এই ধরনের চুক্তি করার আগে আদালত আরও কড়া মনোভাব নিতে পারে আয়োজক প্রোমোটিং কোম্পানি, ফুটবল অ্যাসোসিয়েশন , এমনকি খেলায় অংশ নেওয়া ফুটবলারদের ক্ষেত্রে। এই মামলা নিয়ে মেসি বা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *