Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ সব জল্পনা কল্পনার অবসান। ডায়মন্ডহারবার এফসিকে বাদ দিয়ে ১৩ দল নিয়ে আইএসএল ২০২৬‌-‌২৭ আয়োজনের সিদ্ধান্ত নিল এআইএফএফ। ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে নির্ধারিত সময়ের মধ্যে আইএসএল অংশগ্রহণের ফি জমা দিতে না পারায়, এই সিদ্ধান্ত নিয়েছে তারা। অথচ ইন্ডিয়ান ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে প্রোমোশন পেয়েছিল ডায়মন্ডহারবার এফসি। কিন্তু পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালা বদলের পর ডায়মন্ড হারবার ক্লাব পরিচালনার সমস্যায় পড়ে। তার জেরেই অর্থনৈতিক অনটনের মুখে পড়েছে ক্লাব বলে শোনা যাচ্ছে। বর্তমান ক্লাব কর্তারা আইএসএল খেলার জন্য যথেষ্ট পরিমান অর্থ বা স্পনসর জোগাড় করে উঠতে পারেননি বলেই খবর। এর ফলে নির্ধারিত সময়ের মধ্যে আইএসএলের অংশগ্রহণের ফি ফেডারেশনে জমা করতে পারেননি তারা।

অনেকেই ভাবছিলেন ডায়মন্ডহারবারকে আরও কিছু সময় দেওয়া হবে। কিন্তু ফেডারেশন চায়নি। ইতিমধ্যেই জামশেদপুর এফসি নাম প্রত্যাহার করে নিয়েছে আইএসএল থেকে। বলা ভাল তারা নিজেদের স্বত্ত্ব ১০০ টাকায় বেচে দিয়েছে চার্চিল ব্রাদার্সের কাছে। এতে লাভ হয়েছে চার্চিলেরই। তারা ইন্ডিয়ান ফুটবল লিগে না খেলেও সরাসরি আইএসএলে খেলার সুযোগ পাচ্ছে জামশেদপুরের স্বত্ত্ব ভাঙিয়ে। এদেশের ফুটবলে সবই সম্ভব। এর আগে দিল্লি ডায়নামোজ, হায়দরাবাদ এফসির মতো ক্লাবগুলো এভাবেই নিজেদের স্বত্ত্ব বেচে দিয়েছে অন্য ক্লাবের কাছে। তারা নাম বদল করে আইএসএলে অংশ নিয়েছে। তবে এক্ষেত্রে কোনও নতুন নামে নয়, চার্চিল ব্রাদার্স নামেই আইএসএলে খেলার সুযোগ পাচ্ছে গোয়ার ক্লাব। এতদিন এফসি গোয়াই ছিল একমাত্র ক্লাব,যারা আইএসএলে খেলছিল। এখন যোগ হচ্ছে চার্চিল। তবে জামশেদপুরের লাইসেন্সিং স্বত্ত্বের হস্তান্তরের প্রক্রিয়া এখনও পুরোপুরি সম্পূর্ণ হয়নি। শোনা যাচ্ছে, এএফসি কিছু শর্ত আরোপ করেছে। সেটা পূরণ না হওয়া পর্যন্ত হস্তান্তর পুরোপুরি সম্পূর্ণ করা যাচ্ছে না।

চার্চিলের সামনে আরও একটা সমস্যা আছে। সেটা হল জামশেদপুর এফসির সঙ্গে চুক্তি থাকা ১২ জন ফুটবলারের দায়িত্ব নেওয়া। এঁদের রেখেই চার্চিলকে দল গোছাতে হবে আইএসএলের জন্য। তবে এই ১২ জনের কেউ কেউ আবার চার্চিলের হয়ে খেলতে খুব একটা আগ্রহী নয়। এর অর্থ হল, হয় এঁদের সঙ্গে নতুন করে চুক্তির পথে হাঁটতে হবে, নয় রিলিজ দিতে হবে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিয়ে। এনিয়ে একটা বিভ্রান্তি রয়ে গেছে ফুটবল মহলে।

তবে ১৩ দল নিয়ে আইএসএল আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে একাধিক ক্লাব। তাদের মতে, কটা দল খেলবে তা নিয়ে টালবাহানা চালিয়ে না গিয়ে ১৩ দল খেলানোর চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে খুব ভাল করেছে ফেডারেশন। এতে ক্লাবগুলো তাদের আইএসএলে অংশগ্রহণের কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দল গোছানো থেকে আরম্ভ করে ম্যাচ আয়োজনের পরিকল্পনা ঠিক করার কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এবার ১৩ দলের খেলা হওয়ার কারণে প্রতি দলের ডাবল লেগে ম্যাচের সংখ্যা ২৪য়ে দাঁড়াচ্ছে ২৬য়ের জায়গায়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...