Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: একটা ধাপ পেরোলেও আইএসএলের লিগ শিল্ড ছুঁতে মোহনবাগান সুপার জায়ান্টকে এখনও আরও দুটো কঠিন ধাপ পেরোতে হবে এবং দুটোর কোনওটাই সোজা নয়। বৃহস্পতিবার তার প্রথম ধাপ পেরনোর উদ্দেশ্য নিয়ে নামছে সবুজ-মেরুন বাহিনী এবং তাতে প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। সুনীল ছেত্রীদের বিরুদ্ধে তাদের মাঠেই নামবেন দিমিত্রিয়স পেট্রাটসরা, যেখানে গত ছ’টি ম্যাচে হারেননি হাভিয়ে হার্নান্ডেজরা। তাই ম্যাচটা যে কঠিন হবে, বেঙ্গালুরুকে হারানো যে মোটেই সোজা হবে না, তা স্বীকার করে নিতে দ্বিধা নেই দলের সহকারী কোচ মানুয়েল পেরেজের।

হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাস এখনও সুস্থ হয়ে ওঠেননি। তাই মানুয়েল পেরেজকেই এখনও তাঁর জায়গায় কাজ চালাতে হচ্ছে। সেই পেরেজই সাংবাদিকদের বলেন, “ম্যাচটা বেশ কঠিন হতে চলেছে। ওদের ভাল ভাল খেলোয়াড় রয়েছে। আমাদের মতো ভাল ভাল আন্তর্জাতিক খেলোয়াড়ও আছে ওদের। নিখিল পূজারি, চিংলেনসানা সিং, সুরেশ সিং, সুনীল ছেত্রীর মতো ফুটবলার আছে। রায়ান উইলিয়ামস, হাভি হার্নান্ডেজের মতো বিদেশী রয়েছে। প্রতিপক্ষ হিসেবে ওরা কঠিন। তবে আমাদেরও অস্ত্র আছে। ওদের বিরুদ্ধে কী ভাবে অ্যাটাক ও ডিফেন্স করতে হয়, তাও জানা আছে আমাদের। আমাদের তিন পয়েন্ট পেতেই হবে”।

প্লে অফের দৌড় থেকে ছিটকে গেলেও বেঙ্গালুরু যে তাদের সহজে জিততে দেবে না, এই ব্যাপারে নিশ্চিত হাবাসের সহকারী। বলেন, “ওদের প্লে-অফের জন্য লড়তে হচ্ছে না ঠিকই। কিন্তু নিজেদের সন্মানের জন্য, সমর্থকদের খুশির জন্য লড়াই তো করবেই। যাতে মরশুমটা ভাল ভাবে শেষ হয়। তাই জানি না ওরা বেশি বিপজ্জনক হয়ে উঠবে কি না। তবে ওরা যেমনই খেলুক না কেন, আমরা তিন পয়েন্টের সংকল্প নিয়েই নামব”।

সাইডলাইনে গত দুটি ম্যাচেও ছিলেন না হেড কোচ হাবাস। কারণ, তিনি অসুস্থ। কিন্তু পিছন থেকে তিনি সমানে দলকে সাহায্য করে চলেছেন বলে জানালেন তাঁর সহকারী। এই প্রসঙ্গে পেরেজ বলেন, “দলের প্রধান নেতাকে না পাওয়া যে কোনও দলের পক্ষেই নেতিবাচক ব্যাপার। কিন্তু আমাদের সামনের দিকে তাকিয়ে এগিয়ে যেতেই হবে। আন্তোনিও দ্রুত সুস্থ হয়ে উঠছেন। হয়তো কয়েক দিনের মধ্যেই দলে যোগ দেবেন। তবে খেলোয়াড়দের উনি সবসময়ই সাহায্য করে যাচ্ছেন। যাবতীয় কৌশল উনিই তৈরি করছেন ও নির্দেশ দিচ্ছেন। আমরাও সেগুলো অনুসরণ করে যাচ্ছি। উনিই দলের বস্। সমস্ত নির্দেশ ওঁর কাছ থেকেই আসছে। আমি শুধু সেই নির্দেশ দলের ছেলেদের ও কোচেদের কাছে পৌঁছে দিচ্ছি”।

মুম্বই সিটি এফসি সম্প্রতি ওডিশা এফসি-কে হারানোয় মোহনবাগান শিবিরে চাপ আরও বেড়ে গিয়েছে কি না, তা জিজ্ঞাসা করায় পেরেজ জানান, “আমরা তো আগেই জানতাম শেষ তিনটে ম্যাচে আমাদের জিততেই হবে। ওডিশার বিরুদ্ধে মুম্বই জেতার পরেও আমাদের কাছে পরিস্থিতি সেই একই রকম আছে। দিল্লিতে জিতেছি, বেঙ্গালুরুতেও জিততে হবে এবং শেষ ম্যাচে ঘরের মাঠে মুম্বইকেও হারাতে হবে। খেলোয়াড়, কোচেদের ওপর চাপ সব সময়ই থাকে। তবে এই চাপটা ভাল। এই চাপ সামলানোই আমাদের কাজ। তিন পয়েন্টের জন্য আমাদের লড়াই করতেই হবে”।

বৃহস্পতিবারের ম্যাচে মোহনবাগান পাবে না তাদের তারকা উইঙ্গার সহাল আব্দুল সামাদকে। কার্ড সমস্যার জন্য পাওয়া যাবে না। তবে তাঁদের অনুপস্থিতি নিয়ে খুব একটা চিন্তিত দলের স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তে। তিনি বলেন, “এমন পরিস্থিতির জন্য আমাদের তৈরি থাকতেই হয়। দীপকের বিকল্প কে হবেন, তা নিশ্চয়ই কোচ ভেবে রেখেছেন। তাকে দলে রেখেই অনুশীলন হবে। আমরা জানি এখন সব ম্যাচেই আমাদের জিততে হবে। ট্রফি জিততে গেলে তো এ রকম চাপ সামলাতেই হবে। এখন আমাদের খেলাটা উপভোগ করতে হবে। চাপ থাকবেই”।

গত কয়েকটি ম্যাচেই গোল খেয়েছে তারা। পরিসংখ্যান বলছে, গত পাঁচটি ম্যাচে সাত গোল খেয়েছে তারা। অবশ্য তার মধ্যে দুটি ম্যাচে ক্লিনশিটও রেখেছে মোহনবাগান। কিন্তু ব্লাস্টার্স ও চেন্নাইনের বিরুদ্ধে তিন গোল করে খেয়েছে তারা। রক্ষণের এই দুর্বলতা নিয়ে বিদেশী সেন্টার ব্যাক বলেন, “রক্ষণে আমি নিজের সেরাটা দেওয়ারই চেষ্টা করি। কখনও ভাল হয়, কখনও হয় না। বেশির ভাগ ম্যাচেই গোল না খাওয়ারই চেষ্টা করি আমরা। কখনও সফল হই, কখনও হতে পারি না। এই পরিস্থিতিতে আমরা পরিশ্রম করছি। একে অপরকে সাহায্য করার জন্য প্রস্তুত। দল হিসেবে খেলতে হবে আমাদের। প্রয়োজনে এগারোজনকে নেমে এসে ডিফেন্স করতে হবে, প্রয়োজনে সবাইকে আক্রমণেও উঠতে হবে। যে করেই হোক, এই দুই ম্যাচে জিততেই হবে”।

(লেখা আইএসএল ওয়েব সাইট থেকে)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *