Cart Total Items (0)

Cart

All Sports India

 

অলস্পোর্ট ডেস্ক:‌ কথাবার্তা চলছিল অনেকদিন ধরে, এবার সরকারিভাবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েই দিল, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলের ফল যাই হোক না কেন, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের চিফ কোচ থাকছেন কার্লেস আনসেলোত্তি। এই সিদ্ধান্তের পিছনে মূল উদ্দেশ্য হল, আনসেলোত্তিকে এক দল ও ফুটবলারদের নিয়ে দীর্ঘদিন কাজ করার সুযোগ দেওয়া, যাতে ব্রাজিল বড়ধরনের সাফল্য পায়, অর্থাৎ ২০২৬য়ে যদি নাও চ্যাম্পিয়ন নাও হয়, সেটা যেন ২০৩০য়ে সম্ভব করতে পারে।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন(‌সিবিএফ)‌ এক বিবৃতিতে জানিয়েছে, ব্রাজিলের কোচ হিসেবে আনসেলোত্তির ভূমিকায় সন্তুষ্ট ফুটবল কনফেডারেশন। এছাড়া আনসেলোত্তি দলের ফুটবলার ও সমর্থকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন ২০২৫য়ের মে মাসে ব্রাজিল ফুটবল দলের সঙ্গে যুক্ত হওয়ার সময় থেকে। আনসেলোত্তির এনিয়ে প্রতিক্রিয়া, ‘‌ আমি একবছর আগে ব্রাজিলে পা দিয়েই উপলব্ধি করেছিলাম, বলতে পারেন প্রথম মিনিট থেকেই, ব্রাজিলের কাছে ফুটবলের মানেটা কী।’‌

ইতালির মানুষ আনসেলোত্তি কোচের ভূমিকায় ব্রাজিল দলটাকে এক সুতোয় গেঁথেছেন শুধু নয়, তাদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস জাগিয়েছেন, যেটার অভাব ছিল ভীষণভাবে। ৬০ বছরের আনসেলোত্তি জাতীয় দলের সব বিভাগকে শক্তিশালী করতে দারুনভাবে কাজ করেছেন। ব্রাজিলের খেলায় একটা আলাদা মাত্রা যোগ করেছেন। আনসেলোত্তি ধন্যবাদ জানিয়েছেন, ব্রাজিলের মানুষকে তাঁর পাশে থাকার জন্য। বলেন,‘‌ আমার ওপর আস্থা রাখায় সিবিএফকে ধন্যবাদ জানাতে চাই। একইসঙ্গে ব্রাজিলের মানুষকে, যাঁরা এদেশে পা রাখা থেকেই আমার পাশে থেকে উৎসাহ জুগিয়েছেন।’‌

সিবিএফ প্রেসিডেন্ট সমীর শাউদের মতে, আনসেলোত্তির সঙ্গে কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির মূল কারণ হল ব্রাজিল ফুটবলের দীর্ঘমেয়াদী উন্নতি। পাঁচ বারের বিশ্বকাপজয়ী ফুটবল দলের ভিত মজবুত করতে আনসেলোত্তির মতো কোচ দরকার ছিল। কাঠামোগত উন্নতির পাশাপাশি ফুটবলারদের মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে আনসেলোত্তির মতো কোচ জরুরি ছিল।’‌

২০২৫ সালের মে মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে ব্রাজিল দলকে ১০ ম্যাচে ৫টি জয়, ২টি ড্র ও ৩টি হারের মুখ দেখছেন। তাঁর কোচিংয়ে ব্রাজিল করেছে ১৮ গোল, খেয়েছে ৮টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *