কার্লস কুয়াদ্রাত
সুচরিতা সেন চৌধুরী: আইএসএল ২০২৩-২৪-এ আরও একটা ম্যাচ ড্র। গোলশূন্য ড্র। এই নিয়ে টানা তিন ম্যাচে ইস্টবেঙ্গল গোলশূন্য ড্র করে তিন পয়েন্ট ঘরে তুলেছে ঠিকই কিন্তু অস্বস্তি থেকে যাচ্ছে রেফারিং নিয়ে। এদিন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত সরাসরি মেনে নিলেন, রেফারিং সঠিক হলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত ইস্টবেঙ্গল। খালি চোখে দেখলে নিশ্চিত পেনাল্টি দেননি রেফারি। দুটো হ্যান্ডবল আর একটা বক্সের মধ্যে ফাউল। এছাড়া বেশ কিছু ফাউলে সঠিক সিদ্ধান্ত না নেওয়াও রয়েছে।
তবে কোচ প্রশ্ন তুলে দিলেন, রেফারিদের হ্যান্ডবল সিদ্ধান্ত নিয়ে। তিনি বলেন, “এই মরসুমে দেখছি বার বার হ্যান্ডবল নিয়ে সিদ্ধান্তেই সব থেকে বেশি সমস্যা হচ্ছে। আমার মনে হ্যান্ডবল পেনাল্টির বিষয়টি রেফারিদের কাছে পরিষ্কার নয়। কারণ একইভাবে নিয়ম মানা হচ্ছে না।” যদিও রেফারি প্রসঙ্গে অন্য মত পোষণ করেন। তিনি বলেন, “রেফারিদের উপর অনেক চাপ থাকে। রিজার্ভ বেঞ্চ থেকে মাঠের প্লেয়ারদের চাপ সামলাতে হয়। ওদের আরও একটু সম্মান পাওয়া উচিত।”
ঠিক ক’টা পেনাল্টি পেতে পারত ইস্টবেঙ্গল, দুটো না তিনটে?
এই প্রশ্নের উত্তরে কোচ বলেন, “আমি বেঞ্চ থেকে যত টুকু দেখতে পেয়েছি তাতে দুটো নিশ্চিত পেনাল্টি থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। একটা ফলের হাতে বল লাগা এবং দ্বিতীয়টি বক্সের মধ্যে বিষ্ণুকে ফেলে দেওয়া। এই দুটো পেনাল্টি পেলে আমরা তিন পয়েন্ট পেতে পারতাম।” যদিও প্রতিপক্ষ কোচ সার্জিও লোবেরা ম্যাচ শেষে বলে গেলেন, “ইস্টবেঙ্গল যে লক্ষ্য নিয়ে খেলতে নেমেছিল তাতে তারা সফল। ম্যাচের পরে ওদের উচ্ছ্বাস করতে দেখলাম।” লোবেরা বলেই দিলেন ইস্টবেঙ্গল এক পয়েন্টের জন্যই খেলতে নেমেছিল।
তার প্রেক্ষিতে অবশ্য কুয়াদ্রাত পরিষ্কার করে দিলেন, ইস্টবেঙ্গলের তিন পয়েন্ট কতটা দরকার। তিনি বলেন, “একদমই আমরা এক পয়েন্টের জন্য খেলিনি, তিন পয়েন্টের জন্য খেলেছি যেটা আমাদের দরকার। তবেআমি দলের খেলায় খুশি।” দলের খেলার পাশাপাশি সব থেকে বেশি যাঁর নাম শোনা গেল কোচের মুখে তিনি হলেন সৌভিক চক্রবর্তী। এদিন যিনি মাঝমাঠে দাপট দেখালেন। দলকে এক কথায় পরিচালনা করলেন মাঝমাঠ থেকে।
কোচ বলেন, “সৌভিক দারুণ প্লেয়ার। এদিন দুরন্ত খেলল। ও সব সময়ই আমার পছন্দের তালিকায় ছিল। কার্ডের জন্য ডুরান্ড কাপের ফাইনালে খেলতে পারেনি সেটা আমাদের জন্য বড় সেটব্যাক ছিল। তবে এদিন আমাদের জন্য ও সেরাটা দিয়েছে।” এদিন মাঝমাঠ থেকে পুরো দলকে পরিচালনা করলেন দলের একমাত্র বাঙালি প্লেয়ার। বাংলার ফুটবলের জন্য এটা একটা বড় বার্তা হতে পারে। চারদিকে বিদেশি থকে স্বদেশি তারকা প্লেয়ারদের মধ্যে এদিন নজর কেড়ে নিলেন এই ছোট্টখাট্ট বাঙালি মিডিও।
এর মধ্যেই অবশ্য ইস্টবেঙ্গলের অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবলকে দায়ী করলেন ওড়িশা কোচ লোবেরা। তিনি বলেন, “প্রতিপক্ষ যদি এতটা রক্ষণাত্মক হয়ে খেলে তাহলে সেখান থেকে গোলের মুখ খোলাটা কঠিন হয়ে যায়।” তবে পরক্ষণেই বলেন, “আমি কোনও অজুহাত দিচ্ছি না। আমাদেরও বেশ কিছু ভুল হয়েছে। আমরা মিস করেছি, তেমনবাবে মাঝমাঠ থেকে সুযোগ তৈরি করতে পারিনি।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
