অলস্পোর্ট ডেস্ক: আবার ঘরের মাঠে ফিরছে ইস্টবেঙ্গল। আর এই ম্যাচই হতে চলেছে এই বছর ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ। শুক্রবার এই মুহূর্তে আইএসএল-এর সব থেকে সফল দল ওড়িশা এফসির বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল এফসি। আর ওড়িশাার বিরুদ্ধে নামার আগের দলের জয় নিয়ে নিশ্চয়তার কথা শোনাতে পারলেন না লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত। বরং সরাসরি বললেন, “আমি নিশ্চিত নই তবে দল সেরাটা দেবে। আমরা উন্নতির চেষ্টা করছি। নতুন ফর্মেশন তৈরি হচ্ছে। ধারাবাহিকতা আনার দিকেই নজর দেওয়া হচ্ছে।”
নর্থইস্ট ইউনাইটেড এফসিকে পাঁচ গোল দেওয়ার পরের ম্যাচেই ঘরের মাঠে আইএসএল-এর নবাগত দল পঞ্জাব এফসির কাছে আটকে যেতে হল ইস্টবেঙ্গলকে। নর্থইস্টের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর পঞ্জাবের বিরুদ্ধে দলকে সমর্থন করতে সম্ভবত এই আইএসএল মরসুমের সব থেকে বেশি সমর্থক স্টেডিয়ামে এসেছিল। কারণ একটা পাঁচ গোলের জয় তাদের মনে আশার আলো জ্বালিয়েছিল। সেটাই এদিন মনে করিয়ে দিলেন কোচ আরও একবার।
তিনি বলছিলেন, “আমরা চাই সমর্থকরা আসুক মাঠে। ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলার এটাই তো গুরুত্ব। বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যায়। তবে তাদের থেকে আশা করার আগে আমাদের কিছু দিতে হবে। তবেই তাদের থেকে আশা করতে পারব।” তিনি আসলে পরিষ্কার করে দিলেন, জয় দিলেই সমর্থকরা মাঠে আসার আগ্রহ দেখাবে।
তবে, এবার দল নিয়ে আত্মবিশ্বাসী তিনি। বিশেষ কোনও চোট-আঘাতের সমস্যা নেই। কোচ নিজেই জানালেন, হরমনজ্যোত খাবরা ছাড়া আর যে দু’জনের চোট রয়েছে তাঁরা কলকাতা লিগ খেললেও, আইএসএল এখনও খেলেননি। এছাড়া পুরো দলই হাতে পাচ্ছেন তিনি। তাদের নিয়েই ওড়িশার বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপাবেন। মুম্বইয়ের বিরুদ্ধে দলের রক্ষণের দুরন্ত পারফর্মেন্স অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়েছে।
সেই ম্যাচে দলের অন্যতম ডিফেন্ডার নিশু কুমার ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনিই জানালেন মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে যেভাবে দলের রক্ষণ রুখে দাঁড়িয়ে এক পয়েন্ট নিয়ে ফিরেছে তার পর সেই খেলাটাই ওড়িশার বিরুদ্ধে খেলতে চান তাঁরা। বলছিলেন, “আমরা চার ব্যাকের পাশাপাশি পুরো দল রক্ষণ সামলাতে সাহায্য করেছে। কোচের নির্দেশ মেনেই আমরা এই ম্যাচে সেরাটা দেব।”
ওড়িশা দল কলকাতার দলের বিরুদ্ধে নামলেই সবার আগে যিনি আলোচনায় উঠে সেন তিনি রয় কৃষ্ণা। এদিনও বার বার তাঁর প্রসঙ্গ এল ঠিকই. তবে ওড়িশার ফরোয়ার্ড লাইন প্রসঙ্গে জানতে চাওয়া হলে নিশু বলেন, “হ্যাঁ, ওদের পুরো দলই ভাল। যেমন জহু খুব ভাল প্লেয়ার, বাকিরাও। তবে আমরা যেমনভাবে মুম্বইয়ের বিরুদ্ধে খেলেছি সেভাবেই এই ম্যাচে খেলব আর আমরা আত্মবিশ্বাসী নিজেদের ভাল পারফর্মেন্সের বিষয়ে।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
