ছবি: উয়েফা
অলস্পোর্ট ডেস্ক: ফিফা ২০২৬ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাককে ৩-০ গোলে হারিয়ে রাউন্ড অফ ৩২য়ে জায়গা করে নিয়েছে ফ্রান্স। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন ও ২০২২ কাতার বিশ্বকাপের রানার্স ফ্রান্সের হয়ে অধিনায়ক কিলিয়ান এমবাপে করেছেন ২ গোল। আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি(১৮ গোল) অস্ট্রিয়ার বিরুদ্ধে ২ গোল করে জার্মানি মিরোস্লাভ ক্লোজেকে(১৬ গোল) টপকে সর্বাধিক গোলের রেকর্ড গড়েছেন। ফরাসি দলের কোচ দিদিয়ের দেশঁর দাবি, মেসির সর্বাধিক গোলের রেকর্ড ভেঙে দেবেন তাঁর দলের তারকা ফুটবলার এমবাপে। ইতিমধ্যেই এমবাপে ক্লোজের ১৬ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন। সামনে এখন শুধুই মেসি।
২৭ বছর বয়সী এমবাপে আপাতত ২ গোল দূরে রয়েছেন মেসিকে ছুঁয়ে ফেলা থেকে। এখন সবটাই নির্ভর করছে আর্জেন্টিনা কতদূর এগোবে চলতি বিশ্বকাপে, আর মেসি তাঁর গোলসংখ্যা আর কত বাড়িয়ে নিয়ে যাবেন? একই কথা খাটে এমবাপের ক্ষেত্রেও। ফ্রান্স কতদূর এগোবে চলতি বিশ্বকাপে, আর এমবাপে নিজে কত গোল আর করবেন, তার ওপর নির্ভর করবে মেসিকে তিনি এবারই টপকে যেতে পারবেন কিনা।
ফ্রান্স জাতীয় দলের কোচ দেশঁর প্রতিক্রিয়া, ‘ রেকর্ড গড়া হয় ভাঙার জন্য। এমবাপে নিজেকে একটা জায়গায় নিয়ে গেছে। খেলে ফেলেছে দেশের জার্সিতে ১০০ ম্যাচ। সবসময় গোলের মাঝে আছে। আমি নিশ্চিত ও আরও গোল করবে। মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো বয়স মতো এমবাপে খেলবে বলে মনে হয় না। তবে যতদিন ওর খেলার ক্ষমতা থাকবে, ও গোল করবে। নিজের রেকর্ড নিজেই ভেঙে এগোচ্ছে ও।’
বজ্রবিদ্যুত সহ প্রতিকূল আবহাওয়ার জন্য ফ্রান্স ও ইরাকের মধ্যে খেলা দীর্ঘক্ষণ স্থগিত ছিল। তখন কী করেছিলেন আপনারা, এই প্রশ্নে দেশঁ মজা করে বলেন, ‘ নিজেদের মধ্যে তাস খেলছিলাম।’ পরে দেশঁ জানান, ‘ খেলা বন্ধ থাকার সময় ফুটবলারদের শান্ত থাকার পরামর্শ দিয়েছিলাম। ম্যাচটা নিয়ে বিশ্লেষণ করছিলাম ফুটবলারদের সঙ্গে। নিজেদের গোছানোর ব্যাপারে মন দিয়েছিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করে আমার দলের ফিজিকাল ট্রেণার গ্রাহাম আর্নল্ড। ২০ মিনিটের গা ঘামানোর মাধ্যমে ফুটবলারদের মাঠে নামার জন্য তৈরি করে। বৃষ্টির জন্য মাঠটা খুব ভারি হয়ে গিয়েছিল। এইধরনের ঘটনা আমার কোচিং জীবনে প্রথমবার। আমার ফুটবলারদের কাছেও নতুন অভিজ্ঞতা।’
দেশঁ বলেন, ‘ প্রতিকূল আবহাওয়ায় ম্যাচ চালানো সম্ভব ছিল না, যতই হতাশ লাগুক ম্যাচ লম্বা সময় বন্ধ থাকার কারণে। ফুটবলারদের নিরাপত্তার ব্যাপার সবচেয়ে আগে। বজ্রপাত ও প্রবল বৃষ্টিতে খেলার ঝুঁকি নেওয়া চলে না। সংগঠকদের কিছু করার ছিল না। তবে বন্ধের সময়টা নিজেদের নতুন করে গোছানোর পাশাপাশি ফুটবলারদের চাঙ্গা রাখতে হাসি ঠাট্টায় সময় কাটিয়েছি। ইওরোপে এই সময়টা ভোরের। এটা একটা ব্যতিক্রমী ঘটনা। আশা করব, এমন পরিস্থিতিতে বাকি বিশ্বকাপে আর পড়তে হবে না।’
এমবাপে করেছেন ২ গোল, অন্য গোলটি এসেছে ডেমবেলের পা থেকে। দেশঁর মুখে ডেমবেলের ভূয়সী প্রশংসা। বলেন, এমবাপের মতোই দলের সাফল্যের জন্য ডেমবেলের ওপর ভরসা করা যায়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
