অলস্পোর্ট ডেস্ক: ১৩৪তম ডুরান্ড কাপ ২০২৫-এর ঢাকে কাঠি পড়ে গেল বৃহস্পতিবার। প্রতিবারের মতোই ফোর্ট উইলিয়ামে সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে ঘোষণা হয়ে গেল আর্মি আয়োজিত বর্ষ প্রাচীন ফুটবল টুর্নামেন্টের। ২৩ জুলাই থেকে শুরু হয়ে এই বছর ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ খেলা হবে ২৩ আগস্ট। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রিড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রিড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির প্রাথমিকভাবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি। এছাড়া ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা, যিনি ডুরান্ড কাপ আয়োজক কমিটির চেয়ারম্যানও। ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি, ইয়ুথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস রাজেশ কুমার সিনহা ও ভাইস চেয়ারম্যান ডুরান্ড কাপ আয়োজক কমিটি মেজর জেনারেল রাজেশ অরুণ মোঘে।
অনুষ্ঠানের শুরুতেই একটি এভির মাধ্যমে ডূরান্ড কাপের ইতিহাস তুলে ধরা হয়। যা শেষ হয় অভিনেতা অমিতাভ বচ্চনের ১৩৪তম ডুরান্ড কাপের বক্তব্যের মধ্যে দিয়ে। আর্মির তরফে ক্রীড়ামন্ত্রীকে বল দিয়ে সংবর্ধনা জানানো হয়। এর পর লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা তাঁর বক্তব্যে তুলে আনেন, ডুরান্ড কাপের গুরুত্ব ভারতীয় ফুটবলে। তিনি বলেন, “এশিয়ার প্রাচীনতম এই টুর্নামেন্ট প্রথমবারের মতো ছড়িয়ে দেওয়া হয়েছে দেশের চিত্রটি ভেন্যুতে। যা দেশ জুড়ে ফুটবল প্রসারের অংশ। এর পাশাপাশি এবার টুর্নামেন্টের পুরস্কারমূল্যও বিপুল পরিমাণে বাড়ানো হয়েছে। যা তিন কোটি টাকা।””
২৪টি দলকে ছ’টি গ্ৰুপে ভাগ করে হবে এবারের ডুরান্ড কাপ। মেজর জেনারেল রাজেশ অরুণ মোঘে তুলে ধরেন টুর্নামেন্টের বিস্তারিত পরিকল্পনা। তিনি জানান, এইবারই প্রথমবারের মতো ডুরান্ড কাপে খেলতে আসছে মালয়েশিয়া আর্মির ক্লাব। সঙ্গে ভারতীয় পেশাদার ফুটবলে সংযোজিত হতে চলেছে লাদাখের ক্লাব লাদাখ এফসি। এছাড়া থাকছে আইএসএল-এর ছ’টি ক্লাব, আই লিগ, আই লিগ দ্বিতীয় ডিভিশন ছাড়াও বেশ কিছু নতুন ক্লাব। তাঁর মতে, যা ডুরান্ড কাপকে কোণায় কোণায় ছড়িয়ে দিতে সাহায্য করবে।
রাজেশ কুমার সিনহা বলেন, সরকারের তরফে এই টুর্নামেন্ট আয়োজনের সব রকমের সাহায্য করা হবে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “ষষ্ঠবার আমরা কলকাতায় এই টুর্নামেন্ট আয়োজন করছি। আমরা সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেব। সল্টলেক স্টেডিয়াম ও কিশোর ভারতী স্টেডিয়ামে খেলার পাশাপাশি দলগুলোর জন্য অনুশীলন গ্ৰাউন্ডের সব ধরনের ব্যবস্থাও আমরা করে দেব।” এর সঙ্গে তিনি সংবাদ মাধ্যমকে অনুরোধ করেন, ডুরান্ড কাপের খবর বেশি করে করতে, যাতে মানুষের কাছে তার খবর পৌঁছে যায় এবং বেশি পরিমাণে সমর্থক মাঠে যান। তিনি এও জানিয়ে দেন, এবারের ডুরান্ড কাপ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
