সুচরিতা সেন চৌধুরী: বৃষ্টির মরসুম সঙ্গে ডুরান্ড কাপের মরসুমও শুরু হয়ে গিয়েছে হই হই করে। মোহনবাগান প্রথম ম্যাচ খেলতে নামছে বৃহস্পতিবার, তার আগে সেন্টার অব এক্সিলেন্সের মাঠে তারা যখন অনুশীলন করতে নামল তখন আকাশে কালো মেঘ। তবে বৃষ্টি নামার আগেই অনুশীলন পর্ব সেরে ফেললেন বাস্তব রায়। তার পর ফ্যানসক্লাবের সংবর্ধনা নিয়ে যে যার বাড়ির পথ ধরলেন ফুটবলাররা।
রাত পোহালেই ডুরান্ড কাপের প্রথম ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ কলকাতা ফুটবলের আর এক প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাব। তার আগে রাজারহাটের সেন্টার অব এক্সিলেন্সের মাঠে ম্যাচের প্রস্তুতি সেরে নিল বাস্তব রায়ের মোহনবাগান। মহমেডান অবশ্য ইতিমধ্যেই ডুরান্ডের একটি ম্যাচ খেলেছে, সেখানে ডায়মন্ড হারবারের কাছে হারতেও হয়েছে তাদের। তা বলে কোনোভাবেই প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না মোহনবাগান কোচ। বরং ডুরান্ডের প্রথম ম্যাচে নামার আগে তাদের সমীহই করছেন তিনি।
ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে বাস্তব রায় স্পষ্ট করে দিয়েছেন, মোহনবাগান যখনই মাঠে নামবে প্রস্তুত হয়েই নামবে। তবে মহামেডান তাদের কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে বলেই মনে করছেন তিনি। বলছিলেন, “১১ জনের বিরুদ্ধে ১১ জন খেলবে। সুতরাং আমাদের জন্য সহজ হবে না। ওরা যুব দল, দলগত ফুটবল খেলে, ওদের বিরুদ্ধে লড়াই করতে হবে। ওরা একটা ম্যাচ খেলে ফেলেছে, সেখানে যেভাবে ওয়ার্ক লোড নিয়েছে, তারা যখন মোহনবাগানের বিরুদ্ধে খেলবে তখন দ্বিগুণ উৎসাহে নিয়ে খেলবে। আমাদের ম্যাচটা জিততে অনেকবেশি লড়াই করতে হবে।”
কলকাতা লিগের দলে কয়েকজন সিনিয়রকে রেখেই ডুরান্ডের দল নামাবেন বাস্তব রায়। তিনি বলেন, “সিনিয়র, জুনিয়রের মিশেলেই দল তৈরি হবে।” তবে দলের দুই সিনিয়র শুভাশিস বোস ও মনবীর সিংকে ডুরান্ডের প্রথম ম্যাচে পাচ্ছে না দল। যদিও মনবীরকে নিয়ে ম্যাচের দিন সকালে দেখেই সিদ্বান্ত নেবে বলে জানিয়ে দিলেন কোচ। বলছিলেন, “মনবীরের মাসল স্ট্রেন আছে, ওকে নিয়ে ম্যাচের আগেই সিদ্ধান্ত নেব। তবে এটা নিশ্চিত কোনও ঝুঁকি নেব না।” সেদিক থেকে দেখতে গেলে মনবীরের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। যদিও দলের সঙ্গে অনুশীলন করলেন তিনি। শুভাশিস কে দেখা গেল ফিজিওর সঙ্গে সাইডলাইনে ফিজিক্যাল ট্রেনিং করতে।
এদিকে মোহনবাগানের সঙ্গে এখনও যোগ দেননি দলের হেড কোচ হোসে মোলিনা। তবে তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে কোচ বাস্তব রায়ের। বলছিলেন, “গত বছর থেকেই তার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে। আমাদের যখন কথা হয় তখন ফুটবল নিয়েই কথা হয়, এটাই স্বাভাবিক।” কোচের কথায় স্পষ্ট দলের হেড কোচের সঙ্গে কথা বলেই তিনি অন্তত ডুরান্ডে দলকে খেলাবেন।
এর মধ্যেই ডুরান্ড কাপের কঠিন ফর্ম্যাটের কথাও বাস্তব রায় মনে করিয়ে দিয়েছেন। তাই হারা চলবে না বলেই মনে করছেন তিনি। বলছিলেন, “ডুরান্ডের যা ফর্ম্যাট তাতে একটা ম্যাচ হারলেই সমস্যায় পড়তে হবে। সব গ্ৰুপ থেকে একটি করে দল উঠবে আর টপ টু। সেক্ষেত্রে ম্যাচ হারার কোনও জায়গা নেই।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
