অলস্পোর্ট ডেস্ক: ঘানার সঙ্গে ফিফা ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ গোলশূণ্য ড্র করেছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৪-২ গোলে জিতেছিল টমাস টুচেলের দল। ঘানা ম্যাচ না জেতায় ইংল্যান্ড সমর্থক থেকে প্রচারমাধ্যম সমালোচনায় সরব হয়েছে। এনিয়ে অবশ্য মাথা ঘামাচ্ছেন না ইংল্যান্ড কোচ। তাঁর মতে, এখনই এত উতলা হওয়ার মতো কিছু ঘটেনি। গ্রুপের শেষ ম্যাচে পানামাকে হারিয়ে শীর্ষে থেকে রাউন্ড অফ ৩২য়ে যাওয়ার ক্ষমতা ইংল্যান্ডের আছে। আর সেটা হবেই।
ইংল্যান্ডের পক্ষে নিকো ও’রেইলি গোল করার খুব কাছাকাছি পৌঁছেছিলেন ম্যাচ শেষ হওয়ার ৪ মিনিট আগে। তাঁর হেড ঘানা ক্রশপিসে লেগে ফেরে। ঘানা মনে করে রেফারি তাদের নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করেছেন। ইংল্যান্ডের এজরি কোনসা নিজেদের পেনাল্টি বক্সে ঘানার প্রিন্স কোয়াবেনা আদুকে ফাউল করলেও, ম্যাচের রেফারি সৈয়দ মার্টিনেজ ফাউল দেননি।
ইংল্যান্ড কোচ টুচেলের বক্তব্য, ‘ ঘানা ম্যাচে ড্র অভিপ্রেত ছিল না। কিন্তু তার জন্য হতাশ হওয়ার মতো কিছু নেই। ফুটবলাররা সতর্ক আছে। ওরা জানে পানামা ম্যাচে কী করতে হবে। আত্মতুষ্টির কোনও জায়গা নেই। সম্ভবত প্রতিপক্ষকে একটু বেশি সমীহ করে বাড়তি সাহসী হতে পারিনি। তবে আত্মবিশ্বাসী গ্রুপের শেষ ম্যাচ জিতে শীর্ষে থেকে নকআউটে যাওয়া। আমাদের সংগ্রহে রয়েছে ৪ পয়েন্ট। এক ম্যাচ বাকি। সেটা জেতার জন্য যা যা করা দরকার, সেই কৌশল নেব। এটা একটা লম্বা প্রতিযোগিতা। ফুটবলাররা আপ্রাণ চেষ্টা করছে মাঠে সেরা দিতে। ঘানা ম্যাচ মোটেই সহজ ছিল না। কারণ প্রতিপক্ষ নিজের অর্ধে বেশি সময় কাটানোয়, তাদের রক্ষণ ভাঙা কঠিন হয়ে পড়েছিল। ফাঁকা জায়গা মিলছিল না। তাতে সুযোগ তৈরি হয়েছে কম। একটা দল যখন ম্যাচ জেতার চেষ্টা করছে, তখন অন্য একটা দলের খেলায় সেই বাড়তি তাগিদ ছিল না।’
ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের গলাতেও এক সুর। আত্মবিশ্বাসের সঙ্গে কেন বলেন, ‘ আমরা খুব ভাল জায়গায় আছি। এখন আমাদের একটাই লক্ষ্য গ্রুপ পর্যায় টপকে রাউন্ড অফ ৩২য়ে যাওয়া। পানামাকে শেষ ম্যাচে হারিয়ে গ্রুপ শীর্ষে আমরা যাব এই বিশ্বাস আমাদের আছে। তারপর শুরু হবে আসল টুর্নামেন্ট। নকআউট পর্বের খেলা। তখন আবার নতুন করে গোছাতে হবে নিজেদের আরও বেশি এগোতে।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
