Cart Total Items (0)

Cart

All Sports
এমিলিয়ানো মার্টিনেজ

অলস্পোর্ট ডেস্ক: অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার বিকেলে কলকাতায় পৌঁছে গেলেন এমিলিয়ানো মার্টিনেজ । বিকেল সাড়ে চারটে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামলেন বিশ্বকাপজয়ী দল আর্জেন্টিনার গোল্ডেন গ্লাভসজয়ী গোলরক্ষক। ভারতের আগে বাংলাদেশে গিয়েছিলেন তিনি। সোমবার ভোর ৫.১০ মিনিটে বাংলাদেশ বিমানবন্দরে নামেন। এরপর রাজধানী ঢাকায় প্রায় ১১ ঘন্টা সময় কাটান মার্টিনেজ।ওখান থেকেই সোমবার বিকেলে তিনি কলকাতায় পৌঁছন।

দু’দিনের এই সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে বিশ্বজয়ী গোলরক্ষকের। আর তাঁকে সামনে থেকে দেখার জন্য মুখিয়ে রয়েছে ফুটবলের এই শহর। যদিও সোমবার কোথাও যাবেন না তিনি। বিশ্রাম করবেন শহরের এক বিলাসবহুল হোটেলে। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়ে যাবে কর্মসূচি।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ মিলনমেলা প্রাঙ্গনে স্পনসরদের আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন এমিলিয়ানো মার্টিনেজ। সেখানে সংবর্ধনা দেওয়া হবে তাঁকে। “তাহাদের কথা” শীর্ষক একটি আলোচনা সভাতেও যোগ দেবেন তিনি। এই আলোচনায় তিনি তুলে ধরবেন তাঁর ফুটবল জীবনের সাফল্যের কাহিনি। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইস্ট বেঙ্গলের কর্ম কর্তারা। তাঁরাই বিশ্বকাপজয়ী গোলকিপারের হাতে তুলে দেবেন সংবর্ধনা।

এরপর বিকেলে তিনি যাবেন মোহনবাগান তাঁবুতে। যার প্রস্তুতি ইতিমধ্যেই সেরে ফেলেছে গঙ্গাপাড়ের ক্লাব। ক্লাব চত্তরজুড়ে সাজ সাজ রব গত এক সপ্তাহ ধরেই। সোমবার শেষ টাচের কাজে ব্যস্ত ক্লাব কর্তৃপক্ষ। ইতিমধ্যেই তাঁকে দেখার জন্য মোহনবাগানের সবপ টিকিট শেষ হয়ে গিয়েছে। শনিবার টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র দু’ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায় সব টিকিট। শেষ হয়ে গিয়েছে সদস্য টিকিটও।

মার্টিনেজের সামনে মোহনবাগানের যে দল খেলবে—

মোহনবাগানের তরফে তাঁর হাতে তুলে দেওয়া হবে ‘মোহনবাগান রত্ন’ আদলের স্মারক। এই অনুষ্ঠানে ১০ জনের হাতে তিনি তুলে দেবেন মোহনবাগানের আজীবন সদস্যপদ। এর পর দিয়েগো মারাদোনা, পেলে এবং গ্যারি সোবার্সের নামে তৈরি গেটের উদ্বোধন করবেন মার্টিনেজ। মোহনবাগান মাঠে এই দিন কলকাতা পুলিশ অল্টার্স এবং মোহনবাগান অল্টার্সের মধ্যে হবে একটি ফ্রেন্ডলি ম্যাচ। সেই ম্যাচ গ্যালারিতে বসে দেখবেন মার্টিনেজ।

পরেরদিন বুধবার, দুপুর ১২টায় সন্তোষ মিত্র স্কোয়ারে যাবেন তিনি। সেখানে তাঁকে দেওয়া হবে সংবর্ধনা। এরপর বাংলার বিভিন্ন ক্লাবের জুনিয়র ও সাব জুনিয়র গোলকিপারদের সঙ্গে কথা বলবেন তিনি। ভাগ করে নেবেন নিজের অভিজ্ঞতা।

বুধবার বিকেলে তাঁর যাওয়ার কথা রয়েছে মন্ত্রী সুজিত বসুর ক্লাব শ্রীভূমি স্পোর্টিং-এ। সেখানেও তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। রয়েছে কিছু কর্মসূচী। এর মাঝে তিনি দেখা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। তবে সেটা কখন এবং কোথায় তা এখনও নির্ধারিত হয়নি। বুধবার বিকেলের বিমানেই ফিরে যাবেন বিশ্বকাপজয়ী দলের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *