অলস্পোর্ট ডেস্ক: ডুরান্ড কাপ মানেই কলকাতায় টিকিট নিয়ে সমস্যা ক্লাবগুলোতে। গত মরসুমে তো সমস্যা এতটাই বেড়ে গিয়েছিল যে মাঠে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতার ক্লাব কর্তারা। এই অবস্থায় এবারও ডুরান্ড কাপ শুরুর আগে প্রশ্ন উঠছে, একই সমস্যার সম্মুখিন হতে হবে কিনা ক্লাবগুলোকে? তবে বৃহস্পতিবার ফোর্ট উইলিয়ামে ১৩৪তম ডুরান্ড কাপের সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিয়ে ক্লাবগুলোর উদ্দেশে পরিষ্কার বার্তা দিয়ে দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এবং সেই লিখিত মর্মেই সব ক্লাবকে টিকিট বন্টন করা হবে। তাঁর মতে, এর পর আর কোনও সমস্যাই থাকার কথা নয়। ডুরান্ড কাপে ফুল হাউস চাইছে রাজ্য সরকার। যুবভারতী হোক বা কিশোরভারতী, ৬৮ হাজারের গ্যালারি হোক বা ১২ হাজারের, বাংলার ফুটবলপ্রেমীরা যার যার দলকে সমর্থন করতে স্টেডিয়ামে যাবে।
এদিন ক্লাবগুলোকে টিকিট দেওয়ার ক্ষেত্রে যে হিসেব রাজ্য সরকার ও আর্মির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা রীতিমতো পড়ে শুনিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। জানিয়ে দিলেন, টিকিট নিয়ে যে সমস্যার কথা অতীতে উঠে এসেছে তা মোটেও সত্যি নয়। দুই স্টেডিয়ামের যা দর্শকাসন তার পুরোটাই টিকিট ছাড়া হবে যাতে গ্যালারি ভরে যায়। হিসেব মতো যুবভারতীতে আসন সংখ্যা ৬৮ হাজার ও কিশোরভারতীতে ১২ হাজার। ডুরান্ড কাপের টিকিট বন্টন ক্লাবগুলোকে ঠিক কীভাবে এবার হচ্ছে দেখে নেওয়া যাক—
যুবভারতী ক্রীড়াঙ্গনে নন-ডার্বি ম্যাচের টিকিট বন্টন
ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান ও ডায়মন্ড হারবার— জেনারেল টিকিট ৫০০০, প্লাজা কিউ+আর ২০০, ফ্রি সিটিং ৫০, বক্স ২০, ভিআইপি কার পার্ক ৪, আইওসি কার পার্ক ৫০।
আইএফএ— জেনারেল টিকিট ১২০০, প্লাজা ১০০, ফ্রি সিটিং ২৫, বক্স ৫, কার পার্কিং ৩, আইওসি কার পার্কিং ১০।
যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বি ম্যাচের টিকিট বন্টন
ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান ও ডায়মন্ড হারবার— জেনারেল টিকিট ৫০০০, প্লাজা কিউ+আর ১৫০, ফ্রি সিটিং ৫০, বক্স ৫০, ভিআইপি কার পার্ক ৪, আইওসি কার পার্ক ৫০।
(সব ম্যাচে নন-প্লেইং দলকে দেওয়া হবে ৫০০ করে টিকিট)
কিশোর ভারতী স্টেডিয়ামে নন-ডার্বি ম্যাচের টিকিট বন্টন
ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান ও ডায়মন্ড হারবার— জেনারেল টিকিট ২০০০, বক্স ৩০, আপার টায়ার ৩০০।
আইএফএ— জেনারেল টিকিট ৫০০, বক্স ২০, আপার টায়ার ১০০।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
