অলস্পোর্ট ডেস্ক: দুঃখপ্রকাশ করেও রেহাই মিলল না সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্যের। তাঁকে শাস্তির মুখে পড়তে হল। কলকাতা ফুটবল লিগের সূচী নিয়ে ‘চক্রান্ত’এর অভিযোগ তুলে প্রচারমাধ্যমের সামনে সোচ্চার হয়েছিলেন সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্য। তাঁর এই আচরণে আইএফএর ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে, এই যুক্তিতে রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা রঞ্জনকে শোকজ করে। সঙ্গে সুরুচি সংঘ ক্লাবকেও। রঞ্জন ও সুরুচি সংঘের সচিব স্বরূপ বিশ্বাসকে শুক্রবার আইএফএ দপ্তরে হাজির থেকে শোকজের জবাব দিতে বলা হয়েছিল।
সেইমতো শুক্রবার বিকেলে আইএফএতে শৃঙ্খলারক্ষাকারী কমিটির সামনে তাঁরা হাজির হয়ে নিজেদের বক্তব্য পেশ করেন। সুরুচি সংঘের কোচ রঞ্জন দুঃখপ্রকাশ করেন নিজের মন্তব্যের জন্য। শৃঙ্খলারক্ষাকারী কমিটির কাছে বলেন, তিনি দুঃখিত নিজের বক্তব্যে। চক্রান্ত শব্দটি ব্যবহার করা ভুল হয়েছে। তাতে অবশ্য শাস্তি এড়ানো সম্ভব হয়নি। শৃঙ্খলারক্ষাকারী কমিটি তাঁকে ২ ম্যাচের জন্য নির্বাসন দিয়েছে। একইসঙ্গে প্রচারমাধ্যমের সামনে আইএফএর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করায় সুরুচি সংঘের কোচ রঞ্জনকে সাংবাদিক সম্মেলন করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর অন্যথা হলে রঞ্জনকে গোটা মরশুমের জন্য নির্বাসনের মুখে পড়তে হবে।
এছাড়া ম্যাচ ফিক্সিংয়ে উয়াড়ির দুই ফুটবলারকে শৃঙ্খলারক্ষাকারী কমিটির সামনে ডাকা হয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
