অলস্পোর্ট ডেস্ক: বুদ্ধির তারিফ করতে হবে আইএফএ সচিব অনির্বান দত্তর। প্রকাশ্যে প্রচারমাধ্যমের সামনে নিজের আচরণ ও বক্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনা করার পরদিনই আইএফএ সুরুচি কোচ রঞ্জন ভট্টাচার্যের দু’ম্যাচ নির্বাসনের শাস্তি প্রত্যাহার করে নিল। এতে সুরুচি সংঘের সচিব স্বরূপ বিশ্বাস, যিনি আবার আইএফএর সহসভাপতি, তাঁর সঙ্গে সংঘাত এড়ানো সম্ভব হল।
রাজ্য ফুটবলের নিয়ারমক সংস্থার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করায় সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্যকে ২ ম্যাচ নির্বাসন দিয়েছিল শৃঙ্খলারক্ষাকারী কমিটি। একইসঙ্গে তারা বলেছিল, রঞ্জনকে তাঁর অখেলোয়াড়োচিত ও আইএফএ সম্পর্কে মানহানিকর মন্তব্যের জন্য প্রকাশ্যে প্রচারমাধ্যমের সামনে ক্ষমা চাইতে হবে। রবিবার সেটাই করেন রঞ্জন। বলেন, কাস্টমস ম্যাচের শেষদিকে গোল হজম করে ম্যাচ ড্র হওয়ায়, তিনি মেজাজ হারিয়ে উত্তেজনার বশে এমন কিছু মন্তব্য করেছিলেন, যেটা করা ঠিক হয়নি। এর জন্য তিনি দুঃখিত। নিঃশর্ত ক্ষমতা চাইছেন। ক্লাব সচিব স্বরূপ বিশ্বাস তখনই জানান, আইএফএর দায়িত্বশীল পদে থেকে তিনিও কোচের এই বক্তব্যেকে সমর্থন করেননি। তাই প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছিলেন কোচকে আইএফএর নির্দেশমতো। কলকাতা লিগের গুরুত্বপূর্ণ খেলা চলছে। এই অবস্থায় কোচ সাসপেন্ড থাকা মানে দলের পক্ষে সেটা বড় ধাক্কা। তাই আইএফএতে কোচের শাস্তি মকুবের জন্য আবেজন জানাবেন। তাতেই কাজ হল।
আইএফএ সচিব অনির্বান দত্ত আগেই জানিয়েছিলেন, প্রয়োজনে সংস্থার সম্মান রাখতে, সুষ্ঠু ভাবে প্রশাসন চালাতে মাঝেমধ্যে কড়া হওয়া জরুরি। সুরুচি কোচ রঞ্জন আইএফএর কথামতো নিঃশর্ত ক্ষমা চেয়েছে। রঞ্জনের শাস্তি কমানোর আবেদন এলে ফুটবলের ভালর স্বার্থে ভেবে দেখবেন। রঞ্জনের দুঃপ্রকাশ ও সুরুচি সংঘের তরফে কোচের বক্তব্যে কোনও সায় নেই, এটা বলার পরই আইএফএ শাস্তি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে, তা ক্লাবকে জানিয়ে দিয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
