ফিফা র্যাঙ্কিং-এ ভারত ৯৯-এ
অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমসে অংশগ্রহণ নিয়ে বিতর্কের মধ্যেই নতুন মাইলস্টোন ছুঁলো ভারতীয় ফুটবল দল। পরপর ইন্টারকন্টিনেন্টাল কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপে জয়ী হয়ে এবার ভারতীয় ফুটবল দল নতুন ফিফা র্যাঙ্কিং -এ আরও এক ধাপ উপরে উঠে এল। দীর্ঘ পাঁচ বছর পর ভারতীয় ফুটবল দল ফিফা র্যাঙ্কিং-এর সেরা ১০০-র তালিকায় জায়গা করে নিল। এদিন প্রকাশিত ফিফা পুরুষদের বিশ্ব র্যাঙ্কিং-এ ভারত এক ধাপ এগিয়ে ৯৯ নম্বর স্থানে উঠে এসেছে।
বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে এবং ফাইনালে পেনাল্টি শুট-আউটে লেবানন ও কুয়েতের মতো প্রভাবশালী দলকে হারিয়েছিল ভারত। বৃহস্পতিবার প্রকাশ হওয়া নতুন ফিফা ক্রম তালিকায় লেবানন ভারতের ঠিক নিচে অর্থাৎ ১০০তম স্থানে রয়েছে এবং কুয়েত চার ধাপ এগিয়ে ১৩৭ নম্বরে জায়গা করে নিয়েছে।
১৯৯৬-তে ভারতের সেরা ফিফা র্যাঙ্কিং ছিল ৯৪। ১৯৯৩-তে ৯৯তম স্থানে এবং ২০১৭ ও ২০১৮-তে ৯৬তম স্থানে পৌঁছেছিল ভারত। গত মাসে ছিল ১০০, তবে সেখান থেকেও এক ধাপ এগিয়ে ৯৯-তে বর্তমানে দেশের অবস্থান।
বর্তমানে ভারতের পয়েন্ট ১২০৮.৬৯।
এছাড়া বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জায়গা ধরে রেখে তালিকার শীর্ষেই রয়েছে। তার পর ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড এবং বেলজিয়াম জায়গা করে নিয়েছে।
এশিয়ার মধ্যে সেরা পাঁচের তালিকায় থাকা জাপান রয়েছে ২০তম স্থানে, তারপর ইরান (২২), অস্ট্রেলিয়া (২৭), কোরিয়া (২৮) এবং সৌদি আরব (৫৪)।
অন্যদিকে, ভারতের কাছে এই নতুন র্যাঙ্কিং খুবই গুরুত্বপূর্ণ। এই র্যাঙ্কিং-এর জন্য ভারতীয় ফুটবল দল ফিফা ফুটবল বিশ্বকাপ কোয়ালিফায়ারে আনুষ্ঠানিকভাবে পট ২-এ জায়গা করে নিয়েছে। ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে পট ২-এ থাকায় ভারতের এই টুর্নামেন্টে প্রচুর সুবিধা হতে পারে।
এএফসির বাছাইপর্ব অনুষ্ঠিত হবে ২৭ জুলাই। সেখানে এদিনের এই নতুন র্যাঙ্কিং বিবেচনা করা হবে। দলগুলিকে তাদের র্যাঙ্কিং অনুযায়ী ৪ টি পটে আলাদা করা হবে। ভারত নতুন অবস্থানের জন্য এই বছর নভেম্বর থেকে শুরু হওয়া বিশ্বকাপের বাছাইপর্বে দ্বিতীয় রাউন্ড থেকে যাত্রা শুরু করবে। এর ফলে পট ২-এ থাকা দলগুলিকে উজবেকিস্তান, চিন, বাহরিন, সিরিয়া, ভিয়েতনাম, ফিলিস্তিন, কিরগিজস্তানের মতো দলের সঙ্গে খেলতে হবে না। যার ফলে, ভারতের কাছে এই বাছাইপর্বে পরবর্তী রাউন্ডে এগিয়ে যাওয়া কিছুটা সহজ হবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
