Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:  শেষ পাঁচ মিনিটের থ্রিলারে আইএসএল ২০২৩-২৪-র দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচের ফল পুরো উল্টে গেল। এটাই ফুটবল। একদিন আগেই মোহনবাগানের কাছে লিগের শেষ ম্যাচে হেরে লিগ-শিল্ড হাতছাড়া করেছে মুম্বই সিটি এফসি। লিগের দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে এফসি গোয়ার মুখোমুখি হয়েছিল মু্ম্বই। একদিন আগেই ওড়িশার ঘরের মাঠে প্রথম সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও হারতে হয়েছে মোহনবাগানকে। এদিন ৯০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকা এফসি গোয়া ম্যাচ শেষ করল ২-৩ গোলে হেরে।

৯০ মিনিট পর্যন্ত ম্যাচ দেখে যারা ফল নিশ্চিত ভেবে টেলিভিশনের সুইচ অফ করে দিয়েছেন তাঁদের জন্য এটা ধাক্কার। এদিন গোয়ার স্টেডিয়ামে অদ্ভুত আবেগের মুহূর্ত তৈরি হল। ম্যাচ শেষে দুই পক্ষের সমর্থকদের চোখেই ছিল জল। দু‘পক্ষের চমক তখনও কাটেনি। ম্যাচ শেষের বাঁশি বাজিয়ে দিয়েছেন রেফারি। যারা ৯০ মিনিট পর্যন্ত উচ্ছ্বাসে গ্যালারি কাঁপিয়েছেন তাঁরা তখন থমকে গিয়েছে। এফসি গোয়ার গ্যালারিতে তখন পিন পড়লেও শব্দ শোনা যাবে। ছল ছল চোখে একটি ছোট্ট মেয়ে কান্নাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।

অন্যদিকে তখন নিশ্চিত হেরে যাওয়া ম্যাচটা কোন জাদু বলে পকেটে পুড়ে ফেলেছে আর এক পক্ষ। চমক তাদেরও কাটছে না। আনন্দে, উচ্ছ্বাসে মুম্বই গ্যালারিতেও তখন আবেগের বিস্ফোরণ। এটাই ভারতের ফুটবল আগে। যা শুধুই ইস্টবেঙ্গল, মোহনবাগানে আটকে নেই, ছড়িয়ে পড়েছে দেশের সব কোণায়। এদিন খেলাটা শেষবেলায় মুম্বইয়ের দিকে ঘুরিয়ে দিল রানে-ছাংতে জুটি। যে জুটিতেই এল জোড়া গোল।

বুধবার ম্যাচের ১৫ মিনিটেই গোল করে এফসি গোয়াকে এগিয়ে দিয়েছিলেন বরিস সিং। মহম্মদ ইয়াসিরের পাস থেকে বরিসের ডান পায়ের শট চলে যায় গোলে। এগিয়ে গিয়ে অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়ে নেয় দল। ৫৫ মিনিটে দ্বিতীয় গোল গোয়ার। বক্সের কোণা থেকে ব্রেন্ডন ফার্নান্ডেজের ডান পায়ের শট ডান দিকের কোণা দিয়ে ঢুকে যায় গোলে। ২-০ গোলে এগিয়ে গিয়ে এবার ঘর বাঁচানোর খেলায় নেমে পড়ে গোয়া।

ম্যাচ প্রায় বাঁচিয়েই ফেলেছিল এফসি গোয়া। কিন্তু কে জানত এই মাঠে খেলা পুরো ঘুরে যেতে চলেছে মুহূর্তে। জয়ের উৎসবের জন্যও প্রস্তুত ছিল গ্যালারি। কিন্তু ৯০ মিনিটের ঘড়ি যখন ৯১-এর কাটা ছুঁই ছুঁই তখনই গোল করে প্রতিপক্ষকে ধাক্কা দিলেন লালিয়ানজুয়ালা ছাংতে। জয়েশ রানের থেকে পাওয়া একটি থ্রু বলকে ছ‘গজ বক্সের মধ্যে থেকে গোলে পাঠান তিনি। ঠিক তার পরই পাঁচ মিনিটের অতিরিক্ত সময় দেখিয়ে দিয়েছেন রেফারি। তখনও কেউ ভাবেনি এই ম্যাচ জিততে পারে মুম্বই। তখন অবশ্যই লক্ষ্য ছিল ড্র করে ম্যাচ শেষ করা। যার জন্য আক্রমণে চাপ বাড়াতে থাকে দল। যার ফল প্রথম গোলের এক মিনিটের কাটা ঘুরতে না ঘুরতেই ২-২ করে ফেলেন বিক্রম প্রতাপ সিং।

৯২ মিনিটে বক্সের সেন্টার থেকে বিক্রমের শট বাঁদিকের কোণা ঘেঁষে চলে যায় গোয়া গোলে। তখন হয়তো একটাই লক্ষ্য ছিল, পর পর আক্রমণ করে প্রতিপক্ষের রক্ষণকে নাস্তানাবুদ করে দেওয়া। আর তারই ফল মিলল হাতেনাতে। ম্যাচ শেষের বাঁশি বাজার ঠিক আগেই ঘটে গেল সেই অসাধারণ ঘটনা। ৮৯ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা দলটা জয়ের গোল করে ফেলল। প্রথম গোলের পর আবারও সেই জয়েশ রানে ও লালিয়ানজুয়ালা ছাংতে জুটি। আবারও বল নিয়ে বক্সের কাছে পৌঁছে গিয়েছিলেন রানে। তাঁকে আটকাতে পুরো গোয়া রক্ষণের নজর ছিল তাঁর দিকেই। সেই সুযোগেই বক্সের মধ্যে উঠে আসা ছাংতেকে লক্ষ্য করে বল ঠেলে দেন রানে। চলতি বলেই গোলের শট নেন ছাংতে। সঙ্গে সঙ্গেই ম্যাচ শেষের বাঁশি বেজে যায়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *