Cart Total Items (0)

Cart

All Sports

‌অলস্পোর্ট ডেস্ক:‌ দৃষ্টান্ত স্থাপন করল কল্যানী। অনেক ঝড়ঝাপটা সামলে কলকাতা ফুটবল লিগের মডেল ডার্বি ম্যাচ সম্পন্ন করে ফেলল কল্যানী স্টেডিয়াম কর্তৃপক্ষ। এর আগে একবার কল্যানী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে কলকাতা লিগের ম্যাচ আয়োজনের ব্যবস্থা করলেও, সেবার মোহনবাগান খেলতে না আসায়, ডার্বিতে মাঠে বল গড়ায়নি। ইস্টবেঙ্গল ওয়াকওভার পেয়ে লিগ জিতলেও ডার্বির মেজাজটাই মাঠে মারা গিয়েছিল। এবার সেই আক্ষেপটা পুরোপুরি মিটে গেল শনিবাসরীয় ডার্বিতে বল গড়ানোয়। মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল ফুটবলের সেরা মহারণে কল্যানী স্টেডিয়ামের সবুজ ঘাসে আগুন ঝরানোয়।

উৎসবের মেজাজ ও পরিবেশে ডার্বি এক নতুন মাত্রা পেল কল্যানীর মাঠে। শুক্রবারই দু’‌দলের সমর্থকের জন্য বর্ণময় ফ্যানপার্কের উদ্বোধন হয়েছিল আইএফএ সচিব অনির্বাণ দত্ত, কল্যানী স্টেডিয়ামের দক্ষ ক্রীড়াপ্রশাসক ডাঃ নীলিমেষ রায়চৌধুরি, ও উত্তর ২৪ পরগণা জেলা ক্রীড়া সংস্থার সচিব নবাব ভট্টাচার্যের হাত দিয়ে। প্রাক্তন ফুটবলারদের কাটআউট, খাবার স্টল, নানারকম বিনোদনের ব্যবস্থা মন কেড়েছে সমর্থকদের।

মাঠের ভেতরের পরিবেশটাও দুর্দান্ত। প্রেস বক্সের ডানদিকে লাল হলুদ গ্যালিরতে উপচে পড়া ভিড়। বক্সের সামনে ও বাঁদিকের গ্রিন গ্যালারিতে সবুজ মেরুন সমর্থকদের উচ্ছ্বাস দেখার মতো। ত্রিস্তরীয় নিরাপত্তার চেকিং তাঁদের উৎসাহে ভাটা দিতে পারেনি। ড্রাম বাজিয়ে তাঁরা ডার্বির মেজাজে বাড়তি মাত্রা যোগ করলেন। দু’‌গ্যালারিতেই বল জাগলিংয়ের মাধ্যমে মনোরঞ্জন করে গেলেন মহিলা জাগলার বিপাশা ম্যাচ শুরুর আগে। লেজারের মাধ্যমে কলকাতা লিগের ম্যাসকট গোপাল ভাঁড়ের এক হাতে রসগোল্লার হাঁড়ি আর অন্য হাতে ইলিশ মাছ নিয়ে বল পায়ে স্কিল প্রদর্শনে হাসির রোল।

সব মিলিয়ে কল্যানীর মডেল ডার্বি জমজমাট। এত আয়োজন দেখে বরুণদেবতার কৃপা জুটল কল্যানীর সংগঠকদের। কলকাতা ও বিধাননগর যখন প্রবল বর্ষণে ভাসছে, তখন কল্যানীর আকাশ ঝলমলে। নির্বিঘ্নেই বল গড়াল মাঠে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *