অলস্পোর্ট ডেস্ক: কলকাতায় এসেছেন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আইএসএল ২০২৩-এর ম্যাচ খেলতে। কিন্তু বিরক্তি যাচ্ছে না কেরালা কোচ ইভান ভুকোমানোভিচের। মরসুমের শুরু থেকে দল গুছিয়ে নেওয়ার আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল প্রতিযোগিতা। যার ফলে নানান সমস্যায় পড়তে হয়েছে দলগুলোকে। কখনও পুরো দল কেউ হাতে পায়নি বলেই অভিযোগ কেরালা কোচের। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচে নামার আগে যেন সেই সব রাগের কথাই বেরিয়ে এল ইভানের মুখ থেকে।
বলছিলেন, ‘‘ডুরান্ড কাপ একটা টুর্নামেন্ট যেখানে আমাদের খেলতেই হবে। তার পর জাতীয় দলের হয়ে খেলা। এর পর আইএসএল। প্রিসিজন ছাড়াই ডুরান্ড কাপ খেলতে হয়েছে। তাতে চোট-আঘাতের পরিমাণ স্বাভাবিকভাবেই বেড়েছে। যার ফলে কখনওই পুরো দল হাতে পাইনি।’’ এবারও চোট, কার্ড মিলিয়ে বিভিন্ন কারণে প্রথম দলের পাঁচ জন ফুটবলারকে পাচ্ছেন না তিনি। বার বারই এমনটাই হয়েছে তাঁর দলের সঙ্গে। যেটা কোনওভাবেই মেনে নিতে পারছেন না। বলছিলেন, ‘‘ডুরান্ড কাপ একটা ইউসলেস টুর্নামেন্ট।’’
শুধু ডুরান্ড কাপ নয়, তিনি এক হাত নিয়েছেন ফেডারেশনকেও। আসলে ডুরান্ড কাপের মতো টুর্নামেন্ট চাপিয়ে দেওয়া হয়েছিল দলগুলোর উপর। সব বড় দল থাকায় কেউ আর রিজার্ভ বেঞ্চ নামাতে পারেনি। যে কারণে প্রথম এগারোর প্লেয়ার থেকা তারকা প্লেয়ার সবাইকে একসঙ্গে পাওয়া যায়নি। এদিকে, এবারের আইএসএল-এ বার বার প্রশ্ন উঠছে রেফারিং নিয়েও। প্রসঙ্গ উঠে আসছে ‘ভার’ পদ্ধতি নিয়ে। তার পক্ষেই দাবি জানাচ্ছে কেরালা কোচও। তার মতে, রেফারিরাও মানুষ। তাঁরা তাঁদের সর্বোস্ব দিয়ে চেষ্টা করে। ভুল হয়েই যায়। ফেডারেশনের এই সব দিকে নজর নেই বলেও দাবি তাঁর। সব মিলে এদিন রীতিমতো আক্রমণাত্মক মুডে ছিলেন তিনি।
তার দলে রয়েছেন দু’জন বাঙালি ফুটবলার যাঁরা দীর্ঘদিন খেলেছেন কলকাতার ক্লাবে। তাঁরা হলেন প্রীতম কোটাল ও প্রবীর দাস। এই মরসুমেই দুই দল থেকে দু’জনকে তুলে নিয়েছে কেরালা। যদিও ইস্টবেঙ্গল ম্যাচে কার্ডার জন্য পাওয়া যাবে না প্রবীরকে। তবে থাকছেন প্রীতম। এক সময় মোহনবাগান রক্ষণের অনন্ত প্রহরী। জানেন, চেনেন কলকাতার আবেগকে। তাই কলকাতার মাটিতে কলকাতার দলের বিরুদ্ধে নামার আগে, দুই বাঙালি ফুটবলারের টিপস যে দলের কাজে লাগবে সেটা মেনে নিচ্ছেন কোচ। ত
তবে কোনওভাবেই ইস্টবেঙ্গলকে হালকাভাবে নিচ্ছেন না তিনি। যদিও খুব ভাল জায়গায় নেই তারা। বরং প্রায় সব ম্যাচেই ভাল শুরু করে পরে মুখ থুবড়ে পড়তে হচ্ছে। এই অবস্থায় দুই দলই চাইবে জিতে মাঠ ছাড়তে। সেই লক্ষ্যেই শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে নামবে ইস্টবেঙ্গল ও কেরালা ব্লাস্টার্স।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
