অলস্পোর্ট ডেস্ক: চলতি ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল ২০২৩-২৪) মরসুম ফুটবল ভক্তদের জন্য এখনও পর্যন্ত টানটান উত্তেজনার মধ্যেই কেটেছে। ১১২টি ম্যাচে মোট ২৯৪টি গোল হয়েছে। সেরার সেরাদের মাঠে লড়াই করতে দেখা গিয়েছে। এই আইএসএল-এ, ৫৮ জন ভিন্ন ভারতীয় খেলোয়াড় ৯৮টি গোল করেছেন, যা দেশীয় প্রতিভা থেকে একটি উল্লেখযোগ্য অবদানের প্রতিফলন, যা মোট গোলের প্রায় ৩৩%।
মোহনবাগান সুপার জায়ান্ট আট জন ভারতীয় গোল স্কোরার-সহ এই তালিকার শীর্ষে রয়েছে। যেখানে মুম্বই সিটি এফসি (৬), ওড়িশা এফসি (৫) এবং এফসি গোয়া (৫)-এর পরে রয়েছে।
ভারতীয় শীর্ষ লিগের প্রতিযোগিতামূলক ল্যান্ডস্কেপে কয়েকজনের দ্বারা করা গোলগুলি তাদের দক্ষতা এবং সংকল্পের প্রমাণ হিসাবে সামনে উঠে এসেছে। আইএসএল ২০২৩-২৪ মরসুমে এখনও পর্যন্ত পাঁচ শীর্ষস্থানীয় ভারতীয় গোল স্কোরারকে চিনে যাক।
বিক্রম প্রতাপ সিং – মুম্বাই সিটি এফসি (৭ গোল)
বিক্রম প্রতাপ মরসুমের দ্বিতীয়ার্ধে আইল্যান্ডারদের হয়ে সাফল্য অর্জন করেছেন, ১২টি ম্যাচে তিনি একাদশে ছিলেন এবং বেঞ্চে ছিলেন বাইরে ছ’টি ম্যাচে। তার সবচেয়ে স্মরণীয় মুহূর্তটি ছিল নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে তাদের সাম্প্রতিক ম্যাচে, যেখানে এই উইঙ্গার তাঁর প্রথম আইএসএল হ্যাটট্রিকটি করেছিলেন। এছাড়া তিনি ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তাদের ২-০ জয়ের ম্যাচে জোড়া গোল করেন। মোট সাতটি গোল করে, ২২ বছর বয়সী এই ফুটবলার মুম্বইয়ের সর্বোচ্চ ভারতীয় গোলদাতা এবং আইএসএল গোল-স্কোরিং চার্টে পঞ্চম স্থানে রয়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্যভাবে, তিনি বর্তমানে লিগে সর্বোচ্চ ঘরোয়া গোলদাতার শিরোপা ধরে রেখেছেন।
নন্দকুমার সেকার – ইস্টবেঙ্গল এফসি (৫ গোল)
নন্দকুমার সেকার, ২৮ বছর বয়সী উইঙ্গার, কার্লেস কুয়াদ্রাতের কোচিংয়ে ব্যতিক্রমী পারফরম্যান্স প্রদর্শন করছেন। তিনি এই মরসুমে রেড এবং গোল্ড ব্রিগেডের হয়ে প্রতিটি ম্যাচেই নিজেকে প্রমাণ করেছেন, এখনও পর্যন্ত পাঁচটি গোল করেছেন তিনি। বর্তমানে, তিনি সর্বোচ্চ ঘরোয়া গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এবং ক্লেটন সিলভাকে পেছনে ফেলে ইস্টবেঙ্গল এফসি-এর হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনিই। ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিপক্ষে তাঁর অসাধারণ পারফরম্যান্স মনে রাখার মতো, যেখানে তিনি হাফটাইমে পরিবর্ত হিসেবে নেমে, দু’টি গোল করেন এবং একটি অ্যাসিস্ট প্রদান করেন।
পার্থিব গগৈ – নর্থইস্ট ইউনাইটেড এফসি (৪ গোল)
পার্থিব গগৈ হাইল্যান্ডারদের সঙ্গে মরসুমে দুর্দান্ত শুরু করেছেন। ২১ বছর বয়সী এই ফুটবলার শুরুতে মুম্বই সিটি এফসি, চেন্নাইয়িন এফসি এবং পঞ্জাব এফসির বিরুদ্ধে টানা তিনটি ম্যাচে গোল করেছেন। অসমিয়া উইঙ্গার ১৫টি ম্যাচে, মোট ৯৪৮ মিনিট খেলে চারটি গোল করেছেন। তিনি ১৮ গজ বক্সের বাইরে থেকে গোল করার দক্ষতা দেখিয়েছেন।
সুনীল ছেত্রী – বেঙ্গালুরু এফসি (৪ গোল)
বেঙ্গালুরু এফসির অধিনায়ক সুনীল ছেত্রী বর্তমানে ভারতীয় গোলদাতার তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। এই মরসুমে ১৭টি খেলায় চারটি গোলের সঙ্গে তিনি মোট ১৪০১ মিনিট খেলেছেন। ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড বহু বছর ধরে নিজের সেরাটা দেওয়ার পাশাপাশি প্রশংসনীয় পারফরম্যান্স করে আসছেন, আইএসএলে প্রতি খেলায় গড়ে ০.২৪ গোল করেছেন। এই মরসুমে তার অসাধারণ পারফরম্যান্সটি ইস্টবেঙ্গল এফসি-র বিরুদ্ধে রয়েছে, যেখানে তিনি এক গোলের ব্যবধানে ব্লুজদের জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
লালিয়ানজুয়ালা ছাংতে – মুম্বই সিটি এফসি (৪ গোল)
লালিয়ানজুয়ালা ছাংতে চার গোল করে পঞ্চম স্থানে রয়েছেন। তিনি চলতি লিগ মরসুমে ভারতীয় সর্বোচ্চ গোলদাতার মধ্যে দ্বিতীয় মুম্বই সিটি এফসি খেলোয়াড় হিসেবে জায়গা করে নিয়েছেন। ২৬ বছর বয়সী ভারতীয় আন্তর্জাতিক উইঙ্গার এই মরসুমে মুম্বই সিটি এফসি-এর জন্য ধারাবাহিকভাবেই শুরু করেছেন। এখনও পর্যন্ত খেলা ১৯টি ম্যাচে ১৩০৭ মিনিট দলের হয়ে রয়েছেন। মিজোরামের বাসিন্দা, ছাংতে অ্যাটাকিং থার্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর অসাধারণ পারফরম্যান্স পঞ্জাব এফসি এবং জামশেদপুর এফসি-এর বিরুদ্ধে দেখা গিয়েছিল, যেখানে তিনি গোল পেয়েছিলেন। গত মরসুমে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা ছিলেন ছাংতে।
(তথ্য আইএসএল ওয়েব সাইট থেকে)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
